আমাদের তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশের অনেক জয়ের নায়ক তিনি। তাঁর চার-ছক্কায় আমরা যেমন খুশিতে উল্লসিত হই, তেমনি কম রানে আউট হলে কষ্ট পাই। কিন্তু আমরা সবাই তাঁকে ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেটের এক বড় সম্ভাবনার নাম তামিম। ‘১৯৯৯ সালের কথা। আমাদের বাসায় ৫৫ ইঞ্চি একটি টেলিভিশন কেনা হয়। বড় পর্দায় খেলা দেখার জন্য। এর মধ্যে একদিন আমরা দুই ভাই বাসার ভেতরে ড্রয়িংরুমে ক্রিকেট-ক্রিকেট খেলছিলাম। এ সময় আচমকা তামিমের বল গিয়ে লাগে টেলিভিশনের পর্দায়। আর মুহূর্তেই তা ভেঙে চুরমার। এর পরও এ নিয়ে তেমন কোনো লঙ্কাকাণ্ড বাধেনি। আসলে আমাদের পুরো পরিবারই হচ্ছে ক্রিকেট-পরিবার। সেই পরিবেশেই আমরা বেড়ে উঠেছি।’ তামিম ইকবাল সম্পর্কে বলছিলেন তাঁর বড় ভাই ও আরেক তারকা ক্রিকেটার নাফিস ইকবাল।এক বিকেলে তামিমদের বাসায় গেলে তাঁর ফুফু রোখসানা আলম বলেন, ‘আমাদের ছোট ছেলেমেয়েরা খাওয়ার চামচকেও ক্রিকেট খেলার ব্যাট হিসেবে ব্যবহার করে। ক্রিকেট এখানে সবার প্রাণ।’তামিমের বাবা প্রয়াত ইকবাল খানও ছিলেন একজন ক্রিকেটার। সাবেক অধিনায়ক আকরাম খান ছাড়াও তামিমের অন্য চাচারাও সবাই ক্রিকেটার। প্রয়াত চাচা কামাল খান, আজম খান, আফজাল খান ও আকবর খান সবাই বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন। অপরদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হলেন আকরাম খানের ভায়রাভাই।তামিম ইকবাল ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী। তামিম পড়তেন চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে। ‘ও’ এবং ‘এ’ লেভেল করেছেন এখান থেকে। ছোটবেলা থেকে ‘ক্রিকেটার’ হিসেবে স্কুলের বন্ধুবান্ধব, শিক্ষক কিংবা কর্মচারী সবার কাছেই একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছিলেন তিনি।সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানের কাছে নিজের ছেলের মতোই প্রিয় ছিলেন তামিম। আর তাই তাঁকে ঘিরেই যত বায়না ছিল তামিমের। দেখা যেত, অনেক সময় স্কুলের মিড টার্ম ও ফাইনাল টার্মের সময় তামিমের অনূর্ধ্ব-১৪, ১৬ ইত্যাদি খেলা পড়ে যেত। ছুটি দরকার। ওই সময় অন্য কোনো শিক্ষকের পক্ষে তাঁকে খেলার সুযোগ করে দেওয়া ছিল প্রায় অসম্ভব একটি বিষয়। কাজেই তাঁর শেষ ভরসা ‘প্রিন্সিপাল ম্যাডাম’। তামিম তক্ষুনি ছুটে যেতেন ম্যাডামের কাছে। আর তাঁর সেই আবদারমেশা কণ্ঠে বলতেন, ‘ম্যাডাম, আমার তো খেলা পড়ে গেছে, এখন কী করি। আমাকে খেলতে সুযোগ দিন, ম্যাডাম। দেখবেন আমি জিতে আসব।’ ‘ওর (তামিম ইকবাল) ওই অনুরোধটুকু উপেক্ষা করার শক্তি আমার হতো না। তাই নির্দ্বিধায় তাকে অনুমতি দেওয়া ছাড়া আমার উপায় থাকত না। পরে ক্লাস টেস্টের নম্বরের ভিত্তিতে তার ফলাফল নির্ধারণ করা হতো।’ বলছিলেন অধ্যক্ষ সাফিয়া রহমান। তিনি আরও বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার ছিল, তামিম কিন্তু সত্যিই তার প্রতিশ্রুতি রক্ষা করত। ভালো খেলে ফিরত বরাবরের মতো। আর এ জয়ের কথাটা সে জানান দিত একটু ভিন্ন উপায়ে। বন্ধুবান্ধবসহ গাড়ি নিয়ে এসে আমার বাড়ির চারপাশটায় এসে ঘুরতে থাকত। যতক্ষণ না আমি বাড়ি থেকে বের হতাম, ততক্ষণ পর্যন্ত তারা ওভাবে চক্কর দিত। বাড়ি থেকে বেরিয়ে আসার পর তামিম বলত, “আমি জয়ী হয়েছি”।’ইংল্যান্ড থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন তামিমের বন্ধু রাজিন আনোয়ার। সেখানে পড়াশোনা, তারপর ব্রিটিশ সেনাবাহিনীতে সাড়ে চার বছর চাকরির পর দেশে আসেন। থাকছেন চট্টগ্রামেই। রাজিনের কাছ থেকে জানা গেল, তামিমের স্কুলজীবনের বন্ধু সার্জিল সারোয়ার, আসিফ রহমান, সানিউদ্দিন আওলাদ প্রমুখের নাম।রাজিন বললেন, ‘আমরা অনেকেই একসঙ্গে ক্রিকেট খেলতাম। আমাদের ক্রিকেটে হাতেখড়ি হয় টেনিস বল দিয়ে। তখন পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। চট্টগ্রামের প্যারেড মাঠে আমরা ক্রিকেট অনুশীলন করছিলাম। টেনিস বল দিয়ে আমি বোলিং করেছি আর তামিম ব্যাটিং। আর তারও কী প্রস্তুতি! এখন এসব ভাবলে নিজেরই হাসি পায়।’রাজিন জানালেন, ‘ছোটবেলা থেকেই তামিমের রোল মডেল ছিলেন তার বড় ভাই ক্রিকেটার নাফিস ইকবাল।’