আমাদের মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: স্বপন চারুশি
অলংকরণ: স্বপন চারুশি

আবহমানকাল থেকে গ্রাম-বাংলায় হালখাতা-মেলাসহ নানা আয়োজনে পালিত হয়ে আসছে বাংলা নববর্ষ—‘পয়লা বৈশাখ’। রাখিবন্ধনসহ ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি মাইক বাজিয়ে প্রভাতফেরির আয়োজনও হতো কোথাও কোথাও। পান্তার সঙ্গে হঠাৎ ‘ইলিশ’ জুড়ে দিয়ে সাম্প্রতিক ‘পান্তা-ইলিশ’সংস্কৃতি তখন চালু না থাকলেও বাংলা সনের প্রথম এই দিনটিতে কিন্তু ঘরে ঘরে ভালো খানাপিনার আয়োজন থাকত সর্বত্র। মুড়িমুড়কি, গুড়ের বাতাসা আর খেলনা-মিষ্টি ছিল গণ-আপ্যায়নের প্রধান অনুষঙ্গ। গ্রামীণমেলার কাগজ, শোলা, কাঠ, বাঁশ কিংবা মাটির তৈরি কারুকার্যময় বাহারি সব লোকজশিল্প বাংলাকে রাঙিয়ে তুলত অভিনব এক উত্সবের আমেজে। গ্রামীণ জীবনে এখনো এর কিছু রেশ থেকে গেলেও নাগরিক জীবনের বাস্তবতায় এই দিবসটি ঘিরে এত আয়োজন-আড়ম্বরতা কিন্তু নিকট অতীতেও খুব বেশি দেখা যায়নি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে সেই পাকিস্তান আমল থেকে রমনা বটমূলে ছায়ানটের বিশেষ সংগীতায়োজনের মধ্য দিয়ে বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজনটি ছাড়া তেমন কোনো উদ্যোগ-আয়োজন এই ঢাকা শহরে খুব একটা চোখে পড়ত না। মূলত ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাগরিক জীবনে ‘বাংলা বর্ষবরণ’ উদ্যাপনে নতুন একটি মাত্রা যোগ করে।
এ পর্যায়ে গ্রামীণ মেলা থেকে সংগ্রহ করা মাটি, কাঠ কিংবা শোলা দিয়ে তৈরি লোকজ নানা মোটিফ, বিশেষ করে বাঘ, হাতি, ঘোড়া, পাখি কিংবা টেপা মাটির পুতুলের বিশাল আকৃতির সংস্করণ তৈরি করতে শুরু করে চারুকলার শিক্ষার্থীরা। পয়লা বৈশাখের সূর্যোদয়ের আগমুহূর্ত পর্যন্ত বিরামহীন চলে এই কাজ। এরপর নিরন্তর পরিশ্রমে নির্মিত বিশাল বিশাল হাতি-ঘোড়াসহ সবকিছু রাখা হয় চারুকলার সামনের রাস্তায়, মঙ্গল শোভাযাত্রার ঠিক অগ্রভাগে। নিজেদের নিমার্ণের দিকে তাকিয়ে তখন তাঁদের ঘুমহীন চোখেও ঝিলিক দেয় অন্য ধরনের এক মুগ্ধতা। যে মুগ্ধতার আবেশ ক্রমশ ছড়িয়ে পড়ে নগর জীবনের সব বয়সের, সব মানুষের—প্রাণে প্রাণে। সবার মঙ্গলস্পর্শে নিস্প্রাণ হাতি-ঘোড়াগুলো যেন প্রাণ পায়। এগিয়ে যায় সামনের দিকে। এগিয়ে চলে শোভাযাত্রা, আমাদের ‘মঙ্গল শোভাযাত্রা’।
মূলত ঢাকায় শুরুর পর থেকেই মঙ্গল শোভাযাত্রার ঢেউ অল্প দিনের মধ্যেই ঢাকার গণ্ডি পেরিয়ে দেশের আনাচে-কানাচে এমন কি ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের নানা দেশে যেখানেই বাঙালি, সেখানেই তা ছড়িয়ে পড়েছে। মঙ্গল শোভাযাত্রা তথা বৈশাখ উত্সব এখন বাঙালির প্রাণের উত্সব, অসাম্প্রদায়িক চেতনা তথা বাঙালি সংস্কৃতির মহামিলনক্ষেত্র।
বিনোদনহীন নগরজীবনকে পাশ কাটিয়ে অনেক মা-বাবাই শিশুসন্তানকে নিয়ে এ সময়ে চলে আসেন উত্সব প্রস্তুতিপর্বের আঙিনায়। মাত্র ভিডিও গেম থেকে উঠে আসা শিশুটি নতুন অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়ে প্রথমে একটু থমকে গেলেও সহসাই সে মেতে উঠে তার সহজাত দুরন্তপনায়। রাজা-রানির মুখোশের কাছে দাঁড়িয়ে ভাবে, সঙ্গে রাজপুত্রের মুখোশ বানাচ্ছে না কেন! আর ঘোড়াটাই বা কেন হাতিটার চেয়ে বড় হলো! এমন হাজারো শিশুমনের ভাবনা যেন ডানা মেলে উড়তে থাকে কর্মযজ্ঞের মুক্ত পরিসরে। শিশুমনের সংস্পর্শে কর্মযজ্ঞটি হয়ে ওঠে প্রাণবন্ত। মঙ্গলময় হয়ে ওঠে ‘মঙ্গল শোভাযাত্রা’। কণ্ঠে চলে আসে সেই গান, ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর...’