আম্মা মারা গেলেন ১২ জুন, সকাল সাতটায়। আম্মা বেঁচেছিলেন ৬৮ বছর। তিনি ছিলেন সহজ-সরল একজন মানুষ। আম্মা মারা যাওয়ার পর থেকে কত যে তুচ্ছ ঘটনা মনে পড়ছে, আর বারবার চোখের কোণে পানি জমছে। ‘আম্মা’ বলে চিৎকার করতে ইচ্ছা করছে। আম্মা চলে গেলেন বলে ১২ বছরের শিশুর মতো অভিমান হচ্ছে। মে মাসের ২০ তারিখে হাসপাতালে ভর্তি করার পর থেকেই বুঝতে পারলাম, আম্মার মানুষকে টানার কী অদ্ভুত ক্ষমতা! দেখলাম, সমাজের সব ধরনের মানুষকে তিনি কত গভীরভাবে স্পর্শ করেছিলেন! কবেকার কোন লোক আমাদের বাসায় কাজ করত, সে আম্মার খবর শুনে ফরিদপুর থেকে ঢাকায় হাজির, একবার আম্মাকে দেখতে চায়। মসজিদে ঢোকার সময় ফটকের ভিক্ষুকেরা জানাল আমাদের বাসায় খেজুরগাছ যে কাটত তার স্ত্রীর চিকিৎসার জন্য আম্মা কীভাবে তাকে সাহায্য করেছেন, তার কাহিনি। আমার মেয়েকে যিনি কোরআন শরিফ শেখান, তিনি বলছিলেন আম্মা তাকে কোন এক দাওয়াতে নিয়ে কত সম্মান দেখিয়েছেন। আমার ফুপা বললেন তিনি আলসারের রুগী হওয়ায় আমার আম্মা কীভাবে ওনার জন্য প্রতিটি পদ আলাদাভাবে রান্না করতেন। আমি যখন ক্লাস থ্রিতে পড়তাম, তখন স্কুলে এক স্যারের কাছে কারণে-অকারণে মার খেতাম। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যে এই স্যারের ভয়ে আমি স্কুলেই যেতে চাইতাম না। আম্মা জিজ্ঞাসা করতেন, ‘বাবু, স্কুলে যেতে চাও না কেন?’ লজ্জায় আর ভয়ে আম্মাকে উত্তর দিতাম না। কিন্তু মা তো মা, ঠিকই বুঝেছিলেন। জানি না কীভাবে, কিন্তু স্কুলে আমার এই সমস্যার সমাধান করেছিলেন। এ রকম অসংখ্য ঘটনা লেখা যাবে, একের পর এক। আমার আম্মার মতো এই সাধারণ আম্মারা তাঁদের সারা জীবনের ছোট ছোট চেষ্টা দিয়ে আমাদের কাছে একেকজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তখন কি আর আমার আম্মা সাধারণ থাকেন? অসাধারণ এই মানুষটাকে নিয়ে লিখব না কেন? উনি তো কারও মা ছিলেন, আবার কারও বড় বোন, কারও দাদি, কারও ভাবি, কারও স্ত্রী। প্রতিটি সম্পর্কেই তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। মনে পড়ে, বাসায় দাওয়াতের সময় আম্মা কী রকম ছোটাছুটি করতেন! কার পানি লাগবে, কার প্লেট খালি কিংবা কার কাশ্মীরি আচার দরকার। এই মানুষটাকে যদি সাধারণ বলি, তাহলে মস্ত বড় ভুল হবে। আসলে তাঁদের অসাধারণত্ব হচ্ছে, এত কিছু করার পরও সাধারণ থাকার অসীম ক্ষমতা। পত্রিকায় আমার কোনো লেখা ছাপা হলেই আম্মা সেটা সুন্দর করে কেটে একটা ফাইলে রেখে দিতেন। এই মানুষটার অভাব বোধ করব আগামী দিনগুলোর প্রতিটি ঘটনায়।জাকিউল ইসলাম[email protected]