আমাদের ছবি
বাংলাদেশের রূপ উঠে এসেছে ছবিতে, কার্টুনে। বিজয়ের মাসে ‘বাংলাদেশের সৌন্দর্য ও বাস্তব পরিস্থিতি’ শীর্ষক আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী হয়ে গেল ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে। বিদায়ী বছরের ২০ ডিসেম্বর ‘আমাদের ছবি’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রেসিডেন্ট অধ্যাপক মুজিব খান ও চারুকলার বিভাগীয় প্রধান শাহজাহান আহমেদ।প্রদর্শিত আলোকচিত্রগুলোয় প্রকৃতি ও স্থানের ছবির সঙ্গে উঠে এসেছে মানুষের মুখ, অভিব্যক্তি। আর বেশির ভাগ কার্টুন ছিল সমসাময়িক বিষয় নিয়ে। প্রদর্শনীতে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলার শিক্ষার্থী লামিয়া আজাদ ‘আমাদের ছবি’ সম্পর্কে বলেন, ‘আমরা বিভিন্ন সময় দল বেঁধে ছবি তুলতে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। সেখান থেকে বাছাই করা আলোকচিত্রগুলো স্থান পেয়েছে প্রদর্শনীতে।