আমাদের চিরকুট পরিবার

ঢাকায় সেদিন একটা শো ছিল। বেশ রাতে আমাদের চিরকুটের গান শেষ হলো। সবারই খিদেটা বেশ জানান দিচ্ছে তখন। অজানা কারণে আয়োজকেরা খাবারের ব্যবস্থা করেননি। আমরা চলে গেলাম ড্রামার পাভেলের বাসায়। ‘খালাম্মা, আমাদের খেতে দেন।’ বললাম পাভেলের মাকে। তিনি আর কী করবেন—রান্নাবান্না করে খাওয়ালেন মধ্যরাতে। আমরা যাঁরা একসঙ্গে ব্যান্ডদল করি, গান গাই, বাজনা বাজাই—আমরা নিজেরা একটা পরিবার হয়ে যাই। শুধু তা-ই নয়, এর পাশাপাশি একেকজনের পরিবার-পরিজনের সঙ্গেও তৈরি হয়ে যায় একটা ভালোবাসা-অধিকারের বন্ধন।
ব্যান্ড একটা সত্তা। ব্যান্ড তীব্র বিশ্বাস, সংগ্রাম আর তুমুল আবেগের এক জায়গা। এটাই মনে হয় আমার কাছে। যেখানে ব্যক্তিগত নয়; বরং সমষ্টিগত জায়গাটাকেই বড় করে দেখা হয়। ব্যান্ডদল এমন এক জায়গা, যেখানে চাওয়া-পাওয়া, উজ্জ্বল পেশাজীবন সবকিছুর ঊর্ধ্বে উঠে মিউজিককে ভালোবেসে এরই টানে কিছু মানুষ পাগলের মতো এক হয়। দুইয়ে দুইয়ে চার মেলানোর হিসাব না করেই, এখানে গানের কথা হয়, সুর হয়, কম্পজিশন হয়। কতশত প্রলোভনকে না বলা হয়। ভাবের আদান-প্রদান হয়। একপাতে খাওয়া হয়। কতশত ঘুমহীন রাত কেটে যায়। ফাঁকিবাজি হয়। কাজ হয়। ঝগড়া হয়। হয় মান-অভিমান। কথা বন্ধ হয়। বলতে দ্বিধা নেই মাঝে মাঝে মুখ দেখাদেখিও বন্ধ হতে পারে। কিন্তু তাতে কি; যদি আবেগের জায়গাটা ভেজালমুক্ত থাকে; তবে আবার ভালোবেসে কাছে আসাও হয়। বেলা শেষে এটাকে পরিবার না বলে উপায় কী!
চিরকুট—তেমনই একটা পরিবার। অন্য সব ব্যান্ডের ক্ষেত্রেও কমবেশি একই কথা প্রযোজ্য। আমাদের ব্যান্ডদলের সদস্যদের সম্পর্কের গণ্ডি আমাদের প্রত্যেকের মা-বাবা থেকে ভাইবোন পর্যন্ত গড়িয়েছে শুরু থেকেই। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, আলোকচিত্রী, স্টুডিও ইঞ্জিনিয়ার, স্টুডিও ক্রু—সবাই আমাদের এই ফ্যামিলির গুরুত্বপূর্ণ অংশ। এমনকি ফেসবুকে আমাদের পেজের ৪ লাখ ৪০ হাজার ফ্যান এই পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। দেশ-বিদেশের চিরকুটভক্ত লাখো মানুষও আছেন এই পরিবারে।

পারিবারিক সংস্কৃতি বলতে যা বোঝায়—আমাদের দলের সবার মধ্যেই তা রয়েছে। একবার রাত দুইটায় পুরো চিরকুট দল চলে গেলাম নরসিংদী। সেখানে আমাদের গিটারিস্ট ইমনের বাড়ি। যাওয়ার কারণটা কী শুনতে চান? ইমনের মায়ের হাতের চিংড়ির দোপেঁয়াজা খাওয়া। এমন হামলা আমার নিজের বোনের বাসাতেও করি আমরা। এভাবেই যেন ব্যান্ড সদস্যদের পরিবার, প্রত্যেকের পরিবার হয়ে যায়।
নিজেদের মধ্যে নানা উপলক্ষে উপহার দেওয়া-নেওয়া হয়। শো কিংবা গানের চর্চা, নতুন গান বাঁধার দিনগুলোতে অনেকটা সময় আমাদের একসঙ্গেই কাটে। আবার যখন দেখা হয় না, তখনো নিয়মিত কথা হয় ফোনে। কিছুদিন পরপর প্রত্যেকের বাসা থেকে গরুর গোশত ভুনা, বেগুন ভাজি কিংবা আলু-ডিম ভর্তা না এলে আমাদের সুরের উৎসাহ মরে যায়। কি-বোর্ডিস্ট নীরব প্রায়ই আনে ভর্তা। বেজ গিটারিস্ট দিদারের বাসায় বড়সড় ভোজের আয়োজন থাকে মাঝেমধ্যেও। চলে আসে বিরিয়ানি। সবাইকে পাওয়া গেলে জন্মদিনের কেক একসঙ্গেই কাটার ব্যবস্থা করা হয়। একসঙ্গে রান্না করে খাওয়া, শোতে কেউ ভুলভাল পোশাক পরে গেলে তাকে সবাই মিলে পচানোও হয়। তারপরই অট্টহাসিতে সবার ফেটে পড়া। পরিবারের সদস্যদের সঙ্গে যেমন হয় আরকি।
সময়ের পরিক্রমায় মানুষ বদলায়। বদলায় পরিস্থিতি। তবে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর কমিটমেন্টে আমাদের চিরকুট এ রকমই থাকবে, একটা জোছনার গানে বন্ধু কিংবা একটা ছেঁড়া দিনের কথায় একটু একটু আশা জাগিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশা তো আমরা আমাদের এই পরিবার নিয়ে করতেই পারি। শুধু আমাদের পরিবারই বা বলছি কেন, দেশের সব ব্যান্ডদলই তো এগিয়ে যাবে পারিবারিক বন্ধনে।
লেখক: চিরকুট ব্যান্ডের সদস্য