আমাদের ভুবনে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১০টার ক্লাস শেষ হতেই এক দৌড়ে টিএসসির সবুজ প্রাঙ্গণে এসে হাঁপ ছাড়লেন সাজু, নিলয় আর শুভ্র। হাঁপাতে হাঁপাতে শিঙাড়া আর চায়ের অর্ডার দিয়ে বসে পড়লেন আড্ডার ঝাঁপি খুলে। সব সময় একসঙ্গে থাকেন বলে সহপাঠীরা তাঁদের ডাকেন ‘থ্রি স্টুজেস’ নামে। আড্ডা দিতে দিতে সাজু বলেন, ‘স্যারের ক্লাসটা আজ যেন শেষই হতে চাইছিল না। অথচ টিএসসিতে আসার জন্য প্রাণটা আমার আকুলি-বিকুলি করছিল। শুধু মনে হচ্ছিল, কখন টিএসসিতে গিয়ে বুক ভরে শ্বাস নেব।’ এদিকে নিলয় বলে ওঠেন, ‘আমার তো ক্ষুধায় নাড়িভুঁড়ি সব হজম হওয়ার জোগাড়।’ একটু পরই এল শিঙাড়া আর কাপ ভর্তি গরম চা। স্বল্পভাষী শুভ্র পুরু লেন্সের চশমাটি নাকের ডগা থেকে ওপরের দিকে তুলে দিয়ে যোগ করলেন, ‘এত সস্তায় এসব খাবার টিএসসি ছাড়া আর কোথায় মিলবে বল!’ এভাবেই গড়াতে থাকে আড্ডা। কখনো তা সিলেবাসের মধ্যে, কখনো বা আবার সিলেবাসের বাইরে। বেলা বাড়তে বাড়তে মুখরিত হয়ে ওঠে টিএসসি। শিক্ষার্থীরা আড্ডা দিতে বসে গেছেন গোল হয়ে অথবা সারিবদ্ধভাবে। ইন্টারনেট ব্রাউজ করতে করতে বেজে ওঠা মুঠোফোনটা রিসিভ করেই শাওন তাঁর বন্ধু লিখনকে বলছেন, ‘আমি টিএসসির সাইবার ক্যাফেতে। হাতে কাজ না থাকলে চলে আয় এখানে।’ শুধু শাওন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর নেট ব্রাউজের জায়গা এই সাইবার ক্যাফে। এখানে মাত্র ৬০ টাকায় ৩০০ মিনিট নেট ব্রাউজ করতে পারেন তাঁরা। দীর্ঘদিন ধরে টিএসসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলমগীর। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মিলনকেন্দ্র টিএসসির দায়িত্ব অনেক। প্রশ্ন করি, এর মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষকের কতটা কাছে যেতে পারছেন? মো. আলমগীর বলেন, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকের সম্পর্ককে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে দেয় টিএসসি। এ ছাড়া নিয়মিত পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশের সঙ্গে সঙ্গে বিবেক ও মননশীল চিন্তা-চেতনা জাগ্রত করার কাজটিও করে টিএসসি। এ কারণে কবিতা, চলচ্চিত্র, বিতর্ক, ফটোগ্রাফি, সাংবাদিকতাসহ আরও নানা বিষয়ে বেশ কিছু সংগঠন গড়ে উঠেছে টিএসসিকে কেন্দ্র করে। এ সংগঠনগুলোকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দেয় টিএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপ্রধান দীপঙ্কর দিপু বলেন, টিএসসি মাথার ওপর আছে বলেই আমরা সংগঠনটি চালিয়ে নিতে পারছি। ল্যাপটপের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হন্তদন্ত হয়ে টিএসসিতে ঢুকতে দেখা গেল এক শিক্ষার্থীকে। ব্যাগ থেকে দ্রুত ল্যাপটপ বের করে ওয়াই-ফাইয়ের সুবিধা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ইন্টারনেট ব্রাউজ করতে। টিএসসি এলাকায় ওয়াই-ফাইয়ের মাধ্যমে বিনা পয়সায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজ করা যায়। সে কারণে এখানে ভিড় লেগেই থাকে। টিএসসির ভেতর দেখা মিলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস স্বপ্নবাজের উদ্যোক্তা পাঁচ তরুণের সঙ্গে। টিএসসিতে নিয়মিত আসেন কি না, প্রশ্ন করতেই পার্থ বলেন, ‘কেন আসব না! টিএসসি তো আমাদের জায়গা। বলতে পারেন আড্ডা, বিনোদন আর শেখার জায়গা।’ প্রীত বলেন, ‘দুপুরে ১৮ টাকায় পোলাও-মাংস খাওয়া বা ইচ্ছামতো নেট ব্রাউজ করার সুযোগ আর কোথায় পাবেন আপনি!’ কথা বলতে বলতেই ঝংকার ওঠে গিটারে। সমস্বরে গেয়ে ওঠে সবাই, ‘এ যেন পঞ্চস্বরে দগ্ধ করে/বলেছ কী আজ রাতের শেষ খবর’।সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা এলে সবার আগে উঠে আসে টিএসসির নাম। নাট্যজন গোলাম কুদ্দুস বলেন, নাট্য-আন্দোলনের শুরু তো টিএসসি থেকেই। নাট্যদম্পতি নাসির উদ্দীন ইউসুফ ও শিমূল ইউসুফ জানান, গ্রুপ থিয়েটার আন্দোলনের আঁতুড়ঘর হলো টিএসসি। তবে টিএসসি শুধু নাট্যচর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সংস্কৃতির অন্যান্য শাখাও আশ্রয় পেয়েছে এখানে। আর টিএসসিকে ইন্টেলেকচুয়াল রোমান্টিসিজম এবং রোমান্টিক রোমান্টিসিজমের জায়গা বলে মনে করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। সেই ষাটের দশক থেকে আজ অবধি নানা প্রজন্ম পেরিয়ে এখনো স্বমহিমায় উজ্জ্বল টিএসসি। এমনই দুই প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক এবং তাঁর মেয়ে শুচিতা শারমিন। দুজনই শিক্ষক ও শিক্ষার্থী হিসেবে টিএসসিকে কেমন দেখেছেন প্রশ্ন করতে ফজলুল হক বলেন, বর্তমানে টিএসসির বুদ্ধিবৃত্তিক আড্ডাটি ম্লান হয়ে গেছে। জাতীয় চেতনায় ধস নেমেছে। ছেলেমেয়েরা এখন শুধু সস্তা বিনোদন খোঁজে। তবে হ্যাঁ, এর পরও প্রগতিশীল চিন্তাভাবনার চর্চা অব্যাহত আছে। কন্যা শুচিতা শারমিন বাবার কথায় খানিকটা একমত। বলেন, পরিবর্তনটা স্বাভাবিক। এটা কালের ধারাবাহিকতা। তবে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি সংস্কৃতিমনা। শুধু বিনোদন নিয়ে না থেকে ঘটনার তাৎপর্য বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন তিনি। পড়ন্ত বিকেলে সূর্যের রক্তিম আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। তারই এক ফালি রোদ এসে পড়েছে টিএসসির সবুজ চত্বরে। এরই মধ্যে গোল হয়ে আড্ডা দেওয়া একদল শিক্ষার্থী হেঁকে ওঠে, ‘বল বীর, চির উন্নত মম শির’। আবার অন্যদিকে আরেক দল গেয়ে ওঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে/ এ জীবন পূর্ণ করো’। আর এসব মিলিত সুরে ক্রমেই মুখরিত হয়ে ওঠে টিএসসি। যেখানে এসে তরুণেরা স্বপ্ন দেখে নতুন কিছু করার, সামনের দিকে এগিয়ে যাওয়ার...।