১০ ডিসেম্বর প্রথম আলোর কার্যালয়ে ‘বিজয়ের ৪০ বছর: তরুণ প্রজন্মের চোখে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। নানা ক্ষেত্রে সফল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ওই বৈঠকের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।সূচনা বক্তব্য: আনিসুল হকআমাদের ইতিহাস অনেক পুরোনো হলেও আমরা স্বাধীন হয়েছি ১৯৭১ সালে। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন যাঁরা, সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে তোমাদের মতো তরুণ ছেলেমেয়েরাই ছিল বেশি। আমাদের পূর্ব প্রজন্ম তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবার আমাদের ওপর দায়িত্ব এই দেশটাকে গড়ে তোলার। কাজটা করতে আমাদের প্রস্তুত হতে হবে। আর প্রস্তুত হতে আমাদের ’৭১-এর দিকে ফিরে ফিরে তাকাতে হবে। এ বছর সেই বিজয় দিবসের ৪০ বছর পূর্ণ হচ্ছে। আমরা তোমাদের কাছে জানতে চাচ্ছি, এই বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বিজয়ের ৪০ বছর—বিষয়গুলোকে তোমরা কীভাবে দেখো। বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে তোমরা কতটা আস্থাশীল। এখন তোমাদের মধ্য থেকে একজন বলো, এই যে আমাদের গৌরবগাথা—এ সম্পর্কে তুমি কী জানো।অমিত রায়হানআমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ—এটার একটি বিশেষত্ব আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরাই প্রথম জাতি, যারা কিনা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। অন্য দেশের স্বাধীনতার ইতিহাস পড়ে আমরা যেটা দেখতে পাই, তাদের বিশাল অস্ত্রসজ্জিত প্রশিক্ষিত সামরিক বাহিনী থাকে। কিন্তু আমাদের তেমন প্রশিক্ষিত সামরিক বাহিনী ছিল না। তৎকালীন পাকিস্তানে যত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন, তাঁরা প্রায় সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের। সেই হিসেবে আমাদের দেশে সম্পূর্ণ নিরস্ত্র মানুষ সংগঠিত হয়ে যুদ্ধ করেছে। একাত্তরে অস্ত্রের সঙ্গে সঙ্গে একটি সাংস্কৃতিক যুদ্ধও চলছিল, যাঁরা যুদ্ধের পাশাপাশি গান গেয়ে, নাটক করে জনমত তৈরি এবং যোদ্ধাদের অনুপ্রাণিত করতেন। এমনটি আর কোথাও ঘটেছে বলে আমাদের জানা নেই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে যুদ্ধের বিভিন্ন সংকেতের ব্যবহারের এমন অভূতপূর্ব সমন্বয় আর কোথাও ঘটেছে বলে জানা যায় না।শুভ্র পালআরেকটু পেছনে ফিরে ভাষা আন্দোলনকেও বিবেচনায় নিতে হবে। ’৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম বুঝতে পারি যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের কোনো অধিকারই দেবে না। কারণ, ভাষার অধিকারটা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার। তারা প্রথমেই চেষ্টা করেছে, সেই অধিকারটুকু কেড়ে নিতে। এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রথম জাগরণ। সবাই বুঝতে পেরেছিল, পাকিস্তানিদের অধীনে কোনোভাবেই আমাদের থাকা সম্ভব নয়।কানিজ ফাতেমাআমাদের একটা স্বাধীন দেশের যে স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়ছে শুধু। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি। কিন্তু বিজয়ের ৪০ বছর পরও অর্থনৈতিক মুক্তির লক্ষ্য পূরণ হয়নি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের চলছে। তাই আমার কাছে মনে হয়, এটি বিজয়ের ৪০ বছর নয়, এখনো আমরা স্বাধীনতার সূচনালগ্নেই পড়ে আছি। চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও পথ পাড়ি দিতে হবে।লামিয়া কবিরঅনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের দেশ একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখতে পাই। আমরা তরুণ প্রজন্ম, আমাদের দেশকে অনেক ভালোবাসি। অনেকে বলে, এ দেশে কিচ্ছু হবে না। তাদের বলব, শুধু হতাশা কেন, আমরা তরুণেরা কি পারব না বাংলাদেশকে এগিয়ে নিতে? আমি মনে করি, বাংলাদেশ এগিয়ে যাবেই। কারণ, আজকের তরুণেরা সম্ভাবনার নতুন নতুন দুয়ার খুলে দিচ্ছে।এলিনা সুলতানাআমিও বিশ্বাস করি, আমরাই দেশটা বদলে দিতে পারি। কারণ, আমাদের মধ্যে সে সম্ভাবনা আছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আমরাও প্রতিভার স্বাক্ষর রাখতে পারব।অনুরাগ চাকমা১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম, সেই দেশের জন্মলগ্ন থেকে আমরা দুই ধরনের আদর্শ দেখতে পাই, বাংলাদেশি না বাঙালি—কোনটি আমাদের জাতীয়তাবাদ। আরেকটি বিষয় আমরা দেখতে পাই, আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের একটিকে অনেকে চিহ্নিত করে পাকিস্তানপন্থী, আরেকটিকে ভারতপন্থী হিসেবে। এভাবে কিন্তু আমাদের জাতীয় রাজনীতি বিভক্ত হয়ে পড়েছে। আমি উপলব্ধি করি, বঙ্গবন্ধুর পর আমাদের আর কোনো জাতীয় নেতা আসলে তৈরি হয়নি। দেশ তখনই উন্নতির পথে এগিয়ে যাবে, যখন একজন সঠিক নেতা দেশ পরিচালনা করবেন। আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। আমরা যখনই কোনো দাবিতে আন্দোলন করি, তখন সরকারি বাহিনী পুলিশ-র্যাব সন্ত্রাসের ভূমিকা নেয়। এর কারণে লিমনের মতো সাধারণ তরুণকে পা হারাতে হয়। আমরা এখনো গণতান্ত্রিক মূল্যবোধ, সহমর্মিতা—এগুলো তৈরি করতে পারিনি।বিদ্যা সিনহা মিমআমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাঁর কাছ থেকে যুদ্ধের অনেক গল্প শুনেছি। ছোটবেলায় যখন ভারত-পাকিস্তান খেলা হতো, তখন ভারতকে বেছে নিতাম। কিন্তু যখন বাংলাদেশ-ভারত খেলা হয়, তখন আমি অবশ্যই বাংলাদেশকে বেছে নিই। শুধু দলই নয়, দেশ খারাপ খেললে মনে হয়, নিজে গিয়ে খেলতে পারলে হতো। দেশের জন্য এ রকম ভালোবাসা আমাদের নতুনদের মধ্যে আছে। এটাই তো দেশপ্রেম বলে আমার মনে হয়। আমার নিজের কথা যদি বলি, মুক্তিযুদ্ধের ছবিতে আমার কাজ করার প্রচণ্ড ইচ্ছা আছে। এটিও আমি হয়তো দেশপ্রেম থেকে ভাবি। আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। আর এই দেশকে আমরা নিজেদের অঙ্গীকার ও পরিবর্তনের মাধ্যমে সামনে এগিয়ে নেব।অঞ্জলি সরকারছোটবেলায় স্কুল থেকে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাওয়া হয়। জাদুঘরের ভেতরে যখন ঢুকলাম, একটার পর একটা বিষয় দেখলাম, কেমন ছিল পতাকা, কোন অস্ত্রে যুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা আসলে কীভাবে দেশটাকে স্বাধীন করেছেন। এগুলো দেখার পর আমার মনে হয়, আর কেউ পাকিস্তান বা ভারতের দালাল থাকতে পারে না। তাই মন খারাপ নয়। দেশে এখনো অনেক মানুষ আছে বা যথেষ্ট সম্পদ আছে, যা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি উন্নত দেশ করা সম্ভব। এর আগে আমাদের অনেক কিছু দেখার ও জানার আছে, যেগুলো দিয়ে আমরা ইতিহাসকে সমৃদ্ধ করতে পারি। দেশকে উজ্জীবিত করতে পারি। আমাদের হতাশ হওয়ার বা দীর্ঘশ্বাস ফেলার সময় বা সুযোগ নেই।নাবিলা নূরআমার কাছে মনে হয়, যারা ভারত ও পাকিস্তানি দালাল, তারা কিন্তু সংখ্যায় খুবই নগণ্য; যাদের আমরা তলানিতে ফেলে দিতে পারি। কারণ, বাংলাদেশের খেলায় আমরা সিংহ ভাগ বাংলাদেশকে সমর্থন করি। আমার কাছে মনে হয়, আমি যে জায়গায় আছি সেখান থেকে আমার নিজের যে দায়িত্ব, সেটা সঠিকভাবে করাই হচ্ছে দেশপ্রেমের প্রথম ধাপ।আমাদের বুয়েটে অনেক ক্লাব গত বিজয় দিবসে ‘সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ’ স্লোগানে অনাথ আশ্রমে শিশুদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। এরপর অনেকেই সেখানে গেছে। তাই আমি বলব, উদ্যোগ কিন্তু আগে একজনকেই নিতে হবে।ফারজানা আক্তারবিভিন্ন সময় আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাস বদলে যায়। কিন্তু আমরা আমাদের চোখ-কান খোলা রেখে নানা ধরনের বইপত্র পড়ে নিজেদের নতুন ইতিহাসের সিদ্ধান্তে পৌঁছাতে হয়। ছোটবেলায় বিভিন্ন জাতীয় দিবসের আগে বাবা আমাদের নিয়ে বসে সে দিবস সম্পর্কে গল্প শোনাতেন। আমি সপ্তম শ্রেণী থেকে গল্প-উপন্যাস ইত্যাদি বই পড়ি। কিন্তু আমাদের চেয়ে যারা ছোট, তারা কিন্তু গল্প, উপন্যাস বা মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়ার সময় পাচ্ছে না। তাদের মধ্যে শুধুই পড়াশোনার প্রতিযোগিতা। পাঠ্যবই আর নম্বর পাওয়ার প্রতিযোগিতা। কারণ তাদের দৈনিক রুটিন মেপে চলতে হয়, যার বাইরে যাওয়ার তাদের সময় নেই। প্রতিযোগিতার ডামাডোলে তারা কীভাবে বই পড়বে সেটাও এখন ভাবতে হবে। বিপুল মিয়াদেশকে ভালোবাসতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা চাই। আমি গ্রামে লেখাপড়া করেও আমার বাবা-চাচাদের কাছে তাঁদের দেখা মুক্তিযুদ্ধের কথা শুনেছি। শুধু নির্দিষ্ট কটা দিবসে মুক্তিযুদ্ধের কথা না বলে আমরা সারা বছর নানা উপায়ে এর প্রচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও জানাতে পারি। তাহলে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম বেড়ে যাবে। শাহ শরমিন ইসলামস্বাধীনতার ৪০ বছরে আমরা অনেক কিছু পেয়েছি। না হলে হয়তো আজ এখানে এই ২০ জন পাওয়া যেত না। শুধু এই ২০ জনই নয়, বাইরে আরও অসংখ্য ২০ জন আছে, যাদের কারণে আমাদের বাংলাদেশকে সারা বিশ্ব চেনে। আমি একজন স্কাউট সদস্য। যখন বিদেশি স্কাউটদের সঙ্গে অনুষ্ঠানে যাই, দেখি, ওদের থেকে আমরা পিছিয়ে নেই। সব কাজে মন্দ-ভালো থাকেই। আর সেখান থেকে মন্দকে বাদ দিয়ে আমরা সফল হচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রথমে মুসা ইব্রাহীম এভারেস্টে গেছেন। কিন্তু এ বছরই আরেক তরুণ এম এ মুহিত গেছেন। এখন তো আমরা প্রতিবছর যাওয়ার আশা করতে পারি। তাই বাংলাদেশকে নিয়ে আমার আশা আছে।বিদ্যা সিনহা মিমআমি একটা বিষয় ঠিক বুঝতে পারি না যে, আমাদের দেশে একেকবার সরকার পরিবর্তন হয় আর সঙ্গে সঙ্গে অনেক কিছুর নাম পরিবর্তন হয়ে যায়—এমনটি কেন হয়। একটি প্রকৃত নাম তো ওই স্থাপনা তৈরির সময়ই ঠিক করে নেওয়া হয়। দুর্নীতি প্রসঙ্গে বলব, নিজের পরিবর্তন হওয়া উচিত সবার আগে। প্রতিটা মানুষ যদি বলে, দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, তবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।এলিনা সুলতানাআমার প্রশ্ন, স্বাধীনতা কি শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য, নাকি পুরো দেশের ছেলেমেয়ের সমান স্বাধীনতা অর্জনের জন্য হয়েছিল? বিজয়ের ৪০ বছর পরও নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। স্বাধীনতার সুখ যেন নারীরা ভোগ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। লেখাপড়া হোক আর খেলাধুলা হোক, যার যেটুকু যোগ্যতা আছে তা কাজে লাগাতে হবে। খেলাধুলায় যাঁরা ভালো করছেন, তাঁদেরও সেই সম্মানটুকু আমরা কি দিতে পারছি? আমরা শুধু ক্রিকেট নিয়েই পড়ে আছি। ক্রিকেটের মতো অন্য ক্ষেত্রেও সমান সুযোগ-সুবিধা দেওয়া হোক যেন আমরাও সামনে এগিয়ে যেতে পারি। দেশের বাইরে গিয়ে নিজের দেশকে প্রতিষ্ঠিত করতে চাই।শাহাবুদ্দিন সামিএভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের এক সংবর্ধনা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। সেদিন মুহম্মদ জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা হয় আমার। তিনি বলেছিলেন, অন্যরা দেশের জন্য কী করছে সেটা বড় কথা নয়; আমি দেশের জন্য কী করছি সেটাই বড়। স্যার আরও বললেন, তোমরা যারা তরুণ প্রজন্ম আছো, তারা কোনো দোহাই দেবে না। দেশ তোমাদের কাছ থেকে দোহাই আশা করে না। দেশ তোমাদের কাছ থেকে অনেক কিছু চায়। স্যারের এই কথা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এ কথাটা আমি আমার জীবনে পালন করার চেষ্টা করি। আমার সাধ্যে যতটুকু হয়, আমি এ দেশের জন্য করব।মেহবুবা মেহরিনআমরা অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানি না। কিন্তু কেন? এই ইতিহাস জানার উপায় কী? বই পড়া, জাদুঘরে যাওয়া বা এ সংক্রান্ত কোনো চলচ্চিত্র দেখা। কিন্তু সেটা কতজন দেখতে পারে? গ্রামের ছেলেমেয়েরা সে সুযোগটা তেমন পায় না। সুতরাং তারা জানতে পারে না। আমার প্রশ্ন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য থাকবে? এটা কি সারা দেশেই ছড়িয়ে থাকতে পারে না? কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, উপজেলা পর্যায়ে অন্তত একটি করে হলেও মুক্তিযুদ্ধের ভাস্কর্য তৈরি করতে হবে। বিভিন্ন স্কুল-কলেজের আঙিনায় তো ছোটখাটো কোনো স্মৃতিস্তম্ভ বা চিত্রকর্ম থাকতে পারে। দেয়াল লিখনের পরিবর্তে অলিগলিতেও মুক্তিযুদ্ধের শিল্পকর্ম থাকতে বাধা নেই। একজনের বই পড়তে সময়ের দরকার। কিন্তু দেয়ালের পেইন্টিং দেখতে সময়ের দরকার নেই। আমরা কেউ যদি ১০ দিন ওই রাস্তায় যেতে-আসতে দেখি বা পড়ি, আমার কিন্তু ইতিহাসটা জানা হয়ে যাবে।কোনো নির্দিষ্ট এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে এসব ছবি বাছাই করা যেতে পারে। শিক্ষার্থীরাই এগুলো করে দেবে। এ জন্য তেমন খরচেরও প্রয়োজন নেই। এমন একদিন আসবে, যেদিন ঢাকাকে বলা হবে মুক্তিযুদ্ধের শহর।সৌরভ দাশদেশের তরুণ প্রজন্ম আসলে দুই ধরনের। শহরের তরুণ আর গ্রামের তরুণ। শুধু শহরের তরুণদের নিয়ে ভাবলে হবে না। আমাদের জনসংখ্যার বেশির ভাগই গ্রামে বাস করে। তাই আমার প্রস্তাব হলো, আমাদের গ্রামগুলোকে উন্নত করার পদক্ষেপ নিতে হবে।আমরা যেন আমাদের নিজস্ব সংস্কৃতিকে মেনে চলি। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে আমরা যখন নেদারল্যান্ডে গিয়েছিলাম। সেখানে এক শপিং মলে গিয়ে দেখি, প্রতিটি জামাকাপড়ে লেখা ‘মেড ইন বাংলাদেশ’। ওরা সেসব কিনছেও অহরহ। এটা দেখে আমরা খুব আনন্দিত হয়েছিলাম। আমি চাই আমরা যেন নিজেদের মাঝে নিজস্ব স্বকীয়তা গড়ে তুলি।আফসিদ ইয়ামিনআমি এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে যে দলই নির্বাচনে জয় লাভ করুক না কেন, সেই দল সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। আমার এই স্বপ্নের শুরু ক্লাস থ্রিতে যখন পড়ি। আমি স্কুলের এক পরীক্ষায় ‘এইম ইন লাইফ’ রচনায় লিখেছিলাম, আই ওয়ান্ট টু বি অ্যা পলিটিশিয়ান। তখন স্কুল কর্তৃপক্ষ আমার মা-বাবাকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনার ছেলে কেন পলিটিশিয়ান হতে চায়!ডলি প্রু মারমাবিজয়ের ৪০ বছর পূর্ণ হতে যাচ্ছে আর কয়েক দিন পর। আমি বাংলাদেশকে দেখতে চাই একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে। আমার জন্ম পাহাড়ে। আমি দেখতে পাই, পাহাড়ি ও বাঙালিদের মাঝে এখনো ভয়াবহ দ্বন্দ্ব বিদ্যমান। আমি চাই এ দ্বন্দ্বের অবসান হোক। মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাঙালিদের সঙ্গে সঙ্গে আদিবাসী অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। রাষ্ট্রীয়ভাবে তাঁদের স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হয়নি। বিজয়ের ৪০ বছরের প্রাক্কালে আমি চাই আদিবাসী সব মুক্তিযোদ্ধার স্বীকৃতি।শুভ্র পালবাঙালি-বাংলাদেশি বিতর্ক এখনো আমাদের শুনতে হয়। এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, আমরা পরিচিত হব বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে নয়। কারণ, আমাদের দেশে অনেক আদিবাসী আছে। তারা তো বাঙালি নয়। ডলির কথার সূত্র ধরে বলছি, আমি একটা গবেষণার কাজে পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলাম। সেখানে ৭৪ জন মুক্তিযোদ্ধার সঙ্গে আমার কথা হয়েছে, যাঁদের মধ্যে চারজন বীরাঙ্গনা নারী ছিলেন। কিন্তু তাঁদের কেউই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। এটা খুবই দুঃখজনক।তৌসিফ আহমেদআমি মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমার বাবার কাছে। তিনি একজন ডাক্তার এবং অধ্যক্ষ। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু তিনি মুক্তিযোদ্ধার সনদ নেননি কখনো। তাঁর কিছু ক্ষোভ ছিল। আমার মুক্তিযোদ্ধা বাবা বলতেন, তাঁরা নিজের দেশের পরিচয় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন, সনদ দিয়ে সুবিধা নেওয়ার জন্য নয়। আমাদের পূর্ব প্রজন্ম সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু বিজয়ের ৪০ বছর পরও আমরা দেখছি সেই গণতন্ত্র আসেনি। নামমাত্র গণতন্ত্র নয়, আমি চাই সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে।অঞ্জলি সরকারদেশ নিয়ে ভাবতে বললে, আমরা সবাই কমবেশি একটা তালিকা দিতে পারব। সরকারের কাছ থেকে এটা-এটা চাই। বিরোধী দলের কাছ থেকে এটা-এটা চাই। সমাজের কাছ থেকে এটা-ওটা। মা-বাবার কাছ থেকে ওটা চাই। আমরা নিজে কখনো এভাবে ভাবি না যে, আমি দেশ, সমাজ বা পরিবারকে কী দিচ্ছি। আমরা কথাটা শুরুই করি এভাবে যে, আমার অধিকারটা পাচ্ছি না। কিন্তু আমার মনে হয়, পরিবর্তন যদি চাই তাহলে শুরু করা উচিত সবার আগে নিজে থেকে। আমার কী কী দায়িত্ব আছে, আর আমি কী কী পালন করি। আমি যদি আমার জায়গায় ঠিক থাকি তো তখন দাবি করতে পারি যে আমি এটা-এটা পাচ্ছি না। তাই আগে দরকার নিজের কাজটা শুরু করা।কাজী মোহাম্মদ রাজীন আমাদের সংবিধান ছিল পৃথিবীর অন্যতম সেরা একটি সংবিধান। কিন্তু সামরিক শাসন ও রাজনৈতিক স্বার্থে এই সংবিধান বারবার কাটাছেঁড়া করা হয়েছে। একাত্তরে বিজয়ের ফলে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিজয়ের ৪০ বছর পরও ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা হয়। বিষয়টির মীমাংসা হওয়া দরকার। দেশের প্রতিটি নাগরিকের জন্য সমসুযোগ ও সম-অধিকার থাকতে হবে।আফসিদ ইয়ামিন এই বিজয় দিবসে আমি আমার এলাকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করি। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে স্পন্সরের জন্য গেলাম। তারা কেউই আমাকে কোনো সহায়তা করল না। বরং উল্টো বলল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার এই অনুষ্ঠান করলে তোমাকে রাজনৈতিক দলের সদস্য ভাবতে পারে। এটা খুবই কষ্টকর একটা ব্যাপার যে আমি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে গেলে রাজনীতির গন্ধ খোঁজা হবে।নাবিলা নূর ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। ওই বিজ্ঞাপন দেখলে চোখে পানি চলে আসত। কিন্তু এখন সে রকম কিছু দেখি না।কানিজ ফাতেমা ছোটবেলায় দেখেছি, আমাদের বাসায় একজন কাজের বুয়া ছিলেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন রাজাকার-আলবদরদের হাতে। তো আমার প্রশ্ন হলো, এই যে মানুষটি বিধবা হলেন, সংসার হারালেন, শেষ বয়সে অন্যের বাসায় কাজ করে জীবন পার করতে হচ্ছে, তাঁর কি অধিকার নেই স্বামী হত্যার বিচার চাওয়ার? যদি সে অধিকার থাকে, তাহলে তাদের বিচার নিয়ে কেন এত রাজনৈতিক বিভক্তি? আমরা চাই, যুদ্ধাপরাধীদের বিচার হোক রাজনৈতিক ভেদাভেদ ভুলে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে। ফারজানা আকতারআমি চাই, খুব দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করা হোক। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর বিলম্ব করা ঠিক হবে না।শাহ শরমিন ইসলাম যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। তবে এই বিচার করতে গিয়ে আয়োজনটা যেন একটু বেশিই মনে হচ্ছে। আমরা তো জেনে গেছি কারা অপরাধী। তাহলে আর এত সময় নষ্ট কেন?তৌহিদুল ইসলাম আমরা দেখছি যে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে দেশের একটা অংশ সচেতন কিন্তু আরেকটা অংশ নিশ্চুপ। এটা ঠিক নয়। দেশের সবার সোচ্চার হওয়া উচিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে।অনুরাগ চাকমা১৯৯৪ সালে রুয়ান্ডা ট্রাইব্যুনাল গঠন করে মানবতাবিরোধীদের বিচার করা হয়েছে। তাহলে আমরা কেন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে পারব না? আমি আশাবাদী। অবশ্যই এদের বিচার হবে। হতেই হবে।শাহাবুদ্দিন সামিএকজন যখন খুন করে তখন সেই খুনির বিচার হবে কি হবে না, সে প্রশ্ন তোলাই অবান্তর। আমি চাই, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। আমরা তরুণ প্রজন্ম এদের অপকর্মের দায় নিতে আগ্রহী নই।শুভ্র পাল আমাদের পূর্ব প্রজন্ম মুক্তিযুদ্ধ করেছে দেশকে স্বাধীন করার জন্য। আর এখন আমাদের সামনে মুক্তিযুদ্ধ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা। এ বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই।অমিত রায়হানআমার কেন জানি মনে হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের সৎসাহসের অভাব রয়েছে। তা না হলে কেন তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা, হরতালের মামলার মতো মামুলি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে? আমার মনে হয়, যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে সরকারের আরও সাহস দেখানো উচিত। লামিয়া কবিরযুদ্ধাপরাধীদের বিচার এখনই চাই। কারণ আরও দেরি হলে অনেক অপরাধীর স্বাভাবিক মৃত্যু হবে। তার আগেই তাদের বিচার সম্পন্ন করা হোক।মেহবুবা মেহরিনআমি মনে করি, আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। যত দিন যুদ্ধাপরাধীদের বিচার হবে না, তত দিন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ শেষ হবে না। তাই চাই, দ্রুত বিচার হোক। আনিসুল হকতোমরাই আজ বলেছ, সবচেয়ে বড় দেশপ্রেম হচ্ছে নিজের কাজটুকু সঠিকভাবে করা। এটা প্লেটোর সংলাপের মধ্যেই আছে। সক্রেটিস বলেছিলেন প্লেটোকে, সবচেয়ে বড় দেশপ্রেম হচ্ছে নিজের কাজটুকু সুন্দরভাবে করা। সেটাই আমাদের করতে হবে। তোমাদের করতে হবে। আমাদের সব সময় মনে রাখা উচিত, আমাদের দুজন মা। এক মা গর্ভধারিণী, আরেক মা দেশ। যে মা যখন ডাক দেবে, সেই মায়ের জন্য জান বাজি রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে তোমাদের নিয়ে খুবই আশাবাদী। আমাদের মুক্তিযোদ্ধারা তাঁদের কর্তব্য করে গেছেন। এখন তোমাদের কর্তব্য দেশকে গড়ে তোলা। আমাদের দেশ তোমাদের হাত ধরেই একদিন উন্নতির শিখরে পৌঁছাবে। এখন নেতৃত্বে একটু সমস্যা আছে। আমার বিশ্বাস, তোমরা নেতৃত্বে এলে সেই সমস্যা আর থাকবে না।জাহীদ রেজা নূরমুক্তিযুদ্ধ আমাদের অহংকারের বিষয়। আমাদের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। প্রথম কথা হচ্ছে, ইতিহাস থেকে আমরা দেখতে পাই, পৃথিবীর সবখানে, সব জাতিতে বড় রকমের পরিবর্তন এনেছে তরুণেরাই। মানে তোমরাই। বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর, যা-ই বলি না কেন, সব ক্ষেত্রেই সামনে ছিলে তোমরা। তরুণেরা। তোমাদের পক্ষে এখন যা করা সম্ভব, তার অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব নয়। নানা বাস্তবতার কারণেই তা সম্ভব নয়। তোমাদের মতো আমিও বাংলাদেশকে নিয়ে আশাবাদী। তোমরা খুব অল্প সময়ের নোটিশে সাড়া দিয়েছ। তোমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যাঁরা অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম (অভিনেত্রী) শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৌসিফ আহমেদ (গায়ক) শিক্ষার্থী, বাংলাদেশ মেডিকেল কলেজ এলিনা সুলতানা জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-২০১০ কাজী মোহাম্মদ রাজীন নাসার লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী; শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অনুরাগ চাকমা প্রথম শ্রেণীতে প্রথম, শান্তি ও সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহ শরমিন ইসলাম প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত রোভার স্কাউট; শিক্ষার্থী, ইডেন কলেজ তৌহিদুল ইসলাম ভাষা প্রতিযোগ জাতীয় চ্যাম্পিয়ন-২০০৬, শিক্ষার্থী, বুয়েট সৌরভ দাশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী; শিক্ষার্থী, ঢাকা কলেজ বিপুল মিয়া অদম্য মেধাবী; শিক্ষার্থী, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ লামিয়া কবির আই-জিনিয়াস (সিরাজগঞ্জ); শিক্ষার্থী, সিরাজগঞ্জ সরকারি কলেজ নাবিলা নূর মূর্ছনার সাবেক সাধারণ সম্পাদক; শিক্ষার্থী, বুয়েট কানিজ ফাতেমা পরিচালক, জাতিসংঘ ছাত্র ও যুব সংঘ—ইউনিস্যাব; শিক্ষার্থী, ইউআইইউ ডলি প্রু মারমা আদিবাসী সংগীতশিল্পী; শিক্ষার্থী, ফিজিওথেরাপি বিভাগ, নিটোর শাহাবুদ্দিন সামি তরুণ বিজ্ঞানী পদকপ্রাপ্ত; শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফারজানা আকতার আন্তর্জাতিক ক্যারম খেলোয়াড; শিক্ষার্থী, ইডেন কলেজ আফসিদ ইয়ামিন চ্যাম্পিয়ন, চ্যানেল আই ক্যাম্পাস হিরো-২০১১ মেহবুবা মেহরিন ভারত থেকে যুবরত্ন পদক বিজয়ী; শিক্ষার্থী, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুভ্র পাল সিটি আইটি কেস বিজয়ী দলের সদস্য; শিক্ষার্থী, বুয়েট। অমিত রায়হান বিতার্কিক ও শিক্ষার্থী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় অঞ্জলি সরকার গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য; শিক্ষার্থী, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়সূচনা বক্তব্যআনিসুল হকউপসম্পাদক, প্রথম আলোঅনুষ্ঠান সঞ্চালনাফিরোজ জামান চৌধুরীবিভাগীয় সম্পাদক, স্বপ্ন নিয়ে, প্রথম আলোসমাপনী বক্তব্যজাহীদ রেজা নূরউপ ফিচার সম্পাদক, প্রথম আলো