আমাদের সৌর
সময়টা ২০০৫। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন সৌর দাশগুপ্ত। দেশ ছেড়ে হুট করে অচেনা এক পরিবেশে এসে ভালো লাগেনি তাঁর। মা-বাবার কথা মনে পড়ত খুব। কিন্তু স্বপ্নের জন্য মানুষ কত কী-ই না করে। প্রিয় বিষয় অর্থনীতিতে তাঁকে যে ঝানু হতে হবে আরও। নতুন নতুন জিনিস শিখে টেক্কা দিতে হবে সবাইকে। তৃতীয় বিশ্বের স্বল্পোন্নত দেশ বাংলাদেশকে নিয়ে ভালো কিছু করার ইচ্ছে তাঁর। তাই তো সব কষ্টের কথা ভুলে শুরু হয় একটানা পড়াশোনা। কঠিন অনুশীলনের ফলও তিনি পেয়ে যানহাতেনাতে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও গণিত দুই বিষয়ে একই সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ১৩৫ ক্রেডিট আওয়ারের প্রতিটিতেই ‘এ গ্রেড’ পাওয়া এ মেধাবী শিক্ষার্থী আগস্ট মাস থেকে নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি কোর্স শুরু করবেন।অর্থনীতির পাশাপাশি গণিতকে বেছে নেওয়া কেন? এ প্রশ্নের জবাবে সৌর বলেন, ‘আমার প্রিয় একজন মানুষ অমর্ত্য সেন অর্থনীতি এবং গণিত দুই বিষয়েই সমান দক্ষ। আর অর্থনীতিতে পিএইচডি করতে হলে গণিত সহায়ক হিসেবে কাজ করে।’ খুব দ্রুত মানুষের সঙ্গে মেশার ক্ষমতা আছে এই মেধাবী শিক্ষার্থীর। তাই সৌরের এখন অনেক বন্ধু। প্রথম দিকে গিয়েই যেসব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল সেসবের স্মৃতি গেছে ধুয়ে-মুছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মকানুন খুব কড়া। নতুন যাঁরা পড়াশোনার জন্য এ দেশে যেতে আগ্রহী, তাঁদের এসব বিষয়ে সর্তক থাকা উচিত। যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ইংরেজির উচ্চারণ কিছুটা ভিন্ন। ভালো ইংরেজি না জানা থাকলে সমস্যা হতে পারে। অচেনা জায়গায় এসে ভয় পাওয়ার কিছু নেই। সাহায্যের জন্য সেখানে আসেন প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী। পড়াশোনার জন্য শিক্ষার্থীদের এ আনাগোনা নিঃসন্দেহে ভালো একটি সংবাদ। সব সময় লক্ষ্য ঠিক রেখে কাজ শুরু করতে হবে। তবেই স্বপ্নের পথে বাধা হয়ে এসে দাঁড়াতে পারবে না কিছু। তেমন এক স্বপ্নের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সৌরের জার্নাল অব ডেভেলপিং এরিয়াস-এ ‘স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইন ডেভেলপিং কান্ট্রিস’ শীর্ষক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি সিপিডি এবং ওডিআই যৌথভাবে প্রকাশ করেছে ড. মোস্তাফিজুর রহমান ও সৌর দাশগুপ্তসহ চারজন গবেষকের ‘গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস ডিসকাসন বাংলাদেশ, ফেজ-২,’ শীর্ষক গবেষণাপত্র।গবেষকেরা আশঙ্কা করছেন, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২১ শতাংশ ডুবে যেতে পারে। আমাদের জন্য এটা অত্যন্ত আশঙ্কাজনক। খুব শিগগিরই তাই খোঁজা দরকার এর সমাধানের পথ। সৌর এ বিষয়ের ওপরই কাজ করতে চান। ভয়াবহ এক বিপদের হাত থেকে বাঁচাতে চান সবাইকে। দেশের জন্য ভালো কিছু করতে পারলে তবেই শান্তি। সৌর তাই এ শান্তির জন্যই করে যাচ্ছেন কঠোর অনুশীলন। দিনের পর দিন।