আমাদের সব্যসাচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ড. সৈয়দ সিদ্দিক হুসাইন চেয়েছিলেন, ছেলে বড় হয়ে নামজাদা ডাক্তার হবে। কিন্তু সেই গোড়া থেকেই ছেলের ইচ্ছে লেখক হওয়ার। জীবনে অনেক সংকট ও ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। কিন্তু লেখক হওয়ার সংকল্প থেকে একবিন্দু সরে আসেননি। পঁচাত্তর পেরিয়ে এসে এখনো লেখালেখিতেই নিমগ্ন তিনি। কবিতা থেকে শুরু করে চলচ্চিত্রের চিত্রনাট্য—লেখালেখির প্রায় সব শাখাতেই তাঁর সমান সদর্প বিচরণ। তিনি আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।প্রেমী ও বিরহী মানুষ ফিরে ফিরে যায় পরানের গহীন ভিতর নামের একটি কাব্যগ্রন্থের কাছে। কবি সৈয়দ শামসুল হক। ক্ষুধা-দারিদ্র্য যে বিশাল বাংলার মানুষের যাপিত শিল্প, এর গল্পরূপ ধরা আছে ‘জলেশ্বরী’ সিরিজে। গল্পকার সৈয়দ শামসুল হক। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে বাংলাদেশের মাটি ও জলে তাঁর নবজন্মের নাট্যভাষ্য বাংলার মাটি বাংলার জল মঞ্চস্থ হচ্ছে। নাট্যকার সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধের চার দশক পূর্তিতে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে গেরিলা চলচ্চিত্র। এই চলচ্চিত্র নিষিদ্ধ লোবান নামের এক উপন্যাসকে ঘিরে অনেকটাই আবর্তিত। উপন্যাসের লেখক সৈয়দ শামসুল হক। ব্যবহারে ব্যবহারে ক্লিশে হয়ে গেছে ‘সব্যসাচী’ বিশেষণটি। কিন্তু তাঁকে নিয়ে বলতে গেলে আর কী-ই বা ব্যবহার করব? তিনি আমাদের সব্যসাচী। ধরলা থেকে বুড়িগঙ্গার তীরেছোট্ট মফস্বল শহর কুড়িগ্রাম। প্রায় গ্রামই বলা চলে। রিকশা ছিল না। সাইকেল সেখানকার চলতি বাহন। আর মা তো চলাফেরা করতেন গরুর গাড়িতে। ক্লাস নাইনে যখন উঠলেন শামসুল সেই ১৯৪৮ সালে; বাবা বললেন, ‘পড়ালেখার জন্য তোমাকে বড় জায়গায় যেতে হবে।’ ১২ বছর তিন মাস বয়সে প্রমত্তা ধরলার তীর থেকে এসে পৌঁছালেন বুড়িগঙ্গার তীরে, ঢাকার লক্ষ্মীবাজারে। দেশভাগের পর ঢাকা তখন নতুন রাজধানী। ঘোড়ার গাড়ি, রিকশা, মীর জুমলার কামান, আহসান মঞ্জিল, কার্জন হল—কত কিছু দেখা হলো। তবু ভিড়ের ভেতর কোথাও একটু একাকিত্ব ছিল। এই একাকিত্বই হয়তো তাঁকে লেখক বানিয়েছে।শ্যামল ও পরিমলকুড়িগ্রামের দুই সহপাঠী শ্যামল ও পরিমল। সাতচল্লিশের দেশভাগের পর তাঁরা পাড়ি জমান ভারতে। শ্যামল ও পরিমলের তালাবদ্ধ বাড়ি শামসুল হকের ভেতর প্রথম রাজনৈতিক বাস্তবতার অভিঘাত সঞ্চার করে। শ্যামল ও পরিমল অদ্যাবধি তাঁর লেখায় চরিত্র হিসেবে আসে। ১৯৭৩ সালে তাঁদের দুজনের সঙ্গেই দেখা হয় কলকাতায়।এবং বুদ্ধদেব বসুঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষক সুকুমার বাবু ‘সে মারা গিয়াছে’-এর অনুরূপ বাক্য তৈরির পরীক্ষা দিলেন ছাত্রদের। সবাই সর্বোচ্চ ১৩-১৪টি বাক্য লিখে আনল। ক্লাস টেনের ছাত্র শামসুল লিখেছেন ৫২টি অনুরূপ বাক্য। শিক্ষক সুকুমার বাবু বললেন, ‘আমার এক প্রাক্তন ছাত্র তোমার চেয়ে দুটি বেশি বাক্য তৈরি করতে পেরেছিল। তার নাম বুদ্ধদেব বসু।’ সেই বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় ১৯৫৩ সালের নভেম্বরে কবিতা বের হলো তাঁর। একটি লাইনই মনে আছে এখন—‘তুমি এই ছায়াকাঠগোলাপেরনিচু এক শাখা ধরে।’ওরা কেউ থাকবে না, তুমি থাকবে১৯৫১ সালের মে মাসে ফজলে লোহানীর অগত্যা পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয় সৈয়দ শামসুল হকের। ১৯৫৩ সালের ফেব্রুয়ারিতে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে বেরোয় কবিতা।ঢাকার লয়াল স্ট্রিটের সওগাত অফিসে, পাকিস্তান সাহিত্য সংসদে সমবেত বিশিষ্ট লেখকদের মজলিশে গল্প পড়লেন ১৭ বছরের শামসুল হক। একজন সমালোচক বললেন, ‘পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট গল্প লেখা হয়নি।’ অপমানিত শামসুল বেরিয়ে যাচ্ছেন একা। আর সবাই হাসতে হাসতে পাড়ি দিচ্ছে নিজ নিজ গন্তব্যে। কাঁধে একটি হাতের স্পর্শে জেগে উঠলেন তিনি। ফজলে লোহানী। বললেন, ‘কী, মন খারাপ? ওই যে দেখছ হাসতে হাসতে ওরা যারা চলে যাচ্ছে—তারা কেউ থাকবে না, তুমি থাকবে।’ফিল্মের টানে বম্বেফিল্মমেকার হওয়ার স্বপ্নে ১৬ বছর বয়সে পাড়ি জমালেন বম্বে। প্রখ্যাত পরিচালক কামাল আমরোহীর শিক্ষানবিশ হিসেবেও কাজ করলেন। তবে একসময় উপলব্ধি করলেন, তাঁর প্রকৃত প্রকাশমাধ্যম সাহিত্য। ফিরে এলেন বম্বে থেকে। তবে গোটা চল্লিশেক চলচ্চিত্রের চিত্রনাট্যও বেরিয়েছে তাঁর হাত থেকেই। সুতরাং, মাটির পাহাড়, নতুন দিগন্ত, কাগজের নৌকা, অবাঞ্ছিত, নয়নতারা, ক খ গ ঘ ঙ, বিনিময়, মানসম্মান এমনকি ফির মিলিঙ্গে হাম দোনোর মতো উর্দু চলচ্চিত্রের চিত্রনাট্যও তাঁর লেখা। গানের ভেতর দিয়ে গানের ভেতর দিয়েও কখনো দেখতে চেয়েছেন নিজেকে। ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘চাঁদের সাথে দেব না তোমার তুলনা’, ‘তুমি আসবে বলে কাছে ডাকবে বলে’, ‘এমন মজা হয় না’, ‘টাকা তুমি সময়মতো আইলা না’র মতো প্রায় ২০০ গানের রচয়িতা তিনি। তাঁর লেখা গান গেয়েছেন আবদুল আলীম, আবদুল লতিফ, আব্দুল জব্বার, ফেরদৌসী রহমান, রুনা লায়লা থেকে শুরু করে এন্ড্রু কিশোর পর্যন্ত বহু শিল্পী।খেলারাম খেলে যাপ্রকৃত লেখক অতীতে নয়, বাস করেন ভবিষ্যতে। তিনিও খেলারাম খেলে যা সেই সম্মুখমুখী দৃষ্টিভঙ্গি থেকেই লিখেছেন বলে জানান। পাকিস্তানি জমানার আইয়ুবি আমল। ঢাকা যেমন নগর হিসেবে গড়ে উঠছে, তেমনি মধ্যবিত্ত এক শ্রেণীরও উদ্ভব ঘটছে। ‘খেলারাম’-এর প্রধান চরিত্র বাবর আলীও এই শ্রেণীর। ঢাকা-লাহোর-দিল্লি ঘুরে বেড়াচ্ছে। পারমিটের ব্যবসা করছেন। নানা উপায়ে চরিতার্থ করছে কামনা-বাসনা। কিন্তু বাবর আলী যে দাঙ্গায় তাঁর বোনকে হারিয়েছেন এবং উপন্যাসের শেষে সেই রক্তাক্ত স্মৃতি তাঁকেও যে টেনে নেয় করুণ পরিণামের দিকে, অধিকাংশ পাঠক উপন্যাসের সেই অংশটুকুর দিকে মনোযোগী নন। তাই এর ভুল ব্যাখ্যা হয়। যেমন: লরেন্স-নভোকভের উপন্যাসের বিশেষ বিশেষ অংশের দিকেই পাঠক আগ্রহী।আবার নূরলদীন আসিবে বাংলায়মস্কোর প্রগতি প্রকাশন থেকে প্রকাশিত ভারতবর্ষের ইতিহাস বইয়ে হঠাৎ একদিন পড়লেন পলাশীর যুদ্ধের কয়েক বছর পর রংপুর এলাকায় নূরলদীন নামে একজনের অস্তিত্বের কথা। ইতিহাস বরাবরই প্রিয় প্রসঙ্গ তাঁর। নূরলদীন সম্পর্কে বিস্তারিত জানতে পড়াশোনা শুরু করলেন ইতিহাসের প্রাসঙ্গিক বইপত্র। তার পর একদিন করোটিতে তৈরি হলো কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন-এর কাঠামো। কোনো বীরগাথা নয়। এমন এক মানুষকে তিনি নায়ক করেছেন, যিনি নবাবের আসনে বসতে চান না। সাধারণ মানুষের একজন হয়ে থাকতে চান। তিনি বিশ্বাস করেন, এই অন্ধকার সময়ে আবার নূরলদীন আসিবে বাংলায়। নূরলদীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়-এর মতো আরও অনেক কাব্যনাট্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে কাব্যনাট্যের ধারাকে তিনি একই সঙ্গে করেছেন সমৃদ্ধ ও জনপ্রিয়। ভালোবাসা মাতৃভাষানিজেকে রাষ্ট্রভাষা বায়ান্নর সন্তান মনে করেন সৈয়দ শামসুল হক। ইংরেজিতে লেখালেখি করতে অনেকেই উদ্বুদ্ধ করেছেন তাঁকে। মন সায় দেয়নি তাতে। এখনো অনেকে বলেন, বিশ্বজোড়া পরিচিতির জন্য ইংরেজিতে লিখতে। তাঁদের তিনি বলেন, ‘আমি তো পরিচিতির জন্য লিখি না। বাংলার ষোলো কোটি মানুষের জন্য লিখি। যে ভাষায় লিখি, সে ভাষাভাষী সব মানুষের কাছে তো এখনো পৌঁছতে পারিনি। বহির্বিশ্বের পাঠকের কাছে তবে আমি যাব কোন মুখে?’সার্বক্ষণিক লেখকবাবা চেয়েছিলেন ডাক্তার বানাবেন ছেলেকে। ছেলে চেয়েছেন লেখক হতে। কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, প্রবন্ধ, অনুবাদ, শিশু-কিশোর রচনা মিলে দুই শরও বেশি অনন্য বইয়ের লেখক সৈয়দ শামসুল হক মনে করেন, পার্টটাইম কোনো লেখক হয় না। লেখক মানে সার্বক্ষণিক লেখক এবং পাঠকও বটে। সাহিত্যের সম্মোহনে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেননি, জীবনে নির্ধারিত কোনো পেশায় যোগদান করেননি। সাহিত্যের জন্য এমন ঝুঁকি নিয়ে জীবনে অনেক সংকটের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো হতাশায় ভেঙে পড়েননি। কারণ তিনি জানতেন, তাঁকে লেখক হতেই হবে।প্রসঙ্গ: আনোয়ারা সৈয়দ হক১৯৬৫ সালের ১৯ নভেম্বর সৈয়দ শামসুল হক ও আনোয়ারা সৈয়দ হকের বিয়ে হয়। আনোয়ারা সৈয়দ হকও একজন বিশিষ্ট লেখক। যদিও সৈয়দ হকের মতো তিনিও স্বতন্ত্র-সার্বভৌম। তাঁদের লাইব্রেরি পৃথক। কোথাও ছাপার আগে পরস্পরের লেখা কেউ পড়ে দেখেন না। সৈয়দ শামসুল হক মনে করেন, আনোয়ারা সৈয়দ হকের মতো একজন সঙ্গী না পেলে এ দেশের বাস্তবতায় তাঁর পক্ষে পেশাদার লেখক হিসেবে টিকে থাকা হয়তো সম্ভব হতো না। বিদিতা, দ্বিতীয় ও এজরামেয়ে বিদিতা ও ছেলে দ্বিতীয় দুজনই প্রবাসী। এক বছর আগে দ্বিতীয়র ছেলে এজরার জন্ম হয়। কবি এজরা পাউন্ডের নামে দ্বিতীয় তাঁর ছেলের নাম রাখায় সৈয়দ শামসুল হক অত্যন্ত আনন্দিত। কেননা, এজরা পাউন্ড তাঁর প্রিয় এক কবি ও সাহিত্যব্যক্তিত্ব। পৌত্র এজরার মধ্য দিয়ে তাঁর সাহিত্যপরম্পরা বাহিত হবে বলে তিনি আশাবাদী।