আমাদের ফয়সাল
সাকিবের জন্ম গরমের দিনে। মাগুরা শহরে ওর দাদার বাড়িতে। সময়টা যত দূর মনে পড়ে বিকেল পাঁচটা। ওর বাবা তখন লাঙ্গলবন্দে চাকরি করে। ছেলে হয়েছে শুনেই দারুণ খুশি হয়ে ওর এক দাদা আজান দিতে ছুটে গেল। আনন্দ ছড়িয়ে পড়ল বাকি সবার মধ্যেও। ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিল ও। এক কথা দ্বিতীয়বার বলতে হয়নি কখনো। লেখাপড়ায়ও খুব মনোযোগী। একটা কবিতা দু-তিনবার পড়লেই মনে থাকে। অন্য বাবা-মাদের দেখি ছেলেকে বকঝকা করে, মারধর করে পড়াতে বসায়। আমার ছেলেকে কখনো সেটা করতে হয়নি। পুলিশ লাইন প্রি-ক্যাডেট স্কুলে ওকে প্রথম ভর্তি করাই। সেখানে ভালো ছাত্র হিসেবে সুনাম ছিল ওর। ভেবেছিলাম লেখাপড়ায় যখন ভালো, আমার ছেলে নিশ্চয়ই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু একটু বড় হতে না হতেই দেখলাম খেলাধুলার দিকে ওর খুব ঝোঁক। ওর বাবা ফুটবলার ছিলেন। বাড়িতে সব সময় ফুটবল থাকত। ছেলে গুট গুট করে হেঁটে গিয়ে ফুটবলে লাথি দেয়। আমরা তো সবাই অবাক, ও কীভাবে বুঝল যে ফুটবলে লাথি দিতে হয়!বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিকেট নিয়ে বড় ধরনের একটা হুলুস্থুল পড়ে গেল দেশে। ও ফুটবল ছেড়ে ক্রিকেট খেলা নিয়ে মাতল। যখনই ওকে দেখি, আমার ছেলের হাতে ব্যাট-বল আছেই। বাড়ির সামনের মাঠে ওরা খেলত। প্রতীক, নয়ন, রাসেল—ওরাই ছিল ফয়সালের বন্ধুবান্ধব। মাঝেমধ্যে রাগ হতো খুব। একবার রাগের মাথায় ওর ব্যাটই কেটে টুকরো করে ফেলেছিলাম। ছেলে খুব কষ্ট পেয়েছিল। ও বলেছিল, ‘আমাকে না হয় মারতা, ব্যাটটা কেন নষ্ট করলে!’ মাথা ঠান্ডা হওয়ার পর ছেলেকে নিয়ে বসেছি। জিজ্ঞেস করলাম, ‘বাবা, তুমি আসলে জীবনে কী করতে চাও?’ ও বলল, ও খেলোয়াড় হতে চায়। বুঝেছিলাম, খেলার নেশা থেকে ছেলেকে দূরে রাখা যাবে না। এর পর থেকে আর খুব বেশি দুশ্চিন্তা করিনি। ভেবেছি, ছেলে নিজেই নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে। আমার ছেলে ভুল করেনি। ‘ফয়সাল’ নামেই আমরা ডাকতাম ওকে। ওর বাবার দেওয়া নাম ছিল সেটা। এখনো বাড়িতে ও ‘ফয়সাল’ই আছে, বাইরে সবাই ওকে সাকিব আল হাসান নামেই চেনে যদিও। নড়াইলে এক মাসের জন্য ক্যাম্পে খেলতে গিয়েছিল সাকিব। সেখান থেকেই বাছাইয়ে নির্বাচিত হয়েছিল ও। বিকেএসপিতে ভর্তি হওয়ার পর থেকেই আসলে ওর ‘সাকিব আল হাসান’ নামটা বেশি পরিচিত হয়ে ওঠে। ছেলেকে একা এত দূর পড়তে পাঠাব! ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এটাও বুঝতে পারছিলাম ওকে আর আটকানো যাবে না কিছুতেই। বাধ্য হয়ে ছেলেকে যেতে দিলাম। মাসের পর মাস ছেলের দেখা পাই না। মাগুরার বাড়িতে ব্যাট-বল সব পড়ে থাকে। কেউ নাড়াচাড়া করার নেই। কী যে মন খারাপ লাগত! বিকেএসপিতে ছেলের সঙ্গে দেখা করতে এলে একটা কথাই শুধু বলতাম, খাওয়া দাওয়াটা যেন ভালোমতো করে। টেলিভিশনে একদিন খবর পেলাম আমার ছেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে। ফয়সাল তখন জিম্বাবুয়ে। ‘এ’ দলের হয়ে খেলতে গেছে। খুশি লাগবে কী, আমি ভয়েই অস্থির। এত ছোট ছেলে পারবে তো ভালোমতো খেলতে! আমার ছেলে আমার ভয় দূর করে দিয়েছে। বাড়িতে থাকলে ওকে সামনে বসিয়ে নিজের হাতে খাওয়াই, এটাই আমার তৃপ্তি। এখন আর সেই সুযোগ বেশি হয় না। খুব কম পড়ালেখা করেই এরই মধ্যে ও এইচএসসি পরীক্ষা দিয়েছে। ভালো ফল করেছে। এখন ভর্তি হয়েছে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে। আমি এখনো সব সময় বলি, লেখাপড়া কিছুতেই যেন বাদ না দেয়। আমি জানি, একটু মন দিয়ে পড়ার সুযোগ পেলেই ও ভালো করবে। টিভিতে যখন ফয়সালের খেলা দেখি , সারাক্ষণ দোয়া-দরুদ পড়ি। ভালো খেললে খুব ভালো লাগে। কিন্তু খারাপ খেললে মন খারাপ হয়। অনেকে অনেক সময় মনে কষ্ট দিয়ে কথা বলে। ওরা তো চেষ্টা করে। জীবন দিয়ে খেলে। ইচ্ছে করে কি কেউ আউট হয়? তার পরও কিছু মানুষ আছে, এটা বুঝতে চায় না। সেদিন হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ল। খুব ভয় পেয়েছিলাম। বাংলাদেশের লোকজন ওকে অনেক ভালোবাসে। এখন যেখানেই যাই ‘সাকিবের মা’ বলে সবাই খুব খাতির করে। গেল বছরের একটা ঘটনা বলি, ফয়সাল হুট করে একদিন বাসায় কেক নিয়ে হাজির। আমি তো অবাক। পরে বলল, আজ মা দিবস। সেবারের মা দিবসে ছেলেকে কাছে পেয়েছি। এবার ছেলে কাছে নেই। ছেলের জন্য শুধু দোয়া করে যাব। (অনুলিখিত)