
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত বিষয়। সার্বিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর সঙ্গে
প্রশ্ন: মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আপনাকে পুরো কর্তৃত্ব দিয়েছেন। সত্যিই কি তা-ই?
রুহানি: ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছানো আমার সরকারের দায়িত্ব। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ নেতারও নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। আপনারা জানেন, আমি পারমাণবিক কর্মসূচি বিষয়ে আলোচনায় কয়েক বছর আমার দেশের নেতৃত্ব দিয়েছি। আমি একটি কাঠামো দাঁড় করিয়েছি। সেই কাঠামোর মধ্যে পারমাণবিক কর্মসূচি বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য পুরো কর্তৃত্ব রয়েছে আমার সরকারের।
প্রশ্ন: পরমাণু কর্মসূচি ছাড়াও অন্যান্য ইস্যু যেমন সিরিয়া বিষয়েও কি চূড়ান্ত কিছু করার জন্য আপনি সর্বোচ্চ নেতার কাছ থেকে পুরো কর্তৃত্ব পেয়েছেন? রুহানি: সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করে ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করার পুরো কর্তৃত্ব আমার সরকারের রয়েছে।
প্রশ্ন: সম্ভবত যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। তাহলে কি দুই দেশে পরস্পরের দূতাবাস স্থাপন করা হতে পারে?
রুহানি: ইরানের জনগণ ও আমার সরকারের কথা হলো, মার্কিন সরকার আমাদের অঞ্চলের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, তা পুরোপুরি ভুল। আমি বলব, যদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমি একসঙ্গে হই, ভবিষ্যতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আসলে শুরু করা প্রয়োজন। আমি মনে করি, সেই শুরু করতে হবে পারমাণবিক কর্মসূচি ইস্যু দিয়েই।
প্রশ্ন: পারমাণবিক কর্মসূচি ইস্যু সমাধানে একটি সময়কাঠামো রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে, যত দ্রুত সম্ভব এটা সমাধানের পক্ষে আপনি।
রুহানি: পারমাণবিক কর্মসূচি ইস্যুতে সংকট সমাধানের জন্য যুক্তিসংগত সময়ের প্রস্তাব করতে হবে। কম সময়ে সংকটের সমাধান সব পক্ষকেই লাভবান করবে। ইরান চায়, তিন মাসের মধ্যে একটা সমাধান হোক। ছয় মাসের মধ্যে হলেও ভালো।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় ইস্যু যেমন দূতাবাস খোলার মতো বিষয়গুলো নিয়ে কী ধরনের আলোচনা হবে?
রুহানি: পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা সমাধানে পৌঁছা সম্ভব হলে তারপর অন্য ইস্যুগুলো নিয়ে কাজ করা যাবে। পারমাণবিক কর্মসূচি বিষয়ের সমাধান অন্যান্য বিষয়ে সমাধানের বিষয়ে পরস্পরের মধ্যে আস্থার ভিত্তি তৈরি করবে।
ভাষান্তর: মাহফুজার রহমান