অন্ধকার মিলনায়তন। কাচের দরজা ফাঁকি দিয়ে আসা আবছা আলোয় ফুটে আছে অগুনতি ছায়ামানবের আকৃতি। আনন্দলোকে, মঙ্গলালোকের আহ্বানে মিলনায়তনে একে একে ফুটে উঠল মোমের আলোর তারা। ভেসে গেল কালো; ঠাঁই পেল সত্য ও সুন্দর। ছায়ামানব ধারণ করল সত্যের পূজারি শিশু সাংবাদিকের আলোকিত, অপাপবিদ্ধ মুখ। কী অদ্ভুত প্রত্যয় সেই মুখে!বলছিলাম ২৪-২৫ মে অনুষ্ঠিত শিশু সাংবাদিক সম্মেলনের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা। বর্ণিল এই সম্মেলনে মিলিত হয়েছিল সারা দেশ থেকে আসা ১৪-১৮ বছরের ৬৪০ জন শিশু সাংবাদিক। শিশু সাংবাদিক জ্যোতির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর ক্যারেল ডি রয় উপস্থিত ছিলেন।সম্মেলনের ভালো লাগা, আবেগ, অনুভূতি আর অনুভবের কথা শোনা যাক অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মুখেই। প্রথমেই বলি ঢাকার শিশু সাংবাদিক আকিবের কথা। সম্মেলনে শিশু সাংবাদিক হিসেবে যোগ দিলেও সম্মেলনের শেষে আকিব হয়ে গেছে তারকা! নেচে আকিব জয় করেছে সব সাংবাদিকের হূদয়। আকিব বলল, ‘শিশু সাংবাদিকেরা আমাকে যে সম্মানটা দিল, তাতেই আমি ধন্য।’ খুশির শেষ নেই ঝালকাঠি থেকে আসা অন্তু, বিথী, মাশুক আর নাতাশার। সম্মেলনে এসে তাদের নতুন বন্ধু হয়েছে অনেক। নতুন বন্ধুদের সঙ্গে ফোন নম্বর, ঠিকানা আদান-প্রদান অবশ্য হয়নি। ‘ডিজিটাল যুগ না! ফেসবুক আইডি বিনিময় হয়েছে শুধু। আমরা সবাই আধুনিক তো!’ হেসেই ফেলল সবাই খুশিতে।সম্মেলনের উদ্বোধনী পর্বটাও অবশ্য কম আনন্দের ছিল না। কাগজের হাত বসিয়ে শিশুরা মঞ্চে দাঁড়িয়ে গ্লোব তুলে ধরল এই প্রত্যয়ে—শিশুদের বিশ্ব গড়বে শিশুরাই। তাই তো রাজশাহীর শিশু সাংবাদিক মিতি বলল, ‘নিজেকে মনে হচ্ছিল পুরো বিশ্বের শিশুদের প্রতিনিধি। ধন্যবাদ শিশু প্রকাশকে।’ শিশু প্রকাশ সম্মেলনকে ধন্যবাদ জানাল পাবনার সুধাও। জাতীয় পর্যায়ে সংগীতে স্বর্ণপদক পাওয়া সুধার নিজেকে সাংবাদিক ভাবতেই বেশি ভালো লাগে এখন। বলল, ‘নিজেকে নিয়ে তো কত কথাই বলা যায়। কিন্তু অধিকারবঞ্চিত শিশুদের কথা বলতে পারে খুব কম মানুষ। আমি তাদেরই একজন। এটাই আমার সবচেয়ে বড় গর্ব।’ গর্বিত তাদের মা-বাবাও। ফরিদপুরের প্রকৃতির মা অমিতা রায় বললেন, ‘সাংবাদিকতা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ বলেন অনেকেই। কিন্তু ও যাদের জন্য কাজ করে, তারা আরও বেশি ঝুঁকিতে আছে।’অধিকারবঞ্চিত শিশুদের কথা বলতে পেরে এই মায়ের মতোই খুশি সিলেটের নিপা, বরিশালের সজীব, ফরিদপুরের নোমান, সাতক্ষীরার প্রাচীসহ অসংখ্য শিশু সাংবাদিক। সবাই মনে করে, শিশু সাংবাদিকতার পরিচয় তাদের অনেক বড় সুযোগ করে দিয়েছে সবার কথা বলার। নীলফামারীর নাহিদের ভাষায়, ‘দ্বিতীয় দিন একটা সেমিনার ছিল সারা দেশের মিডিয়া সাংবাদিকদের নিয়ে। সেমিনারের সঞ্চালক জাহীদ রেজা নূর যখন সবার সামনে আমাকে সম্পাদকের চেয়ারে বসালেন, ভাবনায় পড়ে গিয়েছিলাম। সবাই বুঝবে তো আমরা কী চাই? ধন্যবাদ, সবাই আমাদের কথা শুনেছে, বুঝেছে।’সম্মেলন ঘিরে প্রত্যাশাও কম ছিল না শিশু সাংবাদিকদের। নোয়াখালীর অরিন, পাবনার এলিন, ময়মনসিংহের দীপ, সাতক্ষীরার বাদল, ঢাকার বৈশাখীসহ অনেক শিশু সাংবাদিকই চেয়েছে ভবিষ্যৎ সম্মেলন যেন এক সপ্তাহ ধরে চলে। কেউ বা বলেছে, তারা নিজেরাই সম্মেলন করতে চায়! ও হ্যাঁ, সম্মেলনের আরেকটি বড় প্রাপ্তি ছিল সংগঠক দল। সংগঠক দলে ছিলেন আরমান, হাসান, সন্ধ্যা, সুমি, বৈশাখী, নাহিয়ান; যাঁরা সবাই ছিলেন এককালের শিশু সাংবাদিক! সেই অভিজ্ঞতা আর সংগঠনের জন্য ভালোবাসা—সব মিলিয়ে কনভেনশন ছিল তাঁদের জীবনের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্ট। আরমান বললেন, ‘এটা এশিয়ার মধ্যে শিশু সাংবাদিকদের অন্যতম বৃহৎ সম্মেলন। ধন্যবাদ টিম লিডারদের, তাঁরা শিশু সাংবাদিকদের সময় দিয়েছেন বলে।’ বিনয়ের সঙ্গেই নিজেদের কৃতিত্ব ফিরিয়ে দিলেন সন্ধ্যা ও নাহিয়ান। বললেন, সব কৃতিত্ব আসলে শিশু সাংবাদিকদের। হাসান আর সুমি তো সবাইকেই ধন্যবাদ দিয়ে ফেললেন নিজেদের ফেলে আসা স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য! অথচ তাঁদের ছাড়া সম্মেলন যে অচল হয়ে যেত, তা কে না জানে? সাংস্কৃতিক পর্ব, কুইজ পর্ব, উদ্বোধনী, খাবার, সেমিনার—সবকিছু নিজেদের হাতে সামলেছেন তাঁরা। অনেক দিন কাজ শেষে বাড়ি ফিরতে রাত ১০টা ১১টা বেজে গেছে। এটা কি সহজ কথা?উদ্বোধনী সংগীত ‘আমরা শিশু, আমাদের বলতে দাও’ গানটা নাহিয়ান নিজে লিখেছেন। তাই তো বিনয়ী আর গর্বিতদের কাতারে দাঁড়ালেন ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার আরিফা এস শারমিন। বললেন, ‘শিশু সাংবাদিকদের জাতীয় সম্মেলন, তা-ও আবার দ্বিতীয়। এই অর্জন শিশু সাংবাদিকদেরই। ইউনিসেফ গর্বিত শিশু সাংবাদিকদের মতো আলোকিত শিশু তৈরি করতে পেরে।’ সবার পক্ষে যবনিকা টানলেন শিশু প্রকাশের স্বপ্নদষ্টা এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। বললেন, ‘শিশুদের কথা শিশুরা বলবে। এ স্বপ্নটা এখন সত্যি হয়েছে। শিশুদের জাতির ভবিষ্যৎ বলে সবাই, কিন্তু শিশুরা যে অন্য শিশুর ভবিষ্যতের পথ সুগম করছে, তা জানে কজনা? শিশু সাংবাদিকেরা সেই পথেরই কারিগর। শিশুদের অধিকারের কথাটা শিশুরাই বোঝে সবচেয়ে ভালো। তাই নয় কি?’