আমাদের বৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম আমার বৈশাখী। আমার জন্ম কবে তা ঠিক মনে নেই, তবে যত দূর মনে পড়ে, বাংলা ১৩৯৯ সনের বৈশাখ মাসে কার্জন হলের পিচঢালা পথ ধরে এঁকেবেঁকে কচুক্ষেত পর্যন্ত আমার পথচলা শুরু। ঋতুর নামে তাই আমার নামটিও হয়ে গেল বৈশাখী। চৈতালী, ফাল্গুনী, শ্রাবণ—এরা কিন্তু আমার খুব নিকটাত্মীয়। এবার নিশ্চয়ই সবাই বেশ কৌতূহলী হয়ে উঠেছেন কে আমি? আমি বৈশাখী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুরবাসী সব ছাত্রছাত্রী বন্ধুর বিশ্ববিদ্যালয়ে আসা ও যাওয়ার সঙ্গী। ‘বৈশাখী’ বাসটির পরিচয়টা চুপিচুপি তার কাছ থেকেই শুনে নেওয়া।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরপুরের একঝাঁক প্রাণ এই বাসে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসে আর ক্লাস শেষে বাসায় ফেরে। আসা আর যাওয়ার এ গল্পটি কিন্তু মোটেও গম্ভীর আর চুপচাপ নয় বরং হাসিঠাট্টা আর আড্ডাবাজিতে ভরপুর—বলছিলেন বৈশাখীর কাজীপাড়ার বন্ধু আশিক। কার্জন হল থেকে রওনা দেওয়া বৈশাখী তখন একটা বিকট ধাক্কা দিয়ে চলতে শুরু করেছে। মনটা তার খুব একটা ভালো নেই। মন খারাপের কারণটা জানতে চুপিচুপি আবার শুরু হলো বৈশাখীর সঙ্গে কথোপকথন। জানা গেল পড়ন্ত বিকেলেও খুব কষ্ট তার মনে আজ। এবারের বৈশাখেও একটু লাল-সাদার ছোঁয়াও জোটেনি তার কপালে। অথচ বাকি বৈশাখীরা অর্থাত্ ও ছাড়া আরও যে চারটা বৈশাখী আছে তাদের পোশাক কিন্তু লাল-সাদা-নীল। পোশাকের নীল, বৈশাখীর নীল বেদনায় আমার মনটা যখন ভার হতে যাচ্ছিল তখনই কানে এল ওয়াইম্যাক্স নিয়ে ব্যাপক তর্ক-বিতর্কের শব্দ। দরজার পাশে কয়েকজন এ নিয়ে বিশাল বক্তৃতাও ইতিমধ্যে দিয়ে ফেলেছেন।মজার বিষয় হচ্ছে, এখানে যাঁরা আছেন বাদুড়ঝোলা হয়ে তাঁরা সব সময় ঝুলতে ঝুলতে যেতেই পছন্দ করেন। সিট থাকলেও বসেন না। বৈশাখীর সাবেক সভাপতি মো. রাহাত বাস সহকারীর দায়িত্ব পালন করেন এখানে ঝুলতে ঝুলতেই। বহু দিনের পুরোনো অভ্যাস তাঁর। এ বাসে আবার নারী-পুরুষের সমান অধিকার। নিচতলা মেয়েদের আর দ্বিতীয় তলা ছেলেদের জন্য বরাদ্দ। নিচতলায় মুক্তা আপুকে পাওয়া গেল ঘুমন্ত অবস্থায়। মেমি ব্যস্ত মুঠোফোনে কথা বলতে। ওদিকে ঊর্মি, সুধারা কিন্তু শুধু বসে নেই। মার্কেট, শপিং, ফেসবুক, বয়ফ্রেন্ড নিয়ে গল্প জুড়ে দিয়েছেন। ছেলেরা কী করছেন তা জানার সাধ হলো মনে, কিন্তু না, ওপরে ওঠা বারণ। তাই দ্বিতীয় তলায় পাঠানো হলো বিশেষ প্রতিনিধি মিরাজকে। তিনি এসে জানান নাহিম, তাজ, শাহীন ভাইয়া পয়লা বৈশাখ, জঙ্গিবাদ, শিক্ষক সমালোচনা, বিভাগ ও পড়াশোনার আলোচনা নিয়ে ব্যস্ত। জাহিদ, অপু, শিহাব, আদনান বেশ চিন্তিত বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে। কেউ বা গভীর ঘুমে ব্যস্ত। এর মধ্যে অনেকেই নেমে গেছেন। বাসটাও আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। সূর্যি মামাও বিদায় নেবে নেবে বলে। এ তো গেল পড়ন্ত বিকেলে বাড়ি ফেরার গল্প।বৈশাখীর সকালের চিত্রটা কিন্তু একটু অন্য রকম। আনন্দ আর হাসিঠাট্টার ফাঁকে একটু বিষাদ আর চিন্তা মাখা—বলছিলেন সকালের বাসের বন্ধু বৈশাখী বাসের সভাপতি জয়। এ চিত্র আসলেই আলাদা। কেউ বই নিয়ে পড়াশোনায় ব্যস্ত। কারও বা সময় যেন আর কাটে না। কাটবেই বা কী করে বলেন ঢাকা শহরের জ্যাম! গাড়ি মনে হয় চলেই না। কেউ কেউ আবার মজা করে গেয়েও ওঠেন—‘গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না।’ হয়তো তাতে গাড়িটা একটু নড়ে উঠল তাতেই তারা খুশি। ওদিকে রুমী, মেমী, ইলা চিন্তিত ঠিক সময়ে ক্লাসে ঢোকা নিয়ে। স্বর্ণা কিন্তু ব্যাপক বুদ্ধিমতী। পরীক্ষা দুপুরে, তিনি সকালের বাসেই রওনা হয়ে গেছেন মিরপুর থেকে। ঊর্মি ইতিমধ্যে বিজ্ঞাপনের সব বোর্ড মুখস্থ করে ফেলেছেন। কেউ কেউ আবার বৈশাখের গরমে অস্থির হয়ে হাতপাখা দোলাচ্ছেন। এমন সময় বাসটা এক পাশে কাত হয়ে গেলে নওরিনের চিত্কার। সঙ্গে সঙ্গে রুমীর আশ্বাস, ‘কী আপু নতুন? প্রথম বর্ষ? আরে, এটা কিছুই না বোকা, আমরা তো এ রকম দুলতে দুলতেই ভার্সিটি যাই।’শুনে বৈশাখীর মন হলো একটু খারাপ। তার কী দোষ? প্রশাসন যদি কিছু না করে, সে কী করবে। বেচারা তো এখানে অসহায়। বৈশাখীর খুব ভালো লাগে রাস্তায় জ্যাম না থাকলে, ঠিক সময়ে সবাইকে ক্লাস ধরিয়ে দিত। বাড়ি ফেরার সময় যখন কেউ নিশ্চিন্তে ঘুম দেয়, বৈশাখী তাঁকে চুপি চুপি ঘুমপাড়ানির গান শোনায়। তবে মাঝেমধ্যে যে তার রাগ হয় না তা নয়! যখন কেউ তার বসার আসনের ফোম আর রেক্সিনে চিমটি কাটে তখন খুব কষ্ট পায় সে। বৈশাখীর এক বন্ধু সুধা মতামত দিতে গিয়ে বললেন, আমরা তরুণেরাই বদলে দেব সব অনিয়ম। তাই আমাদের কোনোভাবেই ট্রাফিক আইন ভাঙা চলবে না। আমাদের বৈশাখীর এই হলো দুঃখ-সুখগাথা। ওর সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে আপনিও চলে আসতে পারেন একদিন আমাদের বৈশাখী ভ্রমণে।