ওঁরা গানপাগল। ক্যামেরা হাতে ছবি তুলতে সদা উত্সাহী। স্থাপত্য নকশায় ওঁরা অতুলনীয়। বলছিলাম আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের কথা।স্থাপত্যের স্বাপ্নিক রাজ্যে প্রবেশের স্বপ্ন নিয়ে স্থাপত্য বিভাগে আমাদের পদচারণ। এ পথ এতটা সহজ নয়। কঠোর পরিশ্রম। তবু হাল ছাড়ি না। হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই বন্ধুর পথে। এভাবে নিজেরাই একটি পরিবারের মতো হয়ে ওঠার গল্প বলছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরুল তাহান।বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে স্থাপত্যকলা। অন্যান্য বিষয়ে গ্রাজুয়েশন করতে যেখানে চার বছর লাগে, সেখানে স্থাপত্যের ক্ষেত্রে লাগে পাঁচ বছর। শেষ বর্ষের শিক্ষার্থী তানজিমা রহমান বলেন, ‘এই পাঁচ বছর স্থাপত্যের একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় আমাদের। কখনো প্রজেক্ট ল্যাব, কখনো কম্পিউটার ল্যাব, ম্যাটেরিয়ালস ল্যাব আর সার্ভে তো আছেই। তাই তো সময় পেলেই মেতে উঠি আনন্দে।’ এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নিজস্ব সংগঠন আর্কিটেকচার স্টুডেন্টস সোসাইটি অব অস্ট (এএসএসএ বা আসা)। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে এক বছর আগে প্রতিষ্ঠিত হয় এ সংগঠনটি। শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করাই যার মূল লক্ষ্য। সংগঠনের অর্থ তহবিলও শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে গড়া। একটু অবসর পেলেই বেরিয়ে পড়েন এই বিভাগের শিক্ষার্থীরা। দেখতে যান দেশ-বিদেশের স্থাপত্যের ঐতিহাসিক ও দর্শনীয় সব স্থান। ছোট ছোট বনভোজনের পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা প্রতিবছরই নিজস্ব উদ্যোগে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। এ ছাড়া তাঁরা চীন, কোরিয়া, শ্রীলঙ্কায় আর্ক এশিয়া জাম্বুুরি এবং ভারতে সার্চ জাম্বুরির মতো বড় ইভেন্টগুলোয়ও অংশ নিয়েছেন। এই শিক্ষার্থীদের রয়েছে নিজস্ব গানের দল, নাচের দল, নাট্যদলসহ আরও অনেক দল।এই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোকচিত্র প্রদর্শনী, স্থাপত্যবিষয়ক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী নিয়মিতভাবে হয়ে থাকে। এ ছাড়া এই সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীরা প্রতিবছর বর্ষপঞ্জিও প্রকাশ করে থাকেন।লেখাপড়া, ক্যারিয়ার ও ভালো মানুষ হওয়ার জন্য এসব সাংস্কৃতিক কর্মকাণ্ড খুবই জরুরি। এমনই মনে করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী মাসুদ রশিদ। আর এ সবকিছুর ভিত্তিমূল হিসেবে কাজ করে ‘আসা’। তবে স্থাপত্য বিভাগের মূল আকর্ষণ কিন্তু জুরির মধ্যে। দ্বিতীয় বর্ষ থেকে শুরু হওয়া এই জুরির সমাপ্তি ঘটে শেষ বর্ষে। ১০-১৫ জন শিক্ষকের সমন্বয়ে একটি জুরি বোর্ড থাকে। শিক্ষার্থীরা এই বোর্ডের সামনে নিজের তৈরি নকশা, মডেল উপস্থাপন করেন। তাঁরা বোর্ডের সামনে নিজস্ব যুক্তিতর্কের মাধ্যমে সেসবের যথার্থতা তুলে ধরেন। বোর্ড সন্তুষ্ট হলে তবেই তাঁরা ফেলেন স্বস্তির নিঃশ্বাস। তৃতীয় বর্ষের শিক্ষার্থী লায়লা ইসমাত জেবিন বলেন, ‘কখনো হয়তো সাফল্য আসে না, তবু মনোবল হারাই না, দৃঢ়প্রত্যয় নিয়ে এগিয়ে যাই সামনের দিকে।’স্থাপত্য বিভাগের এ সবই সম্ভব হয় শিক্ষার্থী ও শিক্ষকদের পারস্পরিক সম্পর্কের জন্য। চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈকত চৌধুরী বলেন, ‘স্থাপত্য বিভাগই একমাত্র বিভাগ, যেখানে আমরা সবাই সবাইকে খুব ভালোভাবে জানি, যা স্থাপত্য বিভাগের সাফল্যের মূল কারণ। সুখ-দুঃখে আমরা সবাই এক; যেন স্থাপত্য পরিবার। আমি এই পরিবারের সদস্য হিসেবে গর্বিত।’ এখানে জুনিয়র শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সিনিয়রদের সঙ্গে কাজ করেন। এতে জুনিয়ররা যেমন কাজ শিখতে পারেন, তেমনি সিনিয়রদেরও সময় কম লাগে। ফলে তাঁরা কাজের প্রতি গভীর মনোনিবেশ করতে পারেন। এটাই হলো স্থাপত্য বিভাগের জনপ্রিয় ‘কামলা খাটা’। এর ফলে শিক্ষার্থীদের শেখার পরিধি আরও বেড়ে যায়। প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘একসঙ্গে কাজ করে আমরা যেমন অনেক কিছু শিখছি, তেমনি সিনিয়রদের সঙ্গে তৈরি হচ্ছে সাহায্য-সহযোগিতার চমত্কার সেতুবন্ধন।’সংগঠনের সহসভাপতি ও শেষ বর্ষের শিক্ষার্থী সাইকা সুধাও ‘আসা’কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সংগঠনের কার্যক্রম আরও ব্যাপক হারে বাড়াতে চান, যাতে সংগঠনটি অন্যদের কাছে আদর্শ হয়ে থাকে।