আমাদের ভলান্টিয়ারের দল
স্কুলে স্কুলে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট নিয়ে যাওয়ার জন্য আমার কিছু ভলান্টিয়ারের দরকার, সে জন্য ইউনিভার্সিটিতে নোটিশ দিয়েছি। যেদিন সবাইকে ডেকেছি, অবাক হয়ে আবিষ্কার করলাম, এক-দুইজন নয়, অসংখ্য ছেলেমেয়ে এসে হাজির। দেখেই আমার মনটা ভালো হয়ে গেল। আমি বললাম, ‘দেখো, এটা কিন্তু ভলান্টারি কাজ। পৃথিবীর সব বড় বড় কাজ হয় স্বেচ্ছাশ্রমে। এই দেশে যে গণিত অলিম্পিয়াড এত চমৎকারভাবে কাজ করছে তার কারণ, পুরোটা করা হয় ভলান্টিয়ারদের দিয়ে।’উপস্থিত ছাত্রছাত্রীরা মাথা নেড়ে বলল, ‘আমরা জানি!’‘তোমরা কিন্তু পরিশ্রম করবে, খাটাখাটুনি করবে, বিনিময়ে কিছুই পাবে না।’ আমার ছাত্রছাত্রীরা বলল, ‘আমরা কিছু চাই না।’‘পৃথিবীর সবাই কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছে। কিছু না পেলে কেউ কিছু করতে চায় না। আমরা সেটার পরিবর্তন করতে চাই। আমরা চাই, সবাই শিখুক, কোনো কিছু না পেয়েই অন্যের জন্য কাজ করতে হবে। তোমরা রাজি?’ছেলেমেয়েরা মাথা নাড়ল, বলল, ‘রাজি।’আমি বললাম, ‘একেবারে কিছু পাবে না সেটা সত্যি নয়। যেটা পাবে সেটা হচ্ছে, অন্যের জন্য কিছু করার যে আনন্দ তার কোনো তুলনা নেই!’শুনে আমার ছাত্রছাত্রীরা অনন্দে দাঁত বের করে হাসল, হাততালি দিল! সেই থেকে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছি। মাইক্রোবাস বোঝাই বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্ট। ছাত্রছাত্রীরা সেগুলো সাজিয়ে দেয়, সারা দিন সেগুলো স্কুলের বাচ্চাদের দেখায়, দিন শেষে বাক্সে ভরে ফিরে আসে। কোথায় কী আছে, কোনটা কীভাবে দেখাতে হবে, কোনটা নষ্ট হলে কীভাবে সারাতে হবে তারা জানে। আমার আর কিছুই করতে হয় না। কোনো স্কুলে গেলে এক কোনায় গালে হাত দিয়ে বসে বসে দেখি, ছোট বাচ্চারা ছোটাছুটি করে সায়েন্স এক্সপেরিমেন্ট করছে, হাত দিয়ে দেখছে আর আমার ভলান্টিয়ার ছেলেমেয়েরা সেগুলো ম্যানেজ করছে। কী সুন্দর দৃশ্য!আমি সেদিন জিজ্ঞেস করলাম, ‘এই গাড়ির চাবি আর একজন ড্রাইভার তোমাদের দায়িত্বে দিয়ে দিলে তোমরা সারা দেশে ঘুরে বেড়াতে পারবে না?’ ভলান্টিয়ার ছেলেমেয়েরা মাথা নাড়ল, বলল, ‘পারব, স্যার!’আমি জানি তারা পারবে। ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হয়, ক্লাস করতে হয়, হোম ওয়ার্ক করতে হয়, পরীক্ষা দিতে হয়, তা না হলে আমার এই ভলান্টিয়ারের দল নিয়ে নিয়ে কত কিছু করে ফেলতে পারতাম!