আমাদের টিয়া পাখিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘দোস্ত, এমন কিছু করে দেখা, যাতে তোর জন্য রোখসানা পাগল হয়ে যায়!’ রেলব্রিজে দাঁড়িয়ে উদাস মনে বলছিল মইন! আমি ওর কথা শুনে ধান্দায় পড়ি! রোখসানা আমার ক্লাসমেট! আমরা একই সঙ্গে এক কলেজ পড়ি! পাশাপাশি বাসায় থাকি! ওকে আমি ভীষণ পছন্দ করি! কিন্তু রোখসানা পাত্তা দেয় না! আমি মাঝেমধ্যে লেটেস্ট ছবির ভিডিও সিডি নিয়ে ওকে দিই! খুব অবহেলা করে সেগুলো সে হাতে নেয়! ফিসফিস করে বলে, এগুলো এনেছ কেন? কী দরকার ছিল? আমি বোকার মতো হে হে করে হাসি! কী বলব! উত্তর পাই না! এই সেদিন শুনলাম, রোখসানা খুব কবিতার বই কিনছে! সারা দিন বাসায় বসে কবিতা আবৃতি করে! আমি কয়েকটা কবিতার বই ঘেঁটে নিজেই একটা কবিতা লিখে ফেলি!
কলেজ থেকে ফেরার পথে বলি, তোমার জন্য একটা কবিতা লিখেছি! রোখসানা খিলখিল করে হাসে! তার চোখে কৌতূহল! ‘আরে বাহ্, তুমি কবিতা লেখো! শোনাও তো!’ আমি গম্ভীর হয়ে কবিতা পড়তে শুরু করি—
‘রোখসানা ওইখানে যেয়ো নাকো তুমি! বোলো না তো কথা ওই যুবকের সাথে’ রোখসানা এটুকু শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে! তারপর হুট করে রেগে গিয়ে যেতে যেতে বলে, যা পারো না, তা করতে যাও কেন?
সেই থেকে আমি বিষণ্ন! মন ভালো নেই! রেলব্রিজে দাঁড়িয়ে তাই বন্ধু মইনের কথা শুনি আর ভাবি! বাসায় এসে ব্যালকনিতে বসে পোষা টিয়া পাখিটাকে দেখি! ইউরেকা! পেয়েছি! ‘টিয়া পাখির মুখে রোখসানা ডাক শুনলে হয়তো ও মুগ্ধ হয়ে যাবে!’ যেই ভাবনা সেই কাজ! আমি প্রতিদিন টিয়া পাখির খাঁচার সামনে অন্তত এক শ বার করে রোখসানা নামটি সুর করে বলি! কোনো আওয়াজ পাই না! তবু আমি কাজটা চালিয়ে যেতে থাকি!
এরই মধ্যে হুট করে আমাদের বাসায় এল একটা লাল রঙের বিয়ের কার্ড! রোখসানার বিয়ে! হাসবেন্ড আমেরিকা প্রবাসী! রোখসানার মা এসে হাসতে হাসতে নিমন্ত্রণ করে গেলেন! সারা রাত আমার ঘুম হলো না! পাশের বাড়িতে হৈ-হল্লা! আমি ঝিম মেরে বসে থাকি! আজ যে রোখসানার বিয়ে!
ঠিক সেই দিন ভোরবেলা শুনি আকাশ-বাতাস কাঁপিয়ে আমাদের টিয়া পাখিটা ডেকে উঠল—রোখসানা! রোখসানা!