‘এখানে কেউ কারও মামা নয়। সৌজন্যে, ভাইয়া কমিটি!’—এমনই একটি নোটিশ চোখে পড়ল একটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাইবার ক্যাফেতে। মামা সম্বোধনটির সঙ্গে সঙ্গে ‘মামাবাড়ির আবদার’ কথাটিও এসে যায়—এটাই সম্ভবত এমনতর নোটিশের কারণ! ছাত্রজীবনে ছাত্রছাত্রীরা রিকশাওয়ালা থেকে শুরু করে বাসের ড্রাইভার, হেলপার কিংবা দোকানদারদের ‘মামা’ ডেকে যেমন ‘আবদার’ করার সুযোগ করে নিতে চায়, তেমনি অপর পক্ষও ছাত্রছাত্রীদের মামা ডেকে আপন করে নেয় অনেকখানি। হয়তো ভাইয়া কমিটির লোকেরা আপন হতে চান না; কিংবা ছাত্রছাত্রীদের আবদারের সুযোগও দিতে চান না—তাই এমনতর নোটিশের অবতারণা!মনে করার চেষ্টা করি, ঠিক কবে থেকে আমার মায়ের ‘ভ্রাতা’র সংখ্যা এমনি পৌনঃপুনিক হারে বাড়তে শুরু করেছে। স্মৃতি আমাকে এক ঝটকায় আছড়ে নিয়ে ফেলল সেই স্কুলজীবনে। ক্যানটিনে ভিড়ের মধ্যে কোনোমতে দুই টাকার নোটটা বাড়িয়ে ধরে ‘মামা, একটা শিঙাড়া। মামা...’—দৃশ্যটা হঠাৎই চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। সুতরাং যত দূর মনে পড়ে, শুরুটা সম্ভবত স্কুলজীবনেই।প্রথমে ভাবতাম, ছাত্র বয়সের সবার প্রতিই বোধহয় সাধারণের সম্বোধনটা এমন। ধারণা বদলাল লোকাল বাসে উঠে। যখন দেখলাম, কন্ডাক্টরের মুখস্থ বুলি, ‘দেহি ভাই, ভাড়াটা লন তো’, বদলে গেল ঠিক আমার সামনে এসেই, ‘মামা, ভাড়াটা দেন তো!’ লক্ষ করলাম, বাসে আমার বয়সের আরও মানুষ আছে, তবে তাদের বেশভূষায় ঠিক ছাত্র বলে মনে হয় না। আমার কোলের ওপর রাখা ব্যাগটাই সম্ভবত বদলে দিল তার সম্বোধন।কিছুদিন আগে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরেকটি ঘটনা চোখে পড়ল। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির প্রবেশপথে বেশ কড়াকড়ি। সবাইকে ‘পরিচয়পত্র’ দেখিয়ে ঢুকতে হচ্ছে। একজন ছাত্রকে দেখলাম ‘পরিচয়পত্র’ আনতে ভুলে গেছে। কর্তব্যরত জি-ফোর-এসের কর্মী হাত বাড়িয়ে বাধা দিতেই সে বলল, ‘আরে মামা, প্রতিদিনই তো দেখাই, আজকে বাদ দাও না।’ নিরাপত্তাকর্মীটি হাসিমুখেই তাকে যেতে দিলেন, যেন ছেলেটির সম্বোধনই তার পরিচয়পত্রের চেয়েও বড় পরিচায়ক হয়ে উঠেছে!এমনি আন্তরিকতার উল্টো ঘটনাও ঘটতে দেখা যায়। আমার এক বন্ধু একবার একটি মোবাইল ফোনসেট কিনে বেশ উৎফুল্ল হয়ে বলছিল, ‘আরে দোকানদার মামার সঙ্গে পুরা খাতির জমায় আসছি। দাম কমায় রাখল। আবার আসার সময় সেভেনআপ খাওয়াল!’ পরে জানা গেল, তার সুপ্রিয় মামা তার কাছে বাজার মূল্যের চেয়েও ৬০০ টাকা বেশি রেখেছেন!আমাদের প্রতি মামাদের এ আচরণ যেমন কাম্য নয়, তেমনি মামাদের প্রতি আমাদের কিছু আচরণও ঠিক মেনে নিতে পারি না। উদাহরণ টানতে আবারও বাসে ফিরে যেতে হচ্ছে। একদিন ফাল্গুন বাসে বাসায় ফেরার পথে দেখলাম অদ্ভুত অবস্থা! ড্রাইভার ব্রেক চাপলেই বাসের কোনো না কোনো কাচ ঝনঝন করে ভেঙে পড়ছে। পেছনের দিকে দেখলাম বাসের হেলপার মাথা নিচু করে বসে আছে। জামা-কাপড় ছেঁড়া, নাক দিয়ে রক্ত পড়ছে। আমি তাকিয়ে আছি দেখে শূন্য দৃষ্টি মেলে আমাকে দেখল। ভাঙা কাচ আর মার খাওয়া হেলপার দেখে দুইয়ে দুইয়ে চার মেলাতে কষ্ট হচ্ছিল না। তবু বিস্তারিত জানলাম সহযাত্রীর কাছে। কতিপয় কলেজছাত্র টিকিট ছাড়া বাসে উঠছিল, হেলপার বাধা দিতেই বেচারার এ হাল।মনে পড়ে গেল আমার এক দূরসম্পর্কের বন্ধুর কথা। একদিন খুব গর্ব করে বলছিল, ‘তিন বছর ধরে কলেজে পড়ছি। আজ পর্যন্ত কোনো বাসের ভাড়া দেই নাই! ভাড়া চাওয়ার সাহস আছে নাকি, কলিজা ছিঁড়ে ফেলব না!’ আমি অবাক হয়ে ওর দিকে তাকাই। যত দূর জানি, আমার এই বীরপুরুষ (!) বন্ধুটি রাজনীতি করে না। সাধারণ ছাত্র হিসেবে সে নিজের অনধিকার আদায়ে যতটা সচেষ্ট, অধিকার আদায়েও ততটাই কি? জানা হয়নি।দেখতে দেখতে ফুরিয়ে যাচ্ছে ছাত্রজীবন। দিনে দিনে আমিও ‘মামা’ থেকে ‘ভাই’ হয়ে যাব! আপাতদৃষ্টিতে তুচ্ছ একটা বিষয় মনে হলেও বুকের ভেতর আটকে রাখা দীর্ঘশ্বাসটা জানান দিল, ভেতরটা বড় ব্যাকুল হয়ে উঠছে...!মো. সাইফুল্লাহ [email protected]