আমাদের কোনো টার্গেট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা আলোচিত অস্ট্রেলিয়ান সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ গত ৩০ নভেম্বর টাইম সাময়িকীর ব্যবস্থাপনা সম্পাদক রিচার্ড স্টেনজেলকে গোপন স্থান থেকে ইন্টারনেটের ‘স্কাইপের’ মাধ্যমে সাক্ষাৎকার দেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো— রিচার্ড: আপনাদের সর্বশেষ দফা ফাঁস করা নথিগুলোর প্রভাব এ পর্যন্ত কী এবং তা আগামী দিনে কী প্রভাব ফেলবে বলে মনে করেন?অ্যাসাঞ্জ: গণমাধ্যমের প্রবল আগ্রহ ও বিভিন্ন দেশের সরকারের অপ্রত্যাশিত ধরনের জোরালো প্রতিক্রিয়া দেখেছি আমরা। এতটাই প্রবল আগ্রহ ও প্রতিক্রিয়া যে, তা যেন আমাদের উপলব্ধির ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এটা একটা বিশাল ব্যাপার। তবে বাইরে থেকে যা দেখছি, তাতে আমি মনে করি, এসব নথি ফাঁসের ফলে নতুন নতুন গল্প উঠে আসবে। অনেক দেশ সম্পর্কে মানুষের ধারণায় পরিবর্তন ঘটতে শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ তথ্য প্রকাশের ফলে শান্তি-প্রক্রিয়ায় গতি আসবে। দেখা যাচ্ছে, ইরান পরমাণু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। এটা কাকতালীয় হতে পারে আবার উইকিলিকসের জন্যও হতে পারে। তবে এটা নিশ্চিত, আমাদের তথ্য প্রকাশ প্রক্রিয়া শান্তি উদ্যোগকে অন্তত ক্ষতিগ্রস্ত করছে না।রিচার্ড: আপনি কি মনে করেন, আন্তর্জাতিক বা কূটনৈতিক এমন কোনো বিষয় রয়েছে, যা গোপন রাখা উচিত ও জরুরি? অ্যাসাঞ্জ: অবশ্যই। যেমন আমরা সূত্রের নাম গোপন করি। অনেক ক্ষেত্রেই গোপনীয়তা গুরুত্বপূর্ণ। কিন্তু গোপনীয়তার দোহাই দিয়ে অন্যায়-অবিচার ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি মনে করি, প্রশ্নটা এটা হওয়া উচিত নয়—সবাই যেমন ভাবছে, কিছু গোপন করা উচিত কি না। প্রশ্ন হওয়া উচিত, কোন বিষয় গোপন থাকবে এবং কোন বিষয়টি প্রকাশ করা হবে, তা স্থির করার দায়িত্বটি কার হবে।রিচার্ড: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নথি ফাঁসের ফলে অনেকের জীবন ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বিচার বিভাগ দৃশ্যত আপনাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? অ্যাসাঞ্জ: যত বারই কোনো বড় সামরিক বা গোয়েন্দা সংস্থার কথাবার্তা ফাঁস করা হয়েছে, তত বারই জীবন বিপন্ন হওয়ার এসব অর্থহীন যুক্তি তোলা হয়। এটা নতুন বা শুধু একান্তই মার্কিন সংস্কৃতি নয়। এটা অন্তত ৫০ বছর বা একেবারে অন্য চেহারায় শত শত বছর ধরে ঘটছে। আমাদের কাজের জন্য কাউকে অন্যায়ভাবে কারাবরণ বা শারীরিক বিপদের সম্মুখীন হতে হয়নি। আমরা যাঁদের কথা ফাঁস করছি, তাঁদের সঙ্গে তুলনা করলে এটা একটা রেকর্ড। কারণ ওই সব সংগঠন আক্ষরিকভাবেই শত শত, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। অনেক বছরের হিসাব করলে তা হয়তো হবে লাখ লাখ। রিচার্ড: গুঞ্জন রয়েছে সরকারকে বিব্রত করার দায়ে হিলারি ক্লিনটন এ ঘটনার নিরীহ শিকারে পরিণত হতে পারেন। আপনি কি চান হিলারি ক্লিনটন পদত্যাগ করুন বা তাঁকে বরখাস্ত করা হোক?অ্যাসাঞ্জ: আমার ধারণা...আমার মনে হয়, তাঁর পরিণতি যা-ই হোক, এতে বিশেষ কিছু তফাত হবে না। তবে যদি প্রমাণিত হয় হিলারি ক্লিনটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন দূতদের জাতিসংঘে গুপ্তচরবৃত্তির জন্য নির্দেশ দিয়েছিলেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। রিচার্ড: ব্র্যাডলি ম্যানিং (মার্কিন সেনা) সম্পর্কে কিছু বলুন। ম্যানিংই কি উইকিলিকসের সাম্প্রতিকতম নথির একমাত্র সূত্র?অ্যাসাঞ্জ: আসলে আমরা সূত্রের নাম প্রকাশ করিছি না। তবে আমরা জানি, মার্কিন গোয়েন্দারা যুক্তরাজ্যের ওয়েলসে ম্যানিংয়ের মায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন। আরও অনেক সন্দেহভাজনকে তাঁরা খুঁজছেন।রিচার্ড: প্রকাশ করার আগে আপনারা কি প্রতিটি নথি পর্যালোচনা করেন?অ্যাসাঞ্জ: উইকিলিকসের প্রকাশিত নথিগুলো বিভিন্ন সংবাদ ওয়েবসাইট, সংবাদপত্র ও টেলিভিশন অনুষ্ঠানের প্রতিবেদন বা আমাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তি। সুতরাং নথি প্রকাশ করার আগে তা অবশ্যই পর্যালোচনা করা হয়েছে। এটা আমরাও করেছি, সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানও করেছে।রিচার্ড: মিডিয়ায় এসেছে, আপনি নাকি বলেছেন, আপনাদের পরবর্তী টার্গেট বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান বা ওয়াল স্ট্রিট। উইকিলিকসের পরবর্তী নথিগুলো কী নিয়ে হবে?অ্যাসাঞ্জ: দেখুন, সে অর্থে আমাদের কোনো টার্গেট নেই। শুধু নিজেদের অন্যায় আচরণ লুকানোর জন্য গোপনীয়তার আশ্রয় নেয় এমন প্রতিষ্ঠানের তথ্য ফাঁস করার চেষ্টা করি আমরা। এ নীতির কারণে সাধারণভাবে একটা টার্গেট আছে বটে। এটা বাদ দিলে আমরা তথ্যের জন্য সম্পূর্ণভাবে সূত্রের ওপর নির্ভরশীল। আমরা সূত্রের পরিচয় উল্লেখ করি না। প্রতিবেদন বা বই সেন্সর করা হয়েছে এমন সাংবাদিক বা লেখক আমাদের উৎস। আমাদের কাছে এখন বহু মূল্যবান তথ্য-উপাদান আছে, যার সবগুলো খতিয়ে দেখা ও সূত্রের সঙ্গে যাচাই করার সামর্থ্য এ মুহূর্তে উইকিলিকসের নেই। তবে তা জোগাড়ের চেষ্টা চলছে। হ্যাঁ, আমাদের কাছে অনেক ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। এত দিন প্রকাশিত অন্যান্য বিষয়ে তথ্যের সংখ্যা কয়েক শতে সীমাবদ্ধ থাকলেও এ দুটি খাতের প্রায় ১০ হাজার নথি রয়েছে।রিচার্ড: আপনারা কি সর্বশেষ দফা ফাঁস করা এসব তথ্য থেকে খুব শিগগিরই আরও নথি ছাড়বেন?অ্যাসাঞ্জ: হ্যাঁ। এখন দিনে প্রায় ৮০টি নথি প্রকাশ করা হচ্ছে। আরও গণমাধ্যম সহযোগী ক্রমে ক্রমে যোগ দিলে নতুন নথি ছাড়ার সংখ্যা ধীরে ধীরে বাড়বে।রিচার্ড: যুক্তরাষ্ট্রের মতো রাশিয়া বা চীনের গোপন নথি প্রকাশের পরিকল্পনা আছে কি উইকিলিকসের?অ্যাসাঞ্জ: হ্যাঁ। কারণ আমরা মনে করি, যে সমাজ যত বেশি বদ্ধ সেখানে সংস্কারের সম্ভাবনাও তত বেশি। যেমন চীনের বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। চীন সরকার বা দেশটির ‘গণ-নিরাপত্তা সংস্থা’ দৃশ্যত মত প্রকাশের স্বাধীনতাকে ভয় পায়। এর ফলে কেউ বলতেই পারেন, দেশটিতে ভয়ানক কিছু ঘটছে, যা তারা গোপন করতে চায়। কিন্তু আমি মনে করি, এটা একটা আশাব্যঞ্জক ব্যাপার। কারণ এটা প্রমাণ করে যে, মত প্রকাশ অর্থাৎ কথা বলার মাধ্যমে এখনো সংস্কার আনা সম্ভব। সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব, এ কারণেই চীন একে এত ভয় পায়। রিচার্ড: আপনি কী মনে করেন, এভাবে তথ্য ফাঁস করে আইন ভঙ্গ করেছেন?অ্যাসাঞ্জ: আদৌ নয়। উইকিলিকস আইনের মধ্যে থেকেই এটা করেছে। এটি এমন একটি প্রতিষ্ঠান যারা আইনের চর্চা করে। আমরা এই সমাজকে আরও আইনি চর্চার মধ্যে নিয়ে আসতে চাই। কিন্তু যেসব সংগঠন বা সংস্থা আইনের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে কাজ চালিয়ে যেতে চাই। আপনি যদি আইনের কথা বলেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ যে ক্ষমতাধর ব্যক্তিরা সাধারণ মানুষকে যা বিশ্বাস করাতে চান, তা-ই আইন নয়। হিলারি ক্লিনটন যা বলেন, তা-ই আইন নয়।