আমাদের ছক্কু মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘আরে বদি মিয়া, তুমি তো ফাস্টো হয়া গেলা। গ্রামে ঈদের প্রথম গরুটা তো তুমিই আনলা। আরে গরু তো কত আইব আরও। কিন্তু প্রথম হইল কে? হ, আমাগো বদি মিয়া। তুমিই জিতলা বদি, তুমিই জিতলা!’ 
এই হলেন আমাদের ছক্কু মিয়া। নিজের সামর্থ্য নেই তাতে কী? কোন বাড়িতে কী কোরবানি হবে, নাকি হবে না, হলে কোন পদের রান্না হবে, মসলা কী হবে, লবণ কম না বেশি—শুধু জিজ্ঞেস করুন ছক্কু মিয়াকে। সঙ্গে সঙ্গে জবাব তৈরি। বছর তিনেক হলো বাতের ব্যথায় কাবু হয়ে গ্রামের মাথায় মকবুলের চায়ের দোকান তার সারা দিনের ঠিকানা। সেখানে বসেই চলে তার ধারাবিবরণী।
‘বাহ্! কেমন শক্ত গরু আনছ জয়নাল। আরে মোটা গাম্বুশ গরুর তো খালি গোশত আর গোশত। চাবায়া সুখ নাই। তোমার গরুর কী সোন্দর হাড্ডি। এই গরু খায়াই না মজা। তুমিই জিতলা জয়নাল, তুমিই জিতলা!’ জয়নালের হাড্ডিসার গরু দেখে ছক্কু মিয়ার মূল্যায়ন। পরের দিন একটা ছোটখাটো মাংসল গরু কিনলেন আজগর মৃধা। ছক্কু মিয়ার মন্তব্য, ‘তুমি তো জটিল গরু আনলা মৃধা। এক্কেরে সলিড গোশত। হাড্ডির ঝামেলা নাই। তুমিই জিতলা মৃধা, তুমিই জিতলা!’
আলম শিকদার আনলেন একটা বিশাল রাজস্থানি গরু। ছক্কু মিয়ার ধারাবিবরণী, ‘শিকদার, তুমি তো দেখি রাজা–নবাবের গরু আনলা। আশপাশ দশ গ্রামে আনছে নাকি এমন গরু কেউ! এই না হইলে কোরবানির গরু। তুমিই জিতলা শিকদার, তুমিই জিতলা!’
সেদিন মোস্তফা মিয়া আনলেন ছোট একটা দেশি গরু। ছক্কু মিয়া মুখে হাসি ঝুলিয়ে বললেন, ‘বুঝলা মোস্তফা, দেশি গরুর উপর গোশত নাই। বিদেশি উট, দুম্বা, গরুতে পাইবা না এইটা। তুমিই জিতলা মোস্তফা, তুমিই জিতলা!’
এদিকে মেম্বার সাহেব আনলেন তাগড়া সাত–সাতটা গরু। ছক্কু মিয়া গেলেন দেখতে, ‘মেম্বার সাব আছেন বইলাই না আমরা গরিবরা দুইটা হাড্ডি–গোশত পাই। দশ গ্রামে আর দিছে নাকি সাতটা গরু কেউ! আপনে গ্রামের মুখ উজ্জ্বল করলেন। আপনেই জিতলেন মেম্বার সাব, আপনেই জিতলেন!’
ঈদের আগের দিন কালাম মাস্টার আনলেন একটা ছাগল। ছক্কু মিয়া প্রশংসায় ভাসিয়ে দিলেন, ‘মাস্টার, হালাল পয়সার বরকতই আলাদা। খোদা রক্তও চান না, গোশতও না। তিনি দেখেন নিয়ত। তোমার নিয়ত খাসা। তুমিই জিতলা মাস্টার, তুমিই জিতলা!’
বুঝলেন তো ছক্কু মিয়া কী ‘জিনিস’? রান্নায় জিরা নামে একটা মসলা দেওয়া হয়। যেটা কেউ এমনি এমনি খায় না। রান্নার পরে আলাদাভাবে অস্তিত্বও থাকে না। শুধু একটা মজার স্বাদ জিবে লেগে থাকে। তেমনি আমাদের জীবনে ছক্কু মিয়ারা জিরার মতো স্বাদ বাড়িয়ে দেন। সব তরকারিতে তাদের চলে। তুমিই জিতলা ছক্কু মিয়া, তুমিই জিতলা!
মাতুয়াইল, ঢাকা