আমাদের সময়ের 'হিরো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের পতাকা হাতে মোহাম্মদ আলী। তেজগাঁও বিমানবন্দর। তারিখ: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৮
বাংলাদেশের পতাকা হাতে মোহাম্মদ আলী। তেজগাঁও বিমানবন্দর। তারিখ: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৮

মোহাম্মদ আলী। নাম শুনলেই মন যেন কেমন করে উঠত। আমাদের সময়ের অতি কাঙ্ক্ষিত মানুষদের একজন তিনি। কাল সকালে এক বন্ধুর ফোনে জানতে পারলাম, আমাদের হিরো চলে গেছেন। শুনেই মনটা খারাপ হয়ে গেল।
মোহাম্মদ আলী একবারই বাংলাদেশে এসেছিলেন। যাঁরা তাঁকে সামনাসামনি দেখেছিলেন, আমি সেই সৌভাগ্যবানদের একজন। তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনায় গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। এটি আমার সংগীতজীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি।

সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন

১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি। ঢাকা স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, এ খবর জানার পর আমাদের তো আনন্দের সীমা নেই। ঢাকার তৎকালীন মেয়র আবুল হাসনাত আমাকে সেই সংবর্ধনা অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব করেন। হিরোর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সামনে গান গাইব ভেবে আমি মহা খুশি। এটা আমার জন্য সম্মানজনক এক প্রস্তাব। বাংলাদেশে এত শিল্পী থাকতে আমাকে সেই অনুষ্ঠানে গাইতে বলায় আমি বেশ অবাক হয়েছিলাম।
মেয়র হাসনাত বলেছিলেন, আমাকে ইংরেজি গান গাইতে হবে। মনে মনে ভাবলাম, কোনো সমস্যা নেই। আমাকে দিয়ে যেকোনো ভাষায় গান করাতে পারেন। প্রথমে ‘ইউ গট আ ফ্রেন্ড’ গানটি গেয়েছিলাম। এটা দারুণ রোমান্টিক একটা গান। সেটা হিরোকে এতটাই আপ্লুত করেছিল যে, তিনি মঞ্চ ছেড়ে উঠে আসতে বাধ্য হয়েছিলেন। একপর্যায়ে আমাকে শুভেচ্ছা জানাতে মঞ্চের খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করেছিলেন। হাবভাব দেখে মনে হচ্ছিল, তিনি বুঝি এসে আমার হাতটাই ধরে ফেলবেন। কিছু বুঝে ওঠার আগেই মোহাম্মদ আলীর স্ত্রী ভেরোনিকা আলী সামনে এসে দাঁড়ালেন। আমি স্পষ্ট শুনতে পেলাম, তিনি স্বামীকে বলছেন, ‘দুষ্টুমি করো না।’

মোহাম্মদ আলীকে নিয়ে সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘স্বাগত বন্ধু মোহাম্মদ আলী, ওয়েলকাম টু ডিয়ার ফ্রেন্ড মোহাম্মদ আলী’ গানের অ্যালবামের প্রচ্ছদ ও ডিস্কের ছবি
মোহাম্মদ আলীকে নিয়ে সাবিনা ইয়াসমীনের গাওয়া ‘স্বাগত বন্ধু মোহাম্মদ আলী, ওয়েলকাম টু ডিয়ার ফ্রেন্ড মোহাম্মদ আলী’ গানের অ্যালবামের প্রচ্ছদ ও ডিস্কের ছবি

পরে শুনেছি, মোহাম্মদ আলী নাকি আমার গায়কীর খুব প্রশংসা করেছিলেন। নিজের ম্যানেজারকে তিনি বলেছিলেন, ‘মেয়েটির কণ্ঠ ভারি মিষ্টি। তাঁকে দিয়ে ইংরেজি গান রেকর্ড করার চেষ্টা করো।’ আমি বুলবুলকে (আহমেদ ইমতিয়াজ বুলবুল) বললাম, একটা ইংরেজি গান লিখতে। বুলবুল লিখল, ‘ওয়েলকাম টু ডিয়ার ফ্রেন্ড মোহাম্মদ আলী’ গানটি। সুরও করল। আর বাংলায় ‘স্বাগত বন্ধু মোহাম্মদ আলী’ গানটি লিখেছিলেন নজরুল ইসলাম বাবু। তারপর গানটি রেকর্ড হলো। এরপর বুলবুলসহ আমি ইংল্যান্ডে গানটা মোহাম্মদ আলীর ম্যানেজারের হাতে তুলে দিয়েছিলাম। এ জন্য আমাদের ধন্যবাদ জানানো হয়েছিল।
১৯৭৮ সালে সেভেন স্টার ফিল্মস ও সেতু করপোরেশনের যৌথ উদ্যোগে গানটি দিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘আলী আলী’ নামের সেই অ্যালবামে গান ছিল দুটি। প্রথমটি ৪ মিনিট ১৩ সেকেন্ডের ‘ওয়েলকাম টু ডিয়ার ফ্রেন্ড মোহাম্মদ আলী’ ও দ্বিতীয়টি ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ঐতিহ্যবাহী বাংলা লোকগানের যন্ত্রসংগীত। সম্ভবত অ্যালবামের অপর পাশে বাংলায় ‘স্বাগত বন্ধু মোহাম্মদ আলী’ গানটি ছিল। এত দিন পরে তা স্পষ্ট মনে পড়ছে না। অ্যালবামটির স্বত্ব ছিল লন্ডন এসএমসির। অ্যালবামের একটি বাঁধানো কপি এখনো আমার সংগ্রহে আছে।
মোহাম্মদ আলীর মৃত্যুসংবাদ জানার পর ভীষণ দুঃখ পেয়েছি। আমার অসম্ভব প্রিয় মানুষদের মধ্যে তিনি একজন। অসুস্থ থাকাকালীন প্রতি রাতে আমি তাঁর জন্য দোয়া করতাম—তিনি যেন ভালো হয়ে ওঠেন। কিন্তু তিনি চলে গেলেন। সবাইকে তো একদিন বিদায় নিতেই হবে।
অনুলিখন: মনজুর কাদের