আমাদের শেখার ধরন পাল্টে যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের চিন্তা কিংবা শেখার ধরন কি পাল্টে যাচ্ছে? আমরা কি আগের চেয়ে দ্রুত শিখছি? শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের গবেষণা শাখার উপপ্রধান আলফ্রেড স্পেকটর বলছেন, আমরা এখন শিক্ষার এক নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু চিন্তা বা শেখার ধরনে পরিবর্তন আসেনি, পরিবেশ কিংবা প্রতিবেশেও এসেছে নতুনত্ব।

সক্রেটিস যুগের পর পেরিয়ে গেছে দুই হাজারেরও বেশি সময়। ফেসবুক, স্মার্টফোন ও ভিডিওগেম প্রভৃতি এখন দখল করে নিচ্ছে আমাদের সময়। এতে কি আমাদের ক্ষতিই হচ্ছে? মনোযোগে বিঘ্ন ঘটছে অথবা পড়াশোনা ও প্রাতিষ্ঠানিক ফলাফলে বিপর্যয় নেমে আসছে? তথ্যপ্রযুক্তির প্রভাবে আমাদের দৈনন্দিন আচরণে নেতিবাচক প্রভাব পড়ছে? এমন সব নানান প্রশ্ন কিংবা অভিযোগের জবাবে স্পেকটর বলছেন, আসলে কম্পিউটার আমাদের বেশ চৌকস বা স্মার্ট করে তুলছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বদলে দেওয়া বিভিন্ন ধারণাবিষয়ক সম্মেলনে স্পেকটর গত মঙ্গলবার তুলে ধরেন দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়নের কিছু দিক। তিনি বলেন, সাধারণ কয়েকটি অ্যাপ ব্যবহারের মাধ্যমেও মানুষের চিন্তাভাবনা ও কোনো কিছু শেখার ধরনে উন্নতি আনা সম্ভব। তিনি যখন কলেজছাত্র ছিলেন, তখনকার চেয়ে তথ্যপ্রযুক্তি এখন লাখ লাখ গুণ উন্নত হয়েছে। আর সেই উন্নতির প্রভাব শিক্ষাক্ষেত্রে অবশ্যই পড়বে বলে মনে করার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।

বিপ্লব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অ্যাপ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গত কয়েক বছরে দ্রুত অগ্রগতি হয়েছে। ডুওলিঙ্গো নামের একটি অ্যাপ ব্যবহার করে খেলার মধ্য দিয়ে বিদেশি ভাষা শেখা সম্ভব হচ্ছে। চার কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করছেন। তবে এসব অগ্রগতিকে কেবল প্রাথমিক ধাপ বলে মনে করেন স্পেকটর। তাঁর মতে, গড়পড়তা ছাত্রছাত্রীদের গৃহশিক্ষকের বিকল্প হিসেবে এসব প্রোগ্রাম বা প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে করে শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও শেখার ধরনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এককালে কেবল বিত্তশালী পরিবারের ছেলেমেয়েরাই গৃহশিক্ষকের কাছে পড়ার সুযোগ পেত। কিন্তু শিক্ষাসহায়ক সহজলভ্য আধুনিক প্রযুক্তিগুলোর ব্যবহারে এখন সেই বৈষম্য থাকছে না।

ভিডিওগেমসেও এখন বিভিন্ন শিক্ষামূলক উপাদানজুড়ে দেওয়া হচ্ছে। এতে করে একঘেয়ে পড়াশোনার ফাঁকে খেলার ছলেও শিশুরা নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছে। নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ড্যাফনে বাভেলিয়ের বলেন, ভিডিওগেমের বহুমাত্রিক ছবি ও পরিবেশ শিশুদের ‘প্রত্যক্ষ শিক্ষার’ উন্নতি ঘটাবে। এ ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করে বিদেশি ভাষা ও বাদ্যযন্ত্র শেখা সহজতর হবে।

স্পেকটর আরও বলেন, সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো ছাত্রছাত্রীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে কাজে লাগানো যায়। প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর অধিকাংশই এখন হাতের নাগালে আছে। এখন যুগোপযোগী উন্নয়নের মাধ্যমে সেগুলোর আধুনিকায়ন করতে হবে। আর তা সম্ভব হলে সমাজে মৌলিক পরিবর্তন ঘটবে। হয়তো বিদ্যালয়ভিত্তিক শিক্ষার প্রয়োজনই ফুরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলো দূরশিক্ষণের প্রসার ঘটিয়ে তাদের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে অবস্থানের সময় কমিয়ে আনতে পারে। ব্যক্তিগত উদ্যোগেই মানুষ শিখে নিতে পারবে অধিকাংশ বিষয়।

সম্মেলনের অপর বক্তা আলেক্সিস ওহ্যানিয়ান বলেন, ইন্টারনেট এখন সারা বিশ্বকে সহজ করে দিয়েছে।  একজন কিশোর এখন স্মার্টফোন হাতে নিয়ে জ্ঞানের জগতে বিচরণের যে সুযোগটা পাচ্ছে, কয়েক দশক আগে একজন প্রেসিডেন্টের জন্যও সেই সুযোগ ছিল তার চেয়ে কম। বিবিসি।