আমাদের ভিটার ওপর বাংকার বানিয়েছিল পাকসেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক পার্থপ্রতিম চৌধুরী একাত্তরে বোয়ালখালী উপজেলায় স্যার আশুতোষ কলেজে (কানুনগোপাড়া কলেজ) অধ্যাপনা করতেন। থাকতেন কলেজ হোস্টেল ‘নিরিবিলি’তে। তাঁর জবানিতে যুদ্ধ দিনের নানা ঘটনা তুলে ধরছেন মুহাম্মদ শামসুল হক৭ মার্চের পর থেকে অধ্যাপক দিলীপ চৌধুরীর নেতৃত্বে কানুনগোপাড়া কলেজ ও সংলগ্ন এলাকায় মুক্তি-যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। আমরা শিক্ষকেরা পাড়ায় পাড়ায় সভা করে জনগণকে উদ্বুদ্ধ করি। কয়েকজন বাঙালি সাবেক সেনা সদস্য জনগণকে প্রশিক্ষণ দিতেন। বেশির ভাগ সভা ও প্রশিক্ষণ হতো কলেজের দক্ষিণ দিকে হরিবাড়ির মন্দিরের মাঠে (হাটখোলা)। ২৬ মার্চ ভোরে ঘুম থেকে ডেকে ছাত্রলীগ নেতা আ হ ম নাসির জানাল, রাতে চট্টগ্রাম সেনানিবাসে অনেক বাঙালি সৈনিককে পাকিস্তানিরা হত্যা করেছে। গোমদণ্ডী স্টেশন এবং আশপাশে প্রচুর বাঙালি সৈন্য পালিয়ে এসে অবস্থান নিয়েছে। তাদের অনেকেই আহত। আমি তাঁদের প্রয়োজনীয় সাহায্য করার পরামর্শ দিয়ে বললাম, আমরাও খাদ্য-বস্ত্র সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা করছি।সকাল ১০-১১টায় দিলীপ চৌধুরী এসে জানান, শেখ সাহেব স্বাধীনতা ঘোষণা করেছেন, শহরে তা মাইকে প্রচার হচ্ছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। বিকেলেও প্রচুর ইপিআর (ইস্ট পাকিস্তান রেজিমেন্ট) ও বেঙ্গল রেজিমেন্টের সদস্য কলেজ ও সংলগ্ন হরিবাড়ির মাঠে জড়ো হয়েছে।আমরা ছাত্র-শিক্ষক পাড়ায় পাড়ায় ঘুরে চাল-ডাল সংগ্রহ ও রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করি। ২৭ মার্চ আমার এক ছাত্র-কমান্ডার সোলেমানের আহ্বানে আমি ও সহকর্মী অধ্যাপক জামাল রসায়ন ল্যাবরেটরি থেকে কিছু কেমিকেল এবং গোমদণ্ডী রেললাইন থেকে পাথর নিয়ে ছোট্ট একটা হাতবোমা বানাই। পরীক্ষামূলকভাবে সেটি শিক্ষক হোস্টেল নিরিবিলির মাঠে ছুড়ে দেখি, প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর আরও কিছু বোমা বানিয়ে তাদের দিয়েছিলাম। যুদ্ধ চলাকালে অনেক মুক্তিযোদ্ধা আমাদের হোস্টেলে আসে। তাদের অস্ত্র-শস্ত্র নিরাপদে রাখা এবং অনেকের আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করি আমরা। মনে পড়ে, এপ্রিলের প্রথম সপ্তাহে একদিন ক্যাপ্টেন হারুন (পরে সেনা প্রধান) জিপ চালিয়ে কানুনগোপাড়া কলেজে এসেছিলেন। তাঁকে হোস্টেলে নিয়ে খাবারের ব্যবস্থা করি। তাঁর অনুরোধে তাঁর সামরিক পোশাক রেখে আমার শার্ট-প্যান্টও দিয়েছিলাম। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পাক সেনারা ভারী অস্ত্র নিয়ে কালুরঘাট অতিক্রম করে। আমার বাড়ি ছিল হবিগঞ্জের তেলিয়াপাড়া। এখানে কোনো আত্মীয়-স্বজন ছিল না। ভাই-বোনদের নিয়ে কোথায় যাব বুঝতে পারছিলাম না। অধ্যক্ষ শান্তিময় খাস্তগীরকে বলেছিলাম নিরাপদ আশ্রয়ে পাহাড়ে চলে যেতে। তিনি আমাকে বেতনের কিছু টাকা দিয়ে ভারতে চলে যাওয়ার পরামর্শ দেন। মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীর (পরে শহীদ হয়েছিলেন) সঙ্গে ১০ এপ্রিল ভাই-বোন ও কয়েকজন সঙ্গীসহ বিভিন্ন গ্রাম ও বন-জঙ্গলের ভেতর দিয়ে হাটহাজারী, নাজিরহাট হয়ে ১২ এপ্রিল বিকেলে রামগড় পৌঁছি। সেখানে দেখা হয় কুণ্ডেশ্বরীর সত্যসিংহ ও প্রফুল্ল রঞ্জন সিংহের সঙ্গে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ আর মল্লিক, ড. আনিসুজ্জমান, সৈয়দ আলী আহসানসহ চট্টগ্রামের অনেক শিক্ষাবিদ তখন রামগড়ে। ১৩ এপ্রিল সকালে সাবরুম শরণার্থী ক্যাম্প পৌঁছি। আশ্রয়ের সন্ধানে ঘুরতে গিয়ে জানতে পারি, সাবরুমের পোস্ট মাস্টারের আদি বাড়ি হবিগঞ্জে। পরিচয় পেয়ে আমাকে তিনি তাঁর বাসায় আশ্রয় দেন। পরদিন আগরতলা থেকে বাসে ত্রিপুরা হয়ে জন্মভূমি তেলিয়াপাড়া যাই। জানলাম, তেলিয়া বাগানে মিলিটারি হেড কোয়ার্টার হয়েছে। যুদ্ধ চলছে শাহবাজপুরে। প্রাক্তন সৈনিক ও গ্রামবাসী সি আর দত্তসহ অন্যান্য সেনা কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছে। মা-বাবা-গ্রামবাসী ইতিমধ্যে আমার আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁরা আমাকে পেয়ে যেন আকাশের চাঁদ পেলেন। ১৫ মে পাকবাহিনী আমাদের গ্রামে ঢুকে আগুন দিয়ে আমাদের বসত-বাড়িসহ অনেক বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। আমাদের বাড়িতে পাকবাহিনী চারটি বাংকার তৈরি করে। হিন্দু-মুসলমান যাকেই পাচ্ছিল, মারছিল পাখির মতো গুলি করে। এ অবস্থায় আবার আগরতলা ফিরে গিয়ে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সহযোগিতায় নিজেকে নিয়োজিত করি। ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেলাম ৩০ লাখ প্রাণের বিনিময়ে।