কয়েক দিন হলো ঢাকা শহরে প্রচুর শীত পড়েছে। দুপুরের পর পরই বিকেল আর বিকেলের পর পরই সন্ধ্যা নেমে আসে। চারপাশে ঘন আঁধার। তেমনই একদিন হঠাৎ করে আমাদের বাসায় ফোন বেজে উঠল। অসময়ে ফোন বেজে উঠল বলে আমার মনে কেমন জানি কৌতূহল জাগে। রিসিভার ওঠাতেই কৌতূহল ভেঙে যায়। আব্বুর ফোন। বললেন, ‘বাবা, তুমি রেডি হয়ে নাও, আমি একটু জরুরি কাজে গাজীপুর যাব। তুমিও সঙ্গে যাবে।’ প্রথমে ভাবলাম, যাব না। কিন্তু তারপর পরীক্ষা না থাকায় আর অজুহাত দেখাতে পারলাম না। অগত্যা রাজি হতেই হলো। আমাদের রওনা দিতে দিতে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা। গাজীপুরে পৌঁছলাম রাত ১১টায়।আব্বুর কাজ শেষ হতে হতে রাত প্রায় পৌনে একটা বেজে গেল। গাড়িতে তেল না থাকায় ওই রাতে তেলপাম্পে থামতে হলো আমাদের। তেল নেওয়ার সময় আমি একটু বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ কানে এল একটা চিৎকার! ভীষণ ভয় পেলাম। মনে হাজারো প্রশ্ন। উত্তর পেলাম বাথরুমের দরজায় তাকাতেই। দেখি, একটা সাদা ও হালকা কালো রঙের কুকুরছানা। দেখেই কেমন মায়া মায়া লাগে। প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটির নাজেহাল অবস্থা। আমি দ্রুত বাচ্চাটিকে কোলে করে গাড়ির দিকে রওনা হই। আমার হাতে কুকুরের ছানা দেখে আব্বু মনে হয় খুশিই হলেন। তাঁর হাসি দেখে তা বোঝা যাচ্ছিল। আব্বু আবার পশুপাখি খুব পছন্দ করেন। আমি বাচ্চাটিকে কোলে নিয়ে ঢাকায় এলাম। আশ্চর্যের ব্যাপারটি হলো, বাচ্চাটি গাড়িতে আমাদের একটুও বিরক্ত করেনি, আমার কোলেই শুয়ে ছিল।ঝামেলা হলো আমার আম্মুকে নিয়ে। আমাদের বাসায় কুকুর থাকবে, আম্মু তা ভাবতেই পারেন না। একদিন আম্মু আমাকে আর আব্বুকে ডেকে বললেন, ‘এ বাসায় হয় কুকুর থাকবে, নয়তো আমি। যেকোনো একটা সিদ্ধান্ত তোমরা এখনই নেবে।’ কিন্তু সেদিনই একটা আশ্চর্য ঘটনা! প্রতিদিনের মতো সেদিনও আম্মু রান্নাঘরে কাজ করছিলেন। ঠিক সে সময় একটা বিড়াল আমাদের রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভাতের হাঁড়িতে মুখ দিতে যাবে, আর ঠিক সেই সময় আমাদের কুকুরছানাটি ঝাঁপিয়ে পড়ে বিড়ালটির ওপর। বিড়াল তো পড়িমড়ি করে ছুটে পালায়। সেদিনের পর থেকে আমাদের কুকুরছানাটির প্রতি আম্মুর মায়া জন্মায়। কুকুরটিও আমাদের ন্যাওটা হয়ে ওঠে। আমাদের সবার কাছেই কুকুরটি খুব প্রিয়। বিশেষ করে আম্মু তো এখন কুকুরছানাটিকে অনেক ভালোবাসেন। আমরা সবাই মিলে কুকুরটির একটি নামও ঠিক করি—রকি।রকি আস্তে আস্তে আমার প্রিয় খেলার সঙ্গী হয়ে গেল। বাইরে বেরোলেই আমার সঙ্গে রকিও থাকে। আস্তে আস্তে পাড়ার প্রায় সবাই রকিকে চিনে ফেলে। কোনো অতিথি এলে সবাই বলে, রকিদের অতিথি আসছে। আমাদের বাড়ির নামও প্রায় পরিবর্তন হয়ে যায়, সবাই আমাদের বাসাটিকে রকিদের বাসা বলে ডাকতে থাকে। একদিন আমাদের বাসায় গ্রাম থেকে একজন দূর-সম্পর্কের আত্মীয় আসার কথা। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর রকি বারান্দায় শুয়ে ছিল। আমাদের বাড়ির সামনে কিন্তু সাইনবোর্ড রয়েছে। সেখানে লেখা Beware of Dogs। পড়তে না পারায় আমাদের সেই অতিথি সোজা বাসায় ঢুকে পড়েন। আর তিনি না দেখে মাড়িয়ে দেন রকির মাথা! রকি তো রেগে মেগে কামড় দিয়ে তার লুঙ্গি ছিঁড়ে ফেলে। আর তিনি চিৎকার করতে থাকেন গলা ফাটিয়ে। এত চিৎকার শুনে আমি আর আব্বু নিচে গেলাম। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে অতিথি আমাদের সব ঘটনা খুলে বললেন। আমিও রাগ সামলাতে পারলাম না। লাঠি দিয়ে ইচ্ছামতো পেটালাম রকিকে। ও শুধু চুুপচাপ মাথা নিচু করে মার খেয়ে গেল। রকিকে মারার পর আমার মন খারাপ। তাই বাইরে বেরিয়ে যাই। চুপচাপ মাঠে গিয়ে বসে থাকি। সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসি। বাসায় এসে শুনি, রকিকে পাওয়া যাচ্ছে না! শুনেই আমি পুরো মহল্লা খুঁজে বেড়াই, কোথাও রকিকে খুঁজে পাই না। আমি এখনো রকিকে খুঁজি। কিন্তু রকি নেই। রকি কি আর কোনো দিনও আমার কাছে আসবে না? কেন আসবে না?রকি আসুক বা না আসুক, আমি আজও রকির পথচেয়ে বসে থাকি। বাসায় ঢুকলেই আমার রকির কথা মনে পড়ে। রকির জন্য আমি আজও কাঁদি।তাহজিব সেলিম আহমেদ