আমাদের আজম আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বিজ্ঞানী ড. আজম আলী পেয়েছেন নিউজিল্যান্ডের বিজ্ঞান ও স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার বেয়ার ইনোভেটর পুরস্কার-২০১০। উলের প্রোটিন থেকে তিনি এমন এক চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছেন, যার মাধ্যমে অগ্নিদগ্ধ ও রাসায়নিক কারণে ক্ষতিগ্রস্ত রোগীর ত্বক ও মাংশপেশীর আরোগ্য সম্ভব।বিজ্ঞানে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ নিউজিল্যান্ডে বেয়ার ইনোভেটর পুরস্কার দেওয়া হয়। চার বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞানে এটি সে দেশের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। এবার বিজ্ঞান ও স্বাস্থ্য বিভাগে সেই পুরস্কারটি পেয়েছেন বাংলাদেশের আজম আলী। কেন? কী আবিষ্কার করেছেন তিনি? আবিষ্কারটা তাঁর অনেক বড় মানের। অগ্নিদগ্ধ রোগীদের আরোগ্যের জন্য তিনি এমন ওষুধ তৈরি করেছেন, যার জন্য দরকার কেবল উল!আজম আলী টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘এই যে ঢাকার নিমতলীতে আগুনে পুড়ে মানুষ মারা গেল। এ রকম আগুনে মানুষের শরীরের ত্বক ও মাংস উভয়ই ঝলসে যায়। বাজারে যে ওষুধগুলো পাওয়া যায়, সেগুলো শুধু ক্ষত স্থানের ত্বকই তৈরি করে। আর আমি কাজ করেছি উল নিয়ে। উলে কেরাটিন নামের প্রোটিন থাকে। এই প্রোটিনটা মানুষের নখ ও চুলেও পাওয়া যায়। আমি নিউজিল্যান্ডে পাঁচ বছর ধরে এটা নিয়ে কাজ করেছি। এই কেরাটিনকে রি-ইঞ্জিনিয়ারিং করে আমি কেরাজেল, কেরাডাম ও কেরাফোম তৈরি করেছি। ক্ষত স্থানে এগুলো ব্যবহার কররে শুধু ত্বকই নয়, মাংসপেশির টিস্যুও তৈরি করবে। তা ছাড়া তুলনামূলক ৪০ গুণ দ্রুত কাজ করবে এটা। এ রকম আবিষ্কারের দরুন এখন আমার ১৬টি আন্তর্জাতিক পেটেন্ট রয়েছে, যার মধ্যে সাতটি এসেছে উল্লেখিত উদ্ভাবনের জন্য।’ দিনাজপুরের বোচাগঞ্জে (বর্তমান নাম সেতাবগঞ্জ) ১৯৬৭ সালের এপ্রিলে আজম আলীর জন্ম। স্কুল-কলেজের পাঠ-পড়াশোনা সেখানেই। স্কুলের দিনগুলোতে বিজ্ঞান পড়ার সময় এক ধরনের কৌতূহল জন্ম নেয় তাঁর মনে। আজম আলী বলেন, ‘স্কুল থেকেই বিজ্ঞান আমার পছন্দের বিষয়। তখন থেকেই প্রেমে পড়ে যাই বিজ্ঞানের।’ বিজ্ঞানের তো নানা দিক। কোন বিষয়টা বেশি নাড়া দিত আজম আলীকে? তাঁর স্বপ্ন ছিল, প্রকৃতির লতা-পাতা বা এ রকম কোনো জৈব উপাদান থেকে একটা কিছু আবিষ্কার করা। সেই স্বপ্ন পূরণে তিনি নিরলস পরিশ্রম করেছেন। বিজ্ঞানটা ভালোভাবে আয়ত্তে নিয়েছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন আজম আলী। না, সেখানেই থেমে থাকা নয়। চাই আরও বেশি বিজ্ঞানচর্চা। লক্ষ্য একটাই, কল্যাণমুখী আবিষ্কার। স্বপ্ন পূরণের পথে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনায় দুই বছর কাটিয়েছেন সহকারী অধ্যাপক হিসেবে। শেষ পর্যন্ত এখন স্থায়ী হয়েছেন নিউজিল্যান্ডে।আজম আলী বললেন, ‘আসলে উলের প্রোটিনকে গবেষণায় ব্যবহারের সুযোগটা নিউজিল্যান্ডেই পেয়েছি। এখানকার বিজ্ঞানীরা চেয়েছিলেন, আমি যেন উলের প্রোটিনকে স্বাস্থ্যসেবায় ব্যবহারের পথ আবিষ্কার করতে পারি।’ তিনি সেটা পেরেছেন। কারণ, তাঁর কৌতূহল ছিল, ছিল স্বপ্ন। আত্মবিশ্বাস ছিল, ছিল কাজের প্রতি সম্মান।ই-মেইলে আজম আলী স্বপ্ন নিয়েকে জানান, ‘দেশের মেধাবী ও দক্ষ তরুণদের খুঁজে বের করতে হবে। তাদের গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে। কারণ, ভবিষ্যতে তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আমি সব সময় বিশ্বাস করি, বাংলাদেশি তরুণেরা মেধাবী। সেই সব তরুণের বলি, শিক্ষায় বেশি বেশি গুরুত্ব দাও। সবার আগে নিজের অবস্থানটা মজবুত করো। ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত রেখো। তোমার সামনে অনেক সুযোগ আসবে। দেশে ফিরে আসার ইচ্ছে আমার আছে। তবে নিজেকে আরও সমৃদ্ধ করা দরকার।’নিজেকে সমৃদ্ধ করা বলতে কী বোঝাতে চাইলেন আজম আলী? অর্থ-বিত্ত, সম্মান-পুরস্কার? না। সেই সমৃদ্ধি জ্ঞানের সমৃদ্ধি, যা দিয়ে একদিন দেশটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন আজম আলী। ‘হ্যাঁ, স্বপ্ন দেখি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু একটা করার।’