আমাদের পয়লা বৈশাখ ১০ এপ্রিল

গত বছর আমরা পয়লা বৈশাখ আয়োজন করেছিলাম ছোট পরিসরে। তাও অতিথি ছিলেন প্রায় আড়াই শ জন। বাংলাদেশিদের সঙ্গে ছিলেন বিদেশিরাও। বাঙালি খাবার তাঁরা খুব পছন্দ করেছিলেন। পয়লা বৈশাখ সম্পর্কে তাঁদের কৌতূহলের শেষ নেই।
বিকেল পাঁচটায় শুরু হয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল রাত নয়টায়। ক্যাম্পাসে আমরা একটা ছোটখাটো মেলা করেছিলাম। সেখানে ছিল বিভিন্ন খাবারের স্টল। এমন সব খাবার, যেগুলো বিদেশের মাটিতে আমরা খুব মিস করি। যেমন ফুচকা, চটপটি, শিঙাড়া, আলুপুরি, ভেলপুরি, মিষ্টি, আম ভর্তা, পেয়ারা ভর্তা...আরও অনেক কিছু। ক্যাম্পাসের মেয়েরা স্টলগুলো দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। এর ফাঁকে আমরা বিভিন্ন দেশীয় খেলা, গান আর কবিতা আবৃত্তির আয়োজনও করেছিলাম। ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের শিক্ষক সাব্বির আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের প্রধান আবদুল লতিফ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। সব শেষে প্রায় ২০টি ফানুস উড়িয়ে হয়েছিল সমাপনী। নৈশভোজে ছিল ইলিশ মাছ, খিচুড়ি আর ডিম ভুনা।
এ বছরও আমাদের নানা পরিকল্পনা আছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমরা এবার নতুন বাংলাদেশি ছাত্রদের বরণ করে নেব। যেহেতু সাপ্তাহিক ছুটি ছাড়া অনুষ্ঠান আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব না, তাই হয়তো ১০ এপ্রিলই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা করে ফেলতে হবে। দেশে থেকে তো সবার সঙ্গে বর্ষবরণে অংশ নিতে পারছি না, তারিখের দিক দিয়ে একটু নাহয় এগিয়েই থাকলাম!