আমাদের মেডিকেল আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস নাইন-টেনে উঠলেই সবাই বলেন, বৃত্তিটৃত্তি যে পেয়েছ এগুলো কোনো বিষয়ই না, এসএসসি পরীক্ষাই আসল পরীক্ষা, এতে ভালো সার্টিফিকেট না পেলে কিচ্ছু হবে না। ভালোয় ভালোয় এসএসসি পাস করলে সবাই বলেন, ভালো হয়েছে কিন্তু এইচএসসিতে ভালো না করলে ক্যারিয়ার নির্বাচনেরই সুযোগ পাবে না। এইচএসসির ফলও যখন ভালো হয় তখন সবাই বলেন, ভালো কোথাও সুযোগ না পেলে এসব সার্টিফিকেট ধুয়ে পানি খেতে হবে। আর কটা দিন কষ্ট করো, তারপর ভর্তিযুদ্ধে জয়ী হলে পৃথিবী তোমার হাতের মুঠোয়। তখন যা খুশি তা-ই করো।পৃথিবীকে হাতের মুঠোয় ভরে যা খুশি তা-ই করার সিদ্ধান্ত নিয়ে কাঁধে অ্যাপ্রোন ঝুলিয়ে ঢুকলাম প্রিয় ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে। আয়তন আর চেহারা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসকে যতবারই বিবেচনা করতে গিয়েছি, ততবারই হতাশ হয়েছি। দুষ্টুমি করেও যদি ক্যাম্পাসে কেউ ছোটাছুটি করে তাহলে দুই কদম দৌড়ে বাঁয়ে মোড় নিতেই সে থমকে দাঁড়াবে, আরে আমি তো দেখি বুয়েটে এসে পড়েছি! আর ডানে মোড় নিলেই সে নিজেকে আবিষ্কার করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে! বোঝেন অবস্থা!!প্রথম দিনই অ্যাপ্রোন কাঁধে ঝুলিয়ে হাঁটতে দেখে এক স্যার ধমক দিয়ে দাঁড় করালেন, ‘এই ছেলে, তুমি কি মেডিকেলে মাস্তানি করতে এসেছ?’ ভয়ে ভয়ে বললাম, জি, না স্যার। ‘তাহলে অ্যাপ্রোন কাঁধে কেন, গায়ে দাও।’অ্যাপ্রোন গায়ে দিয়েই শুরু হলো মেডিকেল কলেজের প্রথম জ্ঞানার্জন। আরও জ্ঞান নিলাম হলে এসে। অফিস থেকে আমার জন্য একটা কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, গেলাম সেই কক্ষে। গিয়ে দেখি, ওখানে অন্য দুজন সিনিয়র ভাই থাকেন। কক্ষটি আমি বরাদ্দ পেয়েছি শুনে তাঁরা তো হেসেই খুন। বোকা ছেলে! অফিস থেকে কক্ষ বরাদ্দ দিলেই কি কক্ষ পাওয়া যায়? কক্ষ পেতে হলে অমুক ভাইয়া, তমুক ভাইয়াদের কাছে যেতে হবে, বুঝেছ? উচ্চশিক্ষা নিতে এসে এ আমার অর্জিত দ্বিতীয় জ্ঞান। মর্নিং শোজ দ্য ডে। বুঝে গেছি, সামনে কপালে শনি তো আছেই, রবি-সোমও আছে।আবার সেই পুরোনো দুষ্টচক্র। সবাই বলেন, আগের যা কিছু অর্জন সবই বৃথা হয়ে যাবে এখন যদি ভালো না করতে পারো। সবাই চান, কঠিন পড়াশোনা কিন্তু আমাদের আড্ডা, প্রেম, ঘোরাঘুরি, যা খুুশি করে বেড়ানোর পরিকল্পনার কী হবে?খালা-মামা বিদেশ থেকে এলেন তো, সবার জন্য ল্যাপটপ, মোবাইল ফোন, ভিডিও গেমস, আর বেচারা মেডিকেল স্টুডেন্টের কপালে জোটে একটা স্টেথিসকোপ! বড় ভাই ছোটেন, ঢাউস সাইজের সব বই কিনতে। মা-বাবা ছোটেন কঙ্কালের খোঁজে। ফিবছরই হলের সামনে কিছু অভিভাবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁরা কাউকে দেখলেই এগিয়ে যান। তেমনই একজন নাকি এক ছাত্রকে বললেন, বাবা, আমি একটু বোনের খোঁজে এসেছিলাম। সে ছাত্রটি বলল, বোনকে এখানে খুঁজলে হবে? এটা তো ছেলেদের হল। মেয়েদের হল তো রাস্তার ওই পারে। বেচারার চোখ ততক্ষণে চড়কগাছের মগডালে। তিনি তো আসলে bone মানে মানুষের হাড় খুঁজতে এসেছিলেন।ঢাউস সাইজের সব বইয়ের ওপর হুমড়ি খেয়ে, মৃত মানুষের হাড়গোড় নিয়ে দিন-রাত কাটিয়েও ছোট্ট একটা ১০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ছাদের দিকে চেয়ে থাকার অভিজ্ঞতা। আহ! যদি ছাদে স্যারের প্রশ্নের আগা, মাথা কিংবা লেজটা আঁকা থাকত! থাকে না, তার পরও ‘আমতা-কাঁঠালতা’ করে যা কিছু বলি, স্যার মাথা নেড়ে হাতখানেক চওড়া বইটি দেখিয়ে বলেন, ‘এসব ছোট ছোট চটি বই পড়লে তো এমন হবেই, আমাদের সময় আমরা...।’এ সময় সবাই একবার হলেও যা ভাবে তা হলো, ‘নাহ্, আমাকে দিয়ে আর যা-ই হোক ডাক্তারি পড়া হবে না।’ তার পরও আস্তে-ধীরে হতে থাকে। পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, প্রেম, ঘোরাঘুরি—এসব কেমন কেমন করে যেন ঢুকে পড়ে।দুর্জনেরা (!) অবশ্য নানা কথা বলেন। মেডিকেলে নাকি প্রেম হয় দুই ভাবে—এক. পড়াশোনা বোঝাতে গিয়ে, আর দুই. পড়াশোনা বুঝতে গিয়ে। আর আড্ডা, সেও শুরু হয় এভাবে।... আরে দোস্ত, রানার কথা বলে কী হবে? ও তো পড়াশোনা ছাড়া কথাই বলতে পারে না। সেদিন রাজুর সঙ্গে দেখা হতেই হার্টের নার্ভ সাপ্লাই নিয়ে কথা বলা শুরু করে দিল। ফালতু পোলাপান। এটা নিয়ে এত কথার কী আছে? দোস্ত, তুই হার্টের নার্ভ সাপ্লাই কোথা থেকে পড়েছিস? গ্রের বইয়ে হার্টের নার্ভ সাপ্লাইটা আমার ভালো লাগেনি, স্নেলে ভালো লিখেছে। ম্যাডামের লেকচারটাও জোশ ছিল। হার্টের লেফট ভেন্ট্রিকলে কিন্তু...।কেউ কেউ সন্ধানী, মেডিসিন ক্লাবে ঢুকে পড়ে। ভালোই লাগে, একজন অসহায় মানুষের জন্য খুঁজে এক ব্যাগ রক্ত জোগাড় করতে, কিছু ওষুধ জোগাড় করে দিতে। ছোট জীবনে কী করলাম, সে হিসাব কষতে বসলে নিজের জন্য যা-ই কিছু করি না কেন, তা বড়ই ক্ষুদ্র মনে হয়! অন্যের জন্য করা ছোট্ট কাজটিকেও তখন বড় তৃপ্তিকর মনে হয়। আহা! এই ছোট্ট চিকিত্সকেরা আজীবন যদি লালন করতে পারতেন এই বোধটুকু, তাতে সরকার যে দেশের মানুষের করের টাকায় আমাদের পড়াচ্ছে তার কিছুটা অন্তত সার্থক হতো।একজন মেডিকেল স্টুডেন্ট নাকি তিনবার চিকিত্সক হন। প্রথম চিকিত্সক হওয়ার অনুভূতি পান যখন প্রথমবার অ্যাপ্রোন পরেন, দ্বিতীয়বার এ অনুভূতি পান তৃতীয় বর্ষে যখন স্টেথিসকোপ হাতে ওয়ার্ডে যাওয়ার সুযোগ পান। এই দুবার চিকিত্সক হয়ে আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি, এমবিবিএস সম্পন্ন করে সার্টিফাইড চিকিত্সক হওয়ার জন্য। ওপরের কথাগুলো শুধু আমার কথাই নয়, এই যে ছবিটা দেখছেন, এতে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকেই আড্ডার সময় এ কথাগুলোই বলে থাকেন। আমি তা ‘নিজের রচনা’ বলে চালিয়ে দিলাম আর কি!