আমাদের গল্পে আমরাই ‘নায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে শান্তিরক্ষা মিশনে সহকর্মীর সঙ্গে সাহানা আফরোজ খান চৌধুরী (বাঁয়ে) ও মোনালিসা আউয়াল (মাঝে)
ছবি: সংগৃহীত

২০১৫ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ক্যারিবীয় দেশ হাইতি যাওয়ার সুযোগ পেয়েছিলেন পুলিশ পরিদর্শক সাহানা আফরোজ খান চৌধুরী। দেশ ছাড়ার আগেই জেনেছিলেন তাঁদের মিশনযাত্রা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হবে। সাহানা মনে মনে ভাবছিলেন, চলচ্চিত্র মানেই তো সেখানে নায়ক-নায়িকা থাকবেন। কারা সেই নায়ক-নায়িকা? চলচ্চিত্র হলে তো অভিনয়, সংলাপ, গান—এসবও থাকবে।

সাহানার মতো একদল পুলিশ সদস্যের শান্তিরক্ষা মিশনে হাইতি-যাত্রার গল্প নিয়ে কামার আহমেদ সাইমন নির্মাণ করেছেন নীল মুকুট। তবে এই ডকুড্রামার শুটিংয়ের সময়ই সাহানার ভুল ভেঙেছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে নীল মুকুট মুক্তির পর সাহানা আরও অবাক হয়েছেন।

সাহানা বলেন, ‘যখন শুনেছি সিনেমার শুটিং হবে, তখন তো মনে মনে অনেক কিছু ভেবেছিলাম। কিন্তু হাইতিতে কখন-কীভাবে শুটিং হয়েছে আমরা তেমন টেরই পাইনি। এটাকে আসলে শুটিং বলাও ভুল হবে। তখন ভেবেছি এই ছবির হয়তো কোনো নায়ক-নায়িকা নেই। কিন্তু যখন নীল মুকুট দেখলাম তখন আমি তো অবাক। তখন আমার মনে হলো, এখানে আমরা সব পুলিশ সদস্যই তো একেকজন নায়ক। কারণ, গল্পটা তো আমাদের ঘিরেই। আমাদের দৈনন্দিন ঘটনাগুলোই ভিডিও চিত্রে ধারণ করে দেখানো হয়েছে। ’

নীল মুকুট ছবির পোস্টার

নীল মুকুট দেখার পর পরিবার আর বন্ধুরা সবাই অন্য এক সাহানাকে দেখে অবাক হয়েছেন। সাহানার বন্দুক চালনার পারদর্শিতা আর দায়িত্ববোধ দেখে তাঁর শ্বশুর আবেগ ধরে রাখতে না পেরে পুত্রবধূকে জড়িয়ে ধরে বলেছেন, ‘মাইয়া হরছেডা (করেছে) কী!’

সাহানা বলেন, ‘আব্বা এই কথা বলার পর আমিও ওনাকে জড়ায় ধরে আনন্দে কেঁদে ফেলি। আবার পর্দায় আমাকে দেখে আমার দুই ছেলেমেয়ের খুশিও ছিল দেখার মতো।’

নীল মুকুট ছবিতে উঠে এসেছে পুলিশ সদস্যদের অজানা এক গল্প। যেখানে দেখা গেছে কাজের পাশাপাশি পরিবারের প্রতিও তাঁদের সমান দায়িত্ববোধ। মাঝরাতে তাঁদের নির্ঘুম তীক্ষ্ণ চোখ যেমন হাইতিবাসীর নিরাপত্তা দেয় ঠিক তেমনই সেই চোখ আবার নোনা জলে ভিজে যায় হাজার কিলোমিটার দূরে থাকা প্রিয়জনের কথা ভেবে।

চার বছরের সন্তানকে রেখে সেবার শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোনালিসা আউয়াল। তাঁর স্বামী নজরুল ইসলামও পুলিশের সহকারী উপপরিদর্শক। মোনালিসার হাইতি যাওয়ার দুই সপ্তাহ পর নজরুল আরেক শান্তিরক্ষা মিশনে সুদান যান।

সন্তান রেখে দুজনেই দেশের বাইরে যাওয়া বেশ কঠিন সিদ্ধান্ত ছিল তাঁদের জন্য। কিন্তু বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগও হাতছাড়া করতে চাননি তাঁরা দুজন।

মোনালিসা বলেন, ‘নীল মুকুট দেখার পর পুলিশ সদস্যদের সম্পর্কে অনেকেরই ধারণা পাল্টে যাবে। অনেকেই আমাদের নেতিবাচকভাবে দেখেন। কিন্তু বাস্তবে আমাদের কাজের খাতিরে নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য, আবেগ ত্যাগ করতে হয়। দেশের মানুষের সেবা করতে গিয়ে অনেক সময় নিজেদের পরিবারকে ঠিকমতো সময় দেওয়া যায় না।’

হাইতিতে ওই এক বছরের মিশনে মোনালিসাদের দুটি ঈদ উদ্‌যাপন করতে হয়েছে। মোনালিসা বলেন, ‘ঈদের দিনগুলোতে খুব কষ্ট হয়েছে। একবার মনে হয়েছে যে, বাড়ি চলে যাই। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সান্ত্বনা দিয়েছি। তখন আবার সাজুগুজু করে বাড়িতে ভিডিও কল দিয়েছি।’

নারীর ভিন্ন ভিন্ন সত্তা

নীল মুকুট ছবির পরিচালক কামার আহমেদ সাইমন পর্দায় একেকজন নারী পুলিশ সদস্যের মাধ্যমে যেন নারীর ভিন্ন ভিন্ন সত্তা তুলে ধরেছেন। যদিও তাঁর ভাষায়, গল্পের কেন্দ্রবিন্দুতে নারী চরিত্র আপনাআপনিই এসে পড়েছে। এখানে কোনো পূর্বপরিকল্পনা ছিল না।

কামার আহমেদ সাইমন বলেন, ‘আমি মূলত একজন পুলিশ সদস্যের গল্প বলতে চেয়েছি। আমরা সচরাচর একজন পুলিশকে যে ভূমিকায় দেখি সেটির বাইরে গিয়ে কিছু দেখানোর চেষ্টা করেছি। সেই গল্প বলতে গিয়ে এখানে নারী চরিত্র কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তবে এখানে নারী চরিত্রকে প্রাধান্য দেওয়া কিংবা নারীবাদী কোনো চিন্তা নয় বরং এখানে মানবতাবাদী চিন্তা ছিল।’

বেশ কয়েক বছর আগে বিমানে শান্তিরক্ষা মিশনে যাওয়া এক নারীর পুলিশ সদস্যের কান্নাকে অনুসরণ করেই নির্মিত হয়েছে নীল মুকুট। প্রায় ১০০ মিনিট ব্যাপ্তির এই ছবি বানাতে গিয়ে পুলিশ সদস্যদের আরও কাছ থেকে দেখেছেন পরিচালক কামার। সেই অভিজ্ঞতা থেকে বলেন, প্রত্যেক পেশাজীবীকেই নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তবে সেই পেশাজীবী মানুষ যদি একজন নারী পুলিশ সদস্য হন, তাহলে তাঁর সংগ্রাম আর ত্যাগের গল্পটা অন্যদের চেয়ে আলাদা হয়ে যায়। পুলিশের পোশাক গায়ে জড়িয়ে তিনি যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। কাজের এক ফাঁকে আবার খোঁজ নেন বাড়ির সবাই খেয়েছে কি না। সহকর্মীর মন খারাপের সময় পরম ভরসাও তিনি। অবসরে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা খুনসুটিতে মেতে উঠতেও ভুল করেন না তিনি।

এই কথা শেষ হতে না হতেই কামার বললেন, ‘আসলে পুলিশ সদস্য নয় প্রত্যেক নারীই দায়িত্ববোধের জায়গায় পুরুষদের চেয়ে খানিকটা হলেও এগিয়ে আছেন। আমরা পুরুষেরা চাইলেই অনেক দায়িত্ব এড়িয়ে যেতে পারি। পারিবারিক একটা সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংসারের আর্থিক জোগান দিয়েই নিজের দায়িত্ব সেরে ফেলি। কিন্তু পরিবারের সবকিছু সামাল দিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজটা কিন্তু একজন নারীই করে থাকেন।’