আমাদের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালতার ডাল এসে নুয়ে পড়েছে কলঘরের ওপর। ফুটেছে চালতা ফুল। কামরাঙাগাছ উঠোনের মাথায়। উঠোনে ফুটেছে কামরাঙা ফুল। দরজায় দাঁড়িয়ে কার্তিকের বড় গোল চাঁদ। বাড়ির পাশে পুকুর। পুকুরে চাঁদের ছায়া।
হেমন্ত এলেই ভাবি শহর ছেড়ে চলে যাই আমাদের বাড়ি। দেখব জানালাজুড়ে কেমন রোদ পড়ে থাকে। পথে পথে সবুজ মাঠ, ঘাস, রুপালি শিশির। দিগন্তে কুয়াশার ব্যাস। চতুর্ভুজের ব্যাসার্ধ নিয়ে আমাদের পুকুর। শাকসবজি। উৎসব-আলপনা।
কার্তিক মাসে মাছ ধরার ধুম লেগে যায় বাড়ির পাশের পুকুরে। ঝাঁকি জাল, পলো, কোঁচ, ঠেলাজাল— মাছ ধরার নানা হাতিয়ার। কেউ কেউ খালি হাত। ডুব দিয়ে মাছ ধরে। পানির নিচে কাদায়। হাতড়াতে হাতড়াতে মুঠোয় সরপুঁটি। সারা বেলা মাছ ধরে খালই ভরে ফিরে যায় যার যার বাড়ি। রুই, পুঁটি, ট্যাংরা, মাগুর, শিং, শোল।
পূর্ণিমায় পুকুরের পানিতে ওঠে বড় গোল চাঁদ। টলমল করে পানি। পানিতে ভাসে কচুরিপানা-কচুরি ফুল। হলুদ, বেগুনি। রাতের নীল আভায় হলুদ-বেগুনির আলোয় ভেসে যায় পুকুর পাড়, আমাদের বাড়ি।
বাড়ির চারপাশ শাকসবজি দিয়ে ঘেরা। লাল লাল পালং, কচি কুমড়োর ডগা, ঝিরিঝিরি টমেটো চারা। মুলা, ফুলকপি, গাজর তখন মাটি ভেদ করে ওপরে। বিকেলে পানি সেচ। শুকনো মাটি ভেজা হয়। ভোরে সরের মতো কুয়াশা জমে ভিটের ভেজা মাঠে। সকালের রোদে কুঁড়ির ওপর বসে মণিমুক্তার মেলা। রুপালি আলোয় জ্বলে ওঠে শিশির আর আমাদের বাড়ি।
অগ্রহায়ণে মাঠে মাঠে সোনালি ধান। কৃষকের হাসি। উৎসবে মেতে ওঠে দশ দিক। ঘরের মেঝেতে আলপনা। দরজায় আর উঠোনে। নতুন গুড়, গুঁড়ি কোটার শব্দ। পিঠা-পায়েসের ম-ম গন্ধ। বাড়ি বাড়ি আদান-প্রদান। সে এক উৎসব!
শহুরে জীবেন মনে হয় একঘেয়ে বেঁচে আছি। রুটিনের ছকে। ভিড় ঠেলে, ধাক্কা সয়ে যাই রোজ। আড়াল করে রাখি আমার বেড়ে ওঠা। পুরোনো পথঘাট, উঠোন, স্মৃতি।
অনেকবার ভাবি হেমন্তে বাড়ি যাব। কিন্তু যাব যাব করে কিছুতেই যাওয়া হয় না।
আমার লেখার টেবিলের এক পাশে কিছু রং পেনসিল, সাদা মলাট। আমি আনমনে এঁকে যাই হেমন্ত। একটি চালতাগাছ। কুয়াশার ব্যাস নিয়ে দিগন্ত। কামরাঙা ফুলের উঠোন। মণিমুক্তার ভিটে। আলপনা। দরজা-জানালা। পুকুর পাড়—হলুদ, বেগুনি ফুল। কচুরিপানা আর আমাদের বাড়ি।