আমাদের সার্চ ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য খোঁজার ক্ষেত্রে ইন্টারনেটই বর্তমানে সবচেয়ে বড় ভরসা। আর এ কাজটা করা হয় সার্চ ইঞ্জিনের মাধ্যমে। যে বিষয়ে তথ্য দরকার, সে বিষয়টি সার্চ ইঞ্জিনের তথ্য খোঁজার বক্সে (সার্চ ইঞ্জিন বক্স) লিখে খোঁজ লাগালেই সে বিষয়ে তথ্যের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। খুব সহজ ও সময়সাশ্রয়ী এ পদ্ধতির ফলে জনপ্রিয় হয়ে উঠেছে সার্চ ইঞ্জিন। তাই এখন যেকোনো কিছুই, হোক সেটা তথ্য খোঁজার কাজ, ছবি খোঁজা কিংবা গাণিতিক যোগ, বিয়োগ—সবকিছুর জন্যই ব্যবহূত হয় সার্চ ইঞ্জিন। বিশ্বসেরা বেশ কিছু সার্চ ইঞ্জিন, যেগুলো সাধারণ ব্যবহারকারীরা একনামেই চেনেন, এসব সার্চ ইঞ্জিনে বিভিন্ন ভাষায় তথ্য খোঁজার সুবিধা রয়েছে। এর মধ্যে আমাদের প্রিয় বাংলা ভাষাও আছে। তবে এবার শুধু বাংলা ভাষায় বাংলাদেশের একঝাঁক তরুণের উদ্যোগে তৈরি হয়েছে প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’ (www.pipilika.com)। আনুষ্ঠানিকভাবে এ বাংলা সার্চ ইঞ্জিন চালু হয়েছে বাংলা নববর্ষের ঠিক আগের দিন—চৈত্রসংক্রান্তির রাতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও জিপিআইটির যৌথ উদ্যোগে চালু হয়েছে এ সার্চ ইঞ্জিন।পিপীলিকার ব্যবহারপিপীলিকা একসঙ্গে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই কাজ করতে পারে।এতে তথ্য পাওয়া যায় দেশের প্রধান বাংলা ও ইংরেজি পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য থেকে। এসব মাধ্যম থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ করে এটি। পিপীলিকায় তথ্য খোঁজার ক্ষেত্রে চার ধরনের উৎস ব্যবহারের সুবিধা আছে—সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষ। সাধারণভাবে কেউ কোনো তথ্য খুঁজতে চাইলে সেটি সংবাদ অনুসন্ধানের ফলাফল দেখাবে। এর বাইরে ওই বিষয়ে অন্যান্য মাধ্যম থেকে তথ্য জানতে চাইলে সার্চ বক্সের নিচে বাঁ দিকে চাহিদা অনুসারে ব্লগ বা উইকিপিডিয়া অথবা ই-তথ্যকোষ অনুসন্ধানে ক্লিক করতে হবে। সংবাদ অনুসন্ধানের মধ্যে সাধারণ সার্চ, স্থানভিত্তিক সার্চ ও বিষয়ভিত্তিক সার্চের মাধ্যমে তথ্য খোঁজা যাবে। পিপীলিকায় বাংলায় তথ্য খোঁজার জন্য নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানান দিলেও পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালায়, ফলাফল দেয় এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেয় তার কোন শব্দের বানান ভুল ছিল এবং সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। এ ছাড়া সার্চ বক্সে কোনো জেলার নাম ইংরেজিতে লিখতে চাইলে পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে বাংলায় ওই স্থানের নাম সাজেশন হিসেবে দেখায়। ক্যাটাগরির মধ্যে বর্তমানে রয়েছে ছয়টি ক্যাটগরি। এগুলো হলো ব্যবসা ও বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা, ব্লগ ও বাংলা উইকিপিডিয়া। জাতীয় ই-তথ্যকোষ ছাড়া বাকি ক্যাটাগরিগুলো বিভিন্ন ধরনের সংবাদ দেখায়। এর মধ্যে একমাত্র ভিন্ন ক্যাটাগরি জাতীয় ই-তথ্যকোষ। এই ক্যাটাগরিতে জাতীয় ই-তথ্যকোষ বা জ্ঞানকোষের (http://infokosh.bangladesh.gov.bd) তথ্যগুলো সংরক্ষণ করা হচ্ছে। পিপীলিকার আরও বিস্তারিত ব্যবহারবিধি জানা যাবে www.pipilika.com/manual/lang/bn ঠিকানার ঠিকানার ওয়েবসাইটে।যেভাবে শুরুশাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) ২০০৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী গবেষণার অংশ হিসেবে প্রথম একটি সাধারণ তথ্য খোঁজার পদ্ধতি নিয়ে কাজ করেন। শুরুতে সেটি ডেটাবেস থেকে সার্চ করে তথ্য সরবরাহ করত। ধীরে ধীরে এটিকে একটি পেজ ডিরেক্টরি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি ফলাফল হিসেবে নিয়ে দেখাত। একসময় এটি প্রায় ৬০ হাজার প্রতিষ্ঠানের তথ্য যুক্ত হয়ে একটি বেসিক বিজনেস সার্চ ইঞ্জিনে পরিণত হয়। সে সময় এটির নাম ছিল ‘একুশে ফিন্যান্স’। তথ্য খোঁজার পাশাপাশি এতে ছিল শেয়ারবাজার বিশ্লেষণের প্রোগ্রাম। প্রকল্পটি ২০০৯ সালে আর্থিক খাতের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রতিযোগিতা ‘সিটি ফাইন্যানশিয়াল আইটি কেস কম্পিটিশন (সিএফআইসিসি)’ প্রতিযোগিতায় রানারআপ হয় বলে জানান পিপীলিকা প্রকল্পের দলনেতা শাবিপ্রবির সহকারী অধ্যাপক রুহুল আমিন।রুহুল আমিন বলেন, ‘এরপর ২০০৪ ও ২০০৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর একটি দল এ কাজকে এগিয়ে নিয়ে যায় এবং একটি সাধারণ বাংলা সার্চ ইঞ্জিনের হিসেবে দাঁড় করায়। ২০১০ সালের শেষের দিকে কোর্স প্রকল্প হিসেবে একটি ছোট আকারের সার্চ ইঞ্জিন হয় পিপীলিকা নামে। একসময় এ দুটো প্রকল্প একসঙ্গে মিলে শুরু হয় মূল সার্চ ইঞ্জিন পিপীলিকার কাজ। সে সময়েও পিপীলিকা সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় জিতে নেয় প্রথম পুরস্কার এবং ২০১১ সালে ন্যাশনাল কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এভাবেই থেমে থাকেনি পিপীলিকার কাজ। ২০০৬ ও ২০০৭ ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী পিপীলিকার জন্য বাংলায় ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং’ নিয়ে কাজ করেন। এবার তাঁদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও যুক্ত হন এ প্রকল্পের সঙ্গে। পরবর্তী সময় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে পিপীলিকার পূর্ণাঙ্গ উন্নতি শুরু হয় সিএসই বিভাগের সফটওয়্যার হাউসে। ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৭ ব্যাচের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী যোগ দেন এতে। বর্তমানে পিপীলিকার উন্নয়নের সঙ্গে যুক্ত আছেন মাহবুবুর রহমান, মো. মহিউদ্দীন, তালহা ইবনে ইমাম, তৌহিদুল ইসলাম, সাজ্জাদুল হক, বাকের আনাস, ফরহাদ আহমেদ, মো. মাকসুদ হোসাইন, থিম্পু পাল, আসিফ সামির ও মধুসূদন চক্রবর্তী। এ ছাড়া পিপীলিকার নাম, ইউজার ইন্টারফেস ও লোগোটি এসেছে ২০০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ চিশতী ও বুরহান উদ্দিনের প্রকল্প থেকে।চলবে উন্নয়নের কাজপরীক্ষামূলক পর্যায়ে থাকা পিপীলিকার উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নির্মাতারা। ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে উন্নয়ন কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তাঁরা। এভাবেই বাংলায় ভাষার তথ্য খোঁজার সাইটটি সমৃদ্ধ হবে এবং বাংলায় পূর্ণাঙ্গ তথ্যসুবিধা পাওয়া যাবে—এ প্রত্যাশাই সবার।বিভিন্ন ভাষায় সার্চ ইঞ্জিনবাইদু (www.baidu.com): শুধু চীনের ব্যবহারকারীদের জন্য তৈরি জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু। বাইদু ইনকরপোরেটেডের তৈরি বাইদু সার্চ ইঞ্জিনটি ১৯৯৯ সালের ১১ অক্টোবরে চালু হয়। চীনা ভাষায় তথ্য খোঁজাসহ প্রায় ৫৭টি সেবা দেয় বাইদু।ইয়ানডেক্স (www.yandex.ru): রুশ ব্যবহারকারীদের জন্য রুশ ও ইংরেজি ভাষায় তথ্য খোঁজার সুবিধা রয়েছে ইয়ানডেক্সে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ সার্চ ইঞ্জিনেও রুশ ভাষায় বিভিন্ন ধরনের তথ্য খোঁজার সুবিধা রয়েছে।নাভের (www.naver.com): কোরীয় ভাষায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন নাভেরের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালের জুন মাসে। এতে কোরিয়ার ভাষায় বিভিন্ন বিষয়ে তথ্য খোঁজার সুবিধা রয়েছে। রাফতার (www.raftaar.in): হিন্দি ভাষায় বিভিন্ন তথ্যের জন্য রয়েছে সার্চ ইঞ্জিন রাফতার। এতে বিষয়ভিত্তিক তথ্য খোঁজার বিশেষ সুবিধা রয়েছে।ব্রাউজারের সার্চবারে যুক্ত করুন পিপীলিকাওয়েবসাইট দেখার সফটওয়্যারের সার্চবারে পিপিলিকা রাখার জন্য একটি ছোট্ট প্রোগ্রাম (ওপেন সার্চ প্লাগ-ইনস) তৈরি করেছেন অনিরুদ্ধ অধিকারী। এর মাধ্যমে ব্রাউজারের সার্চবার থেকেই পিপীলিকায় সরাসরি তথ্য খোঁজা যাবে। প্লাগ-ইনসটি সক্রিয় করতে শুরুতে pipilika.adhikary.net যান। এখানে দেখানো আছে কীভাবে পিপীলিকা সার্চবারে যোগ করতে হবে বা বাদ দিতে হবে।এটি ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারে যুক্ত করা যাবে। ইনস্টল হলে ব্রাউজারের সার্চবার থেকেই পিপীলিকা ব্যবহার করা যাবে। অনিরুদ্ধ অধিকারী জানান, এ প্রোগ্রামটি মুক্ত।এর প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) পাওয়া যাবে http://goo.gl/gzgEV ঠিকানায়। এতে যে কেউ সাহায্য করতে পারবেন।এ ধরনের প্রকল্পের ব্যাপারে পিপীলিকা প্রকল্পের দলনেতা রুহুল আমিন জানান, পিপীলিকা নিয়ে এ ধরনের যেকোনো উন্নয়ন প্রকল্পকে আমরা স্বাগত জানাব।