আমাদের একটা সাহসী কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপ্তি আর তন্ময়। দুজন দুজনকে খুব ভালোবাসে। গতকাল কী একটা ঝামেলা হয় দুজনের মধ্যে। দোষটা হয়তো তন্ময়ের বেশি ছিল, কারণ আমরা তন্ময়কে প্রথম দীপ্তির কাছে কল করতে দেখি। ঘড়িতে সময় দেখা যাচ্ছে সকাল আটটা।
-হ্যালো দীপ্তি, কেমন আছ?
-খারাপ থাকার কথা ছিল কি?
-এভাবে কথা বলছ কেন?
তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। ফ্যাকাল্টিতে একটু আসো না, প্লিজ।
-পারব না। কালকে কী করছিলা, মনে নাই?
সকাল ৮টা ৩০ মিনিট
-কালকের ব্যাপারটার জন্য সরি। আসো না ফ্যাকাল্টিতে। খুব দেখতে ইচ্ছা করছে।
-কয়বার বলব এক কথা? বললাম না আসতে পারব না।
সকাল ১০টা
এবার আমরা দীপ্তিকে দেখতে পাই তন্ময়কে কল করতে।
-আমি ফ্যাকাল্টিতে আছি।
-তো আমি কী করব?
-ওকে। আমি চলে যাচ্ছি।
বেলা ১১টা
-শোনো, প্রেজেন্টেশনের কাজ ছিল। এখনো আমি ফ্যাকাল্টিতে আছি।
-তো আমি কী করব?
-ওকে। ফাইন। আমি চলে যাচ্ছি।
সন্ধ্যা সাতটা
টিএসসির সবুজ ঘাসের গালিচা। বিশেষ করে যুগলদের জন্য। এমনই এক যুগলকে আমরা দেখতে পাই। মেয়েটি পা ছড়িয়ে বসে আছে।
ছেলেটি মেয়েটির কোলে মাথা রেখে অসীম আকাশে কী যেন খুঁজছে। মেয়েটা ছেলেটার মাথার চুলে বিলি কাটছে। তাদের কথোপকথন কিছুটা শোনা যাক।
-আমাদের খুব একটা সাহসী কাজ করতে হবে।
-কী কাজ?
-ছিনতাই।
-কাকে ছিনতাই করবা?
-ওই চাঁদের বুড়িটাকে। তারপর আমরা দুজনে সেখানে থাকব। ভালো হবে না বলো?
মেয়েটি যদিও হাসি থামাতে পারে না, তবু তাকে বলতে হয়, ‘হুমম’।
তারপর অনেকক্ষণ তাদের হাসাহাসি আর খুনসুটি করতে দেখা যায়। অতঃপর দুজনকে হাত ধরাধরি করে টিএসসি থেকে বের হতে দেখা যায়। একটি হাত দীপ্তির। অন্যটি তন্ময়ের।