আমাদের ফজলে হোসেন
অধ্যাপক ফজলে হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে ১৯৬৩ সালে পাস করেন। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করে তিনি হিউসটন বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৭৬ সালে অধ্যাপক নিযুক্ত হন। বর্তমানে তিনি একাধারে যন্ত্রকৌশল, পদার্থবিজ্ঞান ও ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং হিউসটন বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের ডিরেক্টর।তাঁর গবেষণার ক্ষেত্রে অধ্যাপক হোসেনকে সবচেয়ে অগ্রগামী বিশেষজ্ঞ হিসেবে গণ্য করা হয়। তিনি এ পর্যন্ত ২৪০টি সেমিনার এবং ১৩০টি নামকরা কনফারেন্সে আমন্ত্রিত বক্তা, আমেরিকান ফিজিক্যাল সোসাইটিতে প্রায় ১৫০টি বক্তৃতা এবং সুবিখ্যাত জার্নালগুলোতে দুই শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। ১৯৯৫ সালে জার্নাল অব ফ্লুইড মেকানিকসে প্রকাশিত ‘অন দি আইডেন্টিফিকেশন অব ভরটেক্স’ প্রকল্পটি ৬৫৪ বার উদ্ধৃত হয়েছে। তাঁর গবেষণা প্রবন্ধগুলোর সর্বমোট উদ্ধৃতি পাঁচ হাজার ছাড়িয়েছে। অধ্যাপক হোসেন আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এবং আমেরিকান ইনস্টিটিউট অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের ফেলো। এ ছাড়া এসব সোসাইটি থেকে তিনি সর্বোচ্চ চারটি পুরস্কারে ভূষিত হয়েছেন। অধ্যাপক হোসেন ২০০১ সালে ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য হয়েছেন। তিনি থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের প্রবাসী ফেলো। অধ্যাপক হোসেন বিজ্ঞান ও প্রযুুক্তির জগতে বাংলাদেশের গর্ব ও সূর্যসন্তান।মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।