আমাদের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারান্দায়, সিঁড়ির ওপর ওরা বসে আছে। সামনে একটা চেয়ারে প্রধান শিক্ষক। ক্লাস নিচ্ছেন তিনি। দেখা যাচ্ছে শিশুদের মুখ। শিক্ষক পেছন-ফেরা, চশমাটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে না অবয়ব। ফটোসাংবাদিক যদি প্রধান শিক্ষকের চেহারাটিও দেখাতে পারতেন আমাদের, তাহলে সে চেহারায় কী পেতাম আমরা? প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে নেওয়ার দুর্বার আকাঙ্ক্ষা, নাকি অসহায় পরাজিত একজন মানুষ?আসলে সে উত্তর নিয়ে কারও কিছু যায় আসে না। শুধু মনের গহিনে একটু আলো জ্বলে আর নেভে। হোক না জয়পুরহাটের ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষসংকট, তবু এই কচি মুখগুলো কি শিক্ষার আলোয় উজ্জ্বল হয়ে উঠছে না? এদেরই কেউ একজন খুব ভালো ফল করে চমকে দেবে না অভিভাবকদের? সেই ফল দেখে শিক্ষকের চোখের কোণে কি দেখা দেবে না কয়েক ফোঁটা আনন্দাশ্রু? নাকি এই বারান্দায় পড়তে বসা শিশুরা কিছুদিনের মধ্যেই পড়াশোনার পাট চুকিয়ে মিশে যাবে সেই জনস্রোতে, যাদের প্রতিটি দিন আসে দুর্ভাবনা নিয়ে, যারা কেবল পথ চলে কিন্তু গন্তব্য অজানা? আলোটি মনের মধ্যে জ্বলে আর নেভে। উত্তর মেলে না।কচি মুখগুলো প্রথম আলোর বিশাল বাংলা পাতার ফটো-ক্যাপশন হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। এরপর ওদের জীবনে কোনো পরিবর্তন এসেছে কি না, আমার জানা নেই। তবে এটা নিশ্চিত, ছবিটি ওদের চোখে পড়েছে। পত্রিকার পাতায় নিজেদের ছবি দেখে নিশ্চয়ই আনন্দে ভরে উঠেছে ওদের বুক। এ আনন্দটুকু চিরদিনের আনন্দে রূপান্তর করা কি একেবারেই অসম্ভব? হোক না ওদের জন্য শ্রেণীকক্ষ। পড়াশোনার আনন্দটা পাক না ওরা অন্যদের মতো। শিশুদের জন্য কল্পনা আর বাস্তবের মিলনে যে অসাধারণ একটা জগৎ তৈরি করে দেওয়ার কথা ছিল বড়দের, তা যে অনেক ক্ষেত্রেই তৈরি করা হয়নি, এই ছবি তো তারই প্রমাণ। জাদু দিয়ে নয়, সত্যিকার অনুভব দিয়েই ওদের কষ্ট দূর করার চেষ্টা করা দরকার। জা রে নু