আমাদের প্রেরণা হয়ে বেঁচে থাকবেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৮ ফেব্রুয়ারি শামসুন্নাহার রহমান পরাণের প্রথম মৃত্যুবার্ষিকী
আজ ১৮ ফেব্রুয়ারি শামসুন্নাহার রহমান পরাণের প্রথম মৃত্যুবার্ষিকী

শামসুন্নাহার রহমান পরাণের কথা মনে করলেই একটি দৃশ্য আমার চোখে ভেসে ওঠে। একটি ক্রাচ ওপর দিকে তুলে ধরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। অসাধারণ সেই দৃশ্য। পায়ের ব্যথার জন্য হয়তো কিছুদিন ক্রাচ ব্যবহার করতে হয়েছিল তাঁকে। সেই ক্রাচে ভর করে খুঁড়িয়ে হেঁটে বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীতে এসেছিলেন ফয়’স লেকে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢোলের বাদ্যের সঙ্গে তাল মিলিয়ে যখন নাচতে শুরু করেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা, তখন বয়স ভুলে ক্রাচটা ওপরে তুলে ধরে তাল মেলাচ্ছিলেন তিনি। অবাক হয়ে তাঁর এই শিশুসুলভ উচ্ছ্বাস দেখে ভেবেছিলাম, রোগ-শোক-বার্ধক্যের সাধ্য কি এই প্রাণশক্তিতে ভরপুর মানুষটাকে দমিয়ে রাখে! এই দৃশ্য একজন আলোকচিত্রী ফ্রেমে বন্দী করেছিলেন। সেই ছবিটা সংগ্রহ করে, বাঁধাই করে তাঁর কাছে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ, আমার মনে হয়েছিল, এই একটা ছবিই তুলে ধরতে পারে শামসুন্নাহার পরাণের চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি আজ নেই, জানি না ছবিটা তাঁর বাড়ি বা অফিসে কোথাও আছে কি না।
তাঁকে প্রথম দেখেছিলাম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মিলনায়তনে বক্তৃতারত অবস্থায়। সেটা সম্ভবত ১৯৮৮ বা ৮৯ সাল। তখন আমি দৈনিক পূর্বকোণ-এর প্রতিবেদক। সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম ওই অনুষ্ঠানে। সুন্দরী ও ব্যক্তিত্বময়ী সেই নারীর যুক্তিপূর্ণ বাক্বিস্তার সেদিন আমাকে মুগ্ধ করেছিল। তারপর ধীরে ধীরে নানা কর্মতৎপরতার কারণে তাঁকে আমি চিনতে ও জানতে শুরু করি।
প্রথম দিকে অন্য অনেকের মতো আমিও ‘পরাণ আপা’ বলে ডাকতাম। কিন্তু কিছুদিন পর ঘনিষ্ঠতা যখন বাড়ল, তিনি আমাকে কথায় কথায় ‘বাবা’ সম্বোধন করতেন। সেই স্নেহমাখা সম্বোধনে কী যে আন্তরিকতার স্পর্শ ছিল, সেটা আজ বোঝাতে পারব না, নিজের অজান্তেই কখন তিনি হয়ে গেলেন আমার ‘পরাণ খালা’।
সাংবাদিকতার সূত্রে নানা সময়ে তাঁর কর্মতৎপরতা দেখেছি। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে গেছেন তিনি। বস্তিতে, সুইপার কলোনিতে ছুটে যেতে যেমন বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত ছিলেন না, তেমনি সভা, সেমিনার বা গোলটেবিল বৈঠকে তাঁকে দেখেছি নিম্নবর্গের মানুষের বঞ্চনা-নিপীড়নের কথা তুলে ধরেছেন উচ্চকণ্ঠে। কোনো কোনো সময় তথাকথিত সুশীল সমাজের লোকজনকে তাঁদের ‘লোক দেখানো’ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তীব্র ভাষায় আক্রমণও করেছেন তিনি—এ আমার নিজের চোখে দেখা। এই সৎসাহস তিনি অর্জন করেছিলেন সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা থেকে।
আজ দেশে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা গড়ে উঠেছে। কিন্তু শামসুন্নাহার পরাণ যখন গরিব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য লড়াই করার মানসিকতা নিয়ে কাজে নেমেছিলেন, তখন এ অঞ্চলে তাঁর সামনে তেমন দৃষ্টান্ত খুব একটা ছিল না বললেই চলে। একটি সংস্কারাচ্ছন্ন সমাজে একজন তরুণীর পক্ষে সেই সময়টাতে পথে নামা (এখন আমরা যেটাকে বলি ফিল্ডওয়ার্ক) কত কঠিন কাজ ছিল, আজ সেটা সহজে কল্পনা করা যাবে না। কিন্তু তিনি বুঝেছিলেন, স্বাধীনতা–উত্তর দেশে নতুন যুদ্ধটি হচ্ছে নিম্নবর্গের মানুষের ভাগ্য ফেরানোর চেষ্টা। সেই কাজটি তিনি করেছিলেন ‘ঘাসফুল’ নামের একটি সংগঠনের মাধ্যমে। এই নামটির মধ্যেই একটি প্রতীকী ব্যঞ্জনা আছে। কাদের জন্য তিনি কাজ করতে চান, তাঁর কাজের ধরনটি কী হবে—এই ছোট্ট নামটিই যেন তার অনেকটা প্রকাশ করে।
শামসুন্নাহার পরাণ সমাজের বঞ্চিত মানুষদের জন্য কী করেছেন, তার বিস্তারিত বিবরণ এই ছোট্ট পরিসরের লেখায় উল্লেখ করতে চাই না, শুধু একজন উন্নয়নকর্মীর কথা উদ্ধৃত করে বলি, ‘শামসুন্নাহার পরাণের নাম বাদ দিয়ে চট্টগ্রাম তথা বাংলাদেশের উন্নয়ন (এনজিও) সেক্টরের ইতিহাস লেখা কখনো সম্ভব নয়।’
১৯৯৬ সালে ঘাতকব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো এই ব্যাধির কাছেও হার মানেননি। জটিল এ রোগকে উপেক্ষা করে আরও ১০টি বছর নিজের শরীরের সঙ্গে যেমন, তেমনি প্রতিকূল সমাজের সঙ্গে যুদ্ধ করে গেছেন। এই ইতিবাচক মানসিকতা আজকের তরুণদের কাছে প্রেরণার বিষয় হয়ে উঠতে পারে।
বিভিন্ন পত্রিকায় ফিচার লেখার পাশাপাশি সৃজনশীল সাহিত্যচর্চায়ও ভূমিকা রেখেছেন তিনি। রচনা করেছেন অনেক গল্প-কবিতা-প্রবন্ধ। লেখালেখির পাশাপাশি নিজে একজন নিবিষ্ট পাঠকও ছিলেন। শামসুন্নাহার পরাণ দীর্ঘকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন সৎ ও কল্যাণময় কাজের প্রেরণা হয়ে।