আমাজনের তিরন্দাজদের নতুন টার্গেট

খালে-বিলে পানিতে ঢিল ছোড়ার বয়স থেকেই ওরা হাতে তুলে নেয় তির-ধনুক। টলটলে স্বচ্ছ পানিতে তির ছুড়ে মাছ শিকার দিয়েই যেন শৈশবের খেলা শুরু হয় আমাজনের ভূমিপুত্রদের। কৈশোরে পা রাখার আগেই আমাজনের আদিবাসী গোত্রগুলোর ছেলে-মেয়েরা একেকজন হয়ে ওঠে দক্ষ তিরন্দাজ। গহিন অরণ্যঘেরা আমাজনের দুর্গম অঞ্চলে টিকে থাকতে শিকারির এই দক্ষতা ওদের রক্তে মেশা। কিন্তু তির ছোড়ার প্রতিযোগিতায় কী অলিম্পিকের পুরস্কার জিতে নিতে পারবে ওই দুরন্ত কিশোর-কিশোরীরা! এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে দ্য আটলান্টিক।

২০১৬ সালের অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলের শীর্ষ ক্রীড়াবিদেরা কিন্তু এ বিষয়ে খুবই আশাবাদী। তাঁরা ভাবছেন, অলিম্পিক আর্চারির জন্য আমাজনের চিরহরিৎ বনে জন্মানো আর শৈশব থেকেই তির-ধনুক নিয়ে খেলা শুরুর চেয়ে জন্য ভালো প্রস্তুতি আর কীই-বা হতে পারে। অলিম্পিকের সোনার মেডেল জিতে নেওয়ার দৌড়ে এভাবেই নিজেদের আদিবাসী জনগোষ্ঠীর নানা ঐতিহ্য আর দক্ষতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

অলিম্পিকে অংশ নিতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সবাইকেই প্রতিযোগিতায় নামতে হয় নির্দিষ্ট ক্রীড়া উপকরণ ও আধুনিক সরঞ্জামাদি নিয়েই। এসব সরঞ্জামে অভ্যস্ত হতে হলে চাই প্রশিক্ষণ। অলাভজনক প্রতিষ্ঠান আমাজনাস সাসটেইনেবল ফাউন্ডেশন ব্রাজিলের আমাজনের আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্য থেকে ১৪ থেকে ১৯ বছর বয়সী সহজাত দক্ষতার তিরন্দাজ ছেলে-মেয়েদের খুঁজে বের করছে। উদ্দেশ্য অলিম্পিকের জন্য প্রশিক্ষণ।

আমাজনাস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিরিজিলিও ভিয়ানা ব্রিটেনের দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন,‘ওরা ১০০ মিটার উঁচুতে আকাশে উড়ে যাওয়া একটা ম্যাকাওকে কিংবা জলের নিচে সাঁতরে যাওয়া একটা মাছকেও তিরবিদ্ধ করতে পারে। কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে ঐতিহ্যগত দক্ষতার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে ওদেরকে অলিম্পিক আসরের জন্য প্রস্তুত করে তোলা।’

ব্রাজিলের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ৮০ জন কিশোর-কিশোরীকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন ইতিমধ্যেই দেশটির অলিম্পিক দলে নিজেদের নাম লিখিয়েছে। কিশোর-কিশোরী তিরন্দাজদের অলিম্পিক শিবিরে প্রশিক্ষণের বিষয়টি দেশটির আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই নতুন উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে ব্রাজিলের সামাজিক স্রোত থেকে বিচ্ছিন্ন থাকলেও এমন উদ্যোগগুলোই হয়তো দেশটির আদিবাসীদের সঙ্গে আধুনিক জনগোষ্ঠীর সেতুবন্ধ হয়ে উঠতে পারে। ১৬ বছর বয়সী এক তিরন্দাজ, যার প্রথম খেলনা ছিল তীর-ধনুক, তার বাবা দ্য ইন্ডিপেনডেন্টকে এমনটাই বলছিলেন।

২০১৬ সালের অলিম্পিক গেমসকে সামনে রেখে ব্রাজিলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নবীন তিরন্দাজদের প্রশিক্ষণ শিবিরের একজন কেমবাবা ইন্ডিয়ান গোত্রের ড্রিম ব্রাগা। ১৮ বছর বয়সী ব্রাগা আমাজনের ট্রেস ইউনিডোস গ্রামে জন্মেছেন, বেড়েও উঠেছেন সেখানকার নদী-জঙ্গলেই। তিন মাসের প্রশিক্ষণ শেষে ড্রিম ব্রাগা এখন আগামী অলিম্পিকের জন্য গঠিত ব্রাজিলের জাতীয় দলের তিরন্দাজ। লক্ষ্যে পৌঁছাতে পারলে ড্রিম ব্রাগা বা তাঁর প্রজন্মের ছেলে-মেয়েরাই হয়তো হয়ে উঠতে পারে আগামী দিনের ব্রাজিলীয় তারুণ্যের আদিবাসী প্রতীক।
