রমন লাম্বাকে খুব মনে পড়ছে আমার কয়েক দিন ধরে। আসল নাম শফিক, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। ওর রমন লাম্বা নামটি আমাদেরই দেওয়া। ওই নামের পেছনে একটি মজার দুর্ঘটনা জড়িত আছে। আমরা তখন জগন্নাথ কলেজের পাশে থাকতাম। আমি, জসিম, শফিক, আমাদের বাবা ও ভাইয়েরা। দিন-তারিখ ঠিক মনে নেই, তখন ভারতের ক্রিকেটার রমন লাম্বা এসেছিলেন বাংলাদেশে কী যেন এক ক্রিকেট টুর্নামেন্টে। খেলার মধ্যে তাঁর মাথায় বলের আঘাত লাগে। প্রচণ্ড আঘাতের ফলে তিনি মারা যান। এ ঘটনা যেদিন ঘটে, ঠিক সেদিনই আমি, জসিম ও শফিক একসঙ্গে ভিক্টোরিয়া পার্কে বসে এ ব্যাপারে কথা বলছিলাম। আমাদের মধ্য থেকে শফিক উঠে বলে, ‘দেখ রে, আমার তো টিউশনির সময় হয়ে গেছে। আমি এখন টিউশনিটা করে আসি, তোরা ভিক্টোরিয়া পার্কে বসে অপেক্ষা কর। পরে এসে আড্ডা দেব।’ বলে ও চলে যায়। যথারীতি আমরা পার্কে বসে না থেকে যার যার কাজে চলে যাই।সন্ধ্যার সময় বাসায় ফিরে শফিককে খোঁজ করতে তার কক্ষে ঢুুকেই অবাক বনে যাই। বাসার চার-পাঁচজন ওকে ঘিরে বসে আছে। কী হয়েছে, জানতে চাইলে দুঃখের মধ্যেও হাসি পেয়ে যায়। ঘটনাটি হলো, মহল্লার রাস্তার মধ্যে ছেলেরা ক্রিকেট খেলছিল। আর শফিক উইকেটের পাশে দাঁড়িয়ে মনের সুখে ছোট্ট এক ব্যাটসম্যানের ব্যাটিং দেখছিল। এমন সময় নাকি দ্রুতগতির একটি বল হাঁকাতে গিয়ে ছেলেটির হাত থেকে ব্যাট ছুটে এসে পড়ে আমাদের শফিকের ঠিক মুখে এবং সঙ্গে সঙ্গে তার সামনের দুপাটির চারটি দাঁত পড়ে যায়!এই হলো শফিকের রমন লাম্বা নামের ইতিহাস!আলমগীর হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর