আমাদের ছবিই সেরা
বিয়ের ছবি পাঠিয়ে তাঁরা জিতে নিয়েছিলেন বেড়ানোর সুযোগ। পন্ডস-নকশা বিয়ে উৎসবে ‘আমাদের ছবিই সেরা’ প্রতিযোগিতায় তাঁরা বিজয়ী হয়েছিলেন। আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও অভিনয়শিল্পী ইরেশ যাকেরের বিচারে এবং অনলাইন ভোটে তাঁদের চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। মুহম্মদ ইমরান ও তাহামিনা পারভীন, চমন আফরোজ ও মো. আবু সুফিয়ান এবং শুভজিৎ কুমার শীল ও সুপ্তি সোম দম্পতি জিতে নেন যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল ও কক্সবাজার বেড়ানোর সুযোগ। ঘুরে এসে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন তাঁরা।

আবার যেন মধুচন্দ্রিমায়
সারি সারি নারকেলগাছ পথের দুই পাশে, নিয়ম মেনে চলছে গাড়ি। যানজট নেই! শ্রীলঙ্কায় পৌঁছে এ কথাটাই মাথায় এল। পরিষ্কার-পরিচ্ছন্ন দারুণ এক শহর কলম্বো।
বিয়ের পর মধুচন্দ্রিমা হয়েছে। কিন্তু দুজনেই চিকিৎসক বলে আবার কোথাও বেড়াতে যাওয়ার সময়-সুযোগ হয়নি। পন্ডস-নকশা বিয়ে উৎসবে পুরস্কার জিতে নিয়ে এবার সেটা হয়েই গেল। এ যেন আমাদের দ্বিতীয় মধুচন্দ্রিমা।
ঢাকা থেকে মিহিন লঙ্কা এয়ারলাইনের বিমানে কলম্বো বিমানবন্দরে নামলাম স্থানীয় সময় বিকেল পাঁচটায়। পথের মুগ্ধতা তো আছেই, হোটেলে পৌঁছে মনটা আরও ভালো হয়ে গেল, জানালার ওপাশেই যেন সমুদ্র। একটু পর বের হলাম পােশর ওল্ড পার্লামেন্ট ভবন এবং গল ফেস সৈকত দেখতে। বিদেশি পর্যটকদের যেন মেলা লেগেছে এখানে।
ফেরার পথেই এক হোটেলে রাতের খাবার সারা। নানা রকম মুরগির মাংসের পদ, সালাদ, ভাত আমাদের ফরমায়েশ। তবে নারকেল তেলে রান্না করা খাবার তেমন রুচল না মুখে। ভাত আর সালাদটাই শুধু খেতে পারলাম। বাকি দুই দিন ফ্রায়েড চিকেন আর ভাতই আমাদের বাঁচিয়ে রাখল।
পরের দিন সকালে ছিল শহরে বেড়ানোর আয়োজন। আমরা ঘুরে বেড়ালাম ইন্ডিপেনডেন্স স্কয়ার, ভিক্টোরিয়া পার্ক, বেয়রা লেক, ডাচ মিউজিয়ামসহ আর অনেক জায়গা। বিকেলে কেনাকাটার পালা, পেটা বাজার মার্কেটে। এখানেও দেখি ভারতীয় পণ্যের জমজমাট বাজার। পরদিন সকালে গেলাম শহর থেকে দূরে, ঘুরে বেড়িয়ে ফেরার পথে গেলাম কলম্বোর সবচেয়ে বড় বৌদ্ধমন্দির কেলনিয়া বিহারে। বিকেলে গেলাম কলম্বো বিখ্যাত মাউন্ট লাভিনিয়া বিচ। খুব সুন্দর পরিষ্কার-পরিছন্ন সৈকত। কিন্তু কেন জানি মনে হলো আমাদের কক্সবাজারই সেরা।
পরের দিন ফিরতি বিমানে ঢাকা পৌঁছালাম। খুব ব্যস্ততার ফাঁকে এই কয়টা দিনের আনন্দের রেশ থাকবে অনেক দিন।

হিমালয়ের দেশে...
বিয়ে আমরা করবই এবং দুই পরিবারকে সঙ্গে নিয়েই করব। এই পণ ছিল দুজনেরই। অনেক বাধা এলেও আট বছরের সম্পর্কের পরিণতি পেয়েছে বিয়েতে।
দীর্ঘ আট বছর চার মাস এক দিন অপেক্ষার পর আমরা দুজন দুজনার হই। এত দিনের এত অপেক্ষা আর বাধাবিপত্তির পর বিয়ের দিনটায় কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তখনই ভেবেছিলাম মধুচন্দ্রিমা আমাদের নেপালেই হবে। হিমালয়সমান বাধা পার হতে হলো বলেই কি!
ব্যাপারটা বেশ মজার। এক দিন স্ত্রী চমন আমাকে জোর করে টেনে নিয়ে এসে কম্পিউটারের সামনে এনে বসাল। বলল, আমাদের বিয়ের তোলা ছবিগুলো থেকে একটা বাছাই করে দিতে। কারণ পন্ডস–নকশা বিয়ে উৎসবের ‘আমাদের ছবিই সেরা’ প্রতিযোগিতায় সে ছবি পাঠাবে। এবং আজই তার শেষ দিন। বেশ বিরক্ত হলাম। কারণ, আমি খুব ব্যস্ত ছিলাম। অনিচ্ছা সত্ত্বেও বসে বসে ছবি বাছাই করলাম দুজনে মিলে আর পাঠিয়ে দিলাম নির্ধারিত ঠিকানায়।
কিছুদিন পর দেখতে পেলাম প্রথম আলোর ওয়েবসাইটে আমাদের ছবি। খুব মজা পেলাম। আমাদের ছবিটা নির্বাচিত হয়েছে। হঠাৎ চমন আমাকে জিজ্ঞেস করল, ‘যদি প্রতিযোগিতায় জিতে যাও, কোন পুরস্কারটা পেলে বেশি মজা লাগবে? শ্রীলঙ্কা, নেপাল নাকি কক্সবাজার বেড়ানোর সুযোগ? আমি বলে ফেললাম নেপাল। ও বলল, কেন, নেপাল কেন? শ্রীলঙ্কা তো ফার্স্ট প্রাইজ।’
আমি বললাম, ‘না, নেপাল।’ জানি না, সৃষ্টিকর্তা বুঝি আমার কথা তখনই কবুল করে ফেলেছেন। কিছুদিন পর প্রথম আলো থেকে আমাদের আমন্ত্রণ জানানো হলো, আমাদের জন্য রয়েছে নেপাল যাওয়ার জন্য ট্যুর প্যাকেজ এবং প্লেনে ভ্রমণের টিকিট। আনন্দে আত্মহারা হওয়ার জো হয়েছিল আমাদের। অন্তরের অন্তস্তল থেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম। অনেক আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সাতটা দিন কাটিয়ে এলাম নেপালে গত অক্টোবর মাসে। আসতে মন চাইছিল না সেখান থেকে। স্বপ্নের মতো কেটেছিল দিনগুলো।
মো. আবু সুফিয়ান

বেড়ালাম আমরা তিনজন
কক্সবাজার আমাদের অতিপরিচিত, কিন্তু এবারের ভ্রমণটা আমাদের জীবনে অন্য রকম অনুভূতি নিয়ে এসেছিল। পুরস্কার জিতে বেড়ানোর সুযোগ পাওয়ার জন্য বলছি না, আরও একটা বড় পুরস্কার আমরা পেয়েছিলাম। মা-বাবা হতে যাচ্ছিলাম আমরা।
তবে শুরুতে একটু দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম এ অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়ানো ঠিক হবে কি না তা ভেবে। চিকিৎসকও পরামর্শ দিয়েছিলেন অন্তত ছয় মাস অপেক্ষা করার।
তবে কয়েক দিন পরে আবার তাঁর থেকেই সবুজসংকেত পেয়ে প্রথম আলোয় জানিয়ে দিলাম আমরা যাচ্ছি কক্সবাজার। আগস্ট মাসের শুরুর দিকে যাত্রার তারিখ ঠিক হলো, অবশ্যই চিকিৎসকের অনুমতি নিয়ে।
২ আগস্ট রিজেন্টের বিমানে যাত্রা শুরু। কক্সবাজারে আমাদের অভ্যর্থনা জানালেন ওশেন প্যারাডাইজ হোটেলের প্রতিনিধিরা।
বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি। ভ্রমণের পুরো সময়টাতেই ছিল এমন আবহাওয়া। তবে তাতে যেন বেড়ানোর আনন্দ আরও বেড়েছিল। এবারের ভ্রমণ আরও একটা কারণে মনে থাকবে, এবার বিমান থেকে শুরু করে হোটেল-সবখানেই আমরা পেয়েছিলাম বিশেষ অভ্যর্থনা। যেন তারকা তারকা ভাব। বৃষ্টিমুখর কক্সবাজারের আমেজ এবার তাই একটু ভিন্ন।
আসলে একটা বিয়ের ছবি থেকে প্রাপ্তির মাত্রাটা যে এতখানি হতে পারে, সেটা আমাদের ধারণাতেই ছিল না। সব সময়ই মনে হতো, এটাই যেন আমাদের সন্তানের সঙ্গে আমাদের প্রথম বেড়াতে যাওয়া। আসলে বেড়াতে এসেছি আমরা তিনজন। এর যে উত্তেজনা তা শুধু অনুভবেই বোঝা যায়, প্রকাশ করা কঠিন। তিন দিন দুই রাতের এই সুন্দর স্মৃতি আমাদের সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম, এ জন্য ধন্যবাদ জানাই আয়োজকদের।
শুভজিৎ কুমার শীল