দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আমাদের স্কুল, আমার স্কুল। আমাদের শৈশব আর জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো কেটেছে স্কুলটি ঘিরে। জীবনের সেরা আটটি বছর আমরা কাটিয়েছি এ স্কুলে। এ স্কুলের আনাচেকানাচে মিশে আছে আমাদের হাজার মজার স্মৃতি। কত দুষ্টুমি, কত আনন্দের সেই দিনগুলো ছিল। আমরা সবাই সবার ছিলাম। অনেক কাছাকাছি, অনেক পাশাপাশি আর অনেকটা নিজের মতো করে।যখন ক্লাস থ্রি-ফোরে পড়তাম, তখনকার দিনগুলো ছিল একরকম, আবার যখন সিক্স-সেভেনে পড়তাম, তখনকার দিনগুলো অন্য রকম ছিল। প্রতিটি মুহূর্তই ছিল অনেক মজার। সারা দিন স্কুল, টিফিন, ক্লাস, খেলাধুলা আর সন্ধ্যা হলেই পড়ার টেবিলে এসে পড়তে বসা। এর মধ্যেই আমরা কীভাবে যেন বড় হয়ে গেলাম। এখনো মাঝেমধ্যে যখন ভাবি, তখন কেমন যেন অবাক লাগে। যখন স্কুল ছেড়ে এসেছি, তখন আমরা কেউ বুঝতে পারিনি। তবে এখন বুঝি, আমরা আর ছোট নেই। স্কুলের সেই ছোট্ট বেণি দোলানো মেয়েগুলো কতই না বড় হয়ে গেছে।এখনো বান্ধবীরা যখন একসঙ্গে গল্প করি, কথার ফাঁকে কীভাবে যেন স্কুলের মজার মজার সেই ঘটনা চলে আসে। টিফিন, দেয়াল পত্রিকা, মাটির সরা, আর্টপেপার, ব্যবহারিক খাতা—এ জিনিসগুলো কীভাবে যেন আমাদের ব্যস্ত রাখত। ভলেন্টিয়ার, ক্লাস ক্যাপ্টেন এই দায়িত্বগুলো নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা কত কী-ই না করতাম। সেসব দিন সেই কবে পেছনে ফেলে এসেছি! কিন্তু এখনো যখন মনে মনে ভাবি, তখন শুধু বলতে ইচ্ছে করে, ওই সময়টাই ছিল আমাদের জীবনের সেরা সময়।গুলশান নওশিন[email protected]