‘রানার ছুটেছে, তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে/ রানার চলেছে খবরের বোঝা হাতে’। এখন আর আগের মতো রানারের ঝুম ঝুম শব্দ কানে আসে না। মাউসের ছোট্ট একটা ক্লিকেই মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে খবরের পর খবর। যন্ত্রসভ্যতায় তার পরও টিকে আছে মানবীয় চিঠি—চিঠির আনন্দ ফিকে হয় না কোনো দিনই। বাংলাদেশ ডাক বিভাগ এ অঞ্চলের ডাক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৫ সালে ডাক জাদুঘর স্থাপন করে। ষাটের দশকের মাঝামাঝি ঢাকার জিপিওতে ক্ষুদ্র পরিসরে এ জাদুঘরটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ডাক বিভাগের মহাপরিচালক ফরিদ উদ্দিন আহমেদের ব্যক্তিগত চেষ্টায় জাদুঘরটি পূর্ণাঙ্গ রূপ পায়। ঢাকার জিপিও-সংলগ্ন ডাক অধিদপ্তরের তৃতীয় তলায় পশ্চিম পাশে দুই হাজার ১৬০ বর্গফুট আয়তনের জায়গা নিয়ে জাদুঘরটি। ডাকটিকিটের দুনিয়া ডাক জাদুঘরের ডাকটিকিট কক্ষটি সম্পূর্ণ ডাকটিকিটে মোড়ানো। বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশের প্রায় তিন হাজার ডাকটিকিটের এক মনোমুগ্ধকর প্রদর্শনী এই স্থান। ইংরেজি বর্ণের ক্রমানুসারে সাজানো বিভিন্ন দেশের ডাকটিকিটগুলো নিজ নিজ দেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় বহন করছে। ৬৬০ বর্গফুট আয়তনের এ কক্ষটি ঘুরে আসা মানে যেন পুরো পৃথিবী ঘুরে দেখা। শুধু ডাকটিকিট সংগ্রাহকদের কাছেই নয়, ডাকটিকিট কক্ষটি সবার কাছেই এক বিরল বিনোদনকেন্দ্র। শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্করাও এখানে ভিড় করেন, হারিয়ে যান ডাকটিকিটের দুনিয়ায়। ফিরে দেখা প্রাচীনকাল থেকে ডাকব্যবস্থা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের আধুনিক ব্যবস্থাপনায় রূপ নিয়েছে। পোস্টাল জাদুঘরের এক হাজার ৪০০ বর্গফুট আয়তনের কক্ষটি এ অঞ্চলের ডাক ইতিহাসের স্মারকে সমৃদ্ধ। জাদুঘরে ঢুকতেই চোখে পড়ে সমগ্র ডাকসেবার একটি বাস্তবভিত্তিক মডেল। এর পাশেই রয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের মডেল। গ্রামীণ ডাক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘রানারের’ বড়সড় একটি মূর্তি স্থান পেয়েছে এ জাদুঘরে। দেয়াল সাঁটানো আছে দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিদের তেলচিত্র—এসব ব্যক্তি কোনো না কোনোভাবে ডাকব্যবস্থার সঙ্গে জড়িয়ে ছিলেন। এঁদের মধ্যে আছেন বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র, মহাকবি কায়কোবাদ, ডাকটিকিটের জনক স্যার রোল্যান্ড হিল, মন্টেগোমারি, সি ভি রমণ, হেনরি ভন স্টিফেনসহ আরও অনেকে।চিঠির বাক্স ডাক জাদুঘরে মহারানি ভিক্টোরিয়ার সময় থেকে এখনকার সময় পর্যন্ত প্রচলিত বিভিন্ন চিঠির বাক্স রয়েছে। আছে রানির মুকুটের প্রতিকৃতিসংবলিত তেমনি একটি চিঠির বাক্স, যার ওজন নয় মণ। এ চিঠির বাক্সটি তৈরি হয়েছিল ১৮৯০ সালে। ইংল্যান্ডের বার্মিংহামের তৈরি সাত মণ ওজন করা যায়, এ রকম একটি স্কেল ছাড়াও হরেক রকমের আরও ১০ থেকে ১২টি স্কেল রয়েছে এখানে।১৮৭০ সালে ডাকপ্রহরীদের ব্যবহূত বর্শা, ইংরেজ আমলের ধাতব স্ট্যাম্প প্যাড, চামড়ার ব্যাগ, ঘড়ি, ফ্রাংকিং মেশিন, অনেক দিন আগের রানার কিংবা পিয়নের ইউনিফর্ম সংরক্ষিত আছে এখানে। এ ছাড়া পোস্টম্যান, হেড পোস্টম্যান ও অন্য ব্যক্তিদের ব্যবহূত ব্যাগ, মানিব্যাগ, চামড়ার ব্যাগ, লণ্ঠন, বিউগল, তলোয়ার, বন্দুক, ডিমলাইট, ছুরি প্রভৃতির দুর্লভ সব সংগ্রহ আছে, যা ব্রিটিশ আমলের ডাকব্যবস্থার চিত্র তুলে ধরে। পোস্টাল জাদুঘরে আছে পুরনো দিনের নানা রকম বিভিন্ন আকৃতির তালাচাবি, সিলমোহর, স্ট্যাম্প বক্স, পোস্টকার্ড, খাম, অফিশিয়াল সার্কুলার এবং অন্যান্য দেশ থেকে পাওয়া ডাকবিষয়ক প্রকাশনা। পুরোনো দিনের মূল্যবান তথ্যসংবলিত বিভিন্ন নথিপত্র এ জাদুঘরে সংরক্ষিত আছে। সংরক্ষিত এসব নথি থেকে জানা যায়, বিশ শতকের শুরুর দিকে ভারতবর্ষের ডাকঘরে কুইনাইন রাখা হতো। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহূত হতো এই কুইনাইন। সে সময় কুইনাইন একমাত্র ডাক বিভাগই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিত, কেননা তখন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাকব্যবস্থা। প্রথম সমুদ্র ডাক ১৯৩৩ সালে, প্রথম ডাক সার্ভিস ১৭৭৪ সালে, প্রথম ডাকটিকিট প্রকাশ ১৮৪০ সালে এবং ১৯১১ সালে প্রথম বিমান ডাকের প্রচলন হয়। জাদুঘরটি পরিদর্শন করে পাওয়া যায় এ রকম আরও অসংখ্য তথ্য। কখন যাবেন ডাক জাদুঘরটি সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য সব দিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো প্রবেশমূল্যের প্রয়োজন হয় না।কীভাবে যাবেন?ঢাকা জিপিও-সংলগ্ন ডাক ভবনের তিন তলায় ডাক অধিদপ্তরের প্রশাসন শাখার পাশেই এ জাদুঘরটি।