আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) এমবিএর শিক্ষার্থী আহসানুল করিমের স্বপ্ন বহুজাতিক কোনো কোম্পানির বড় কর্মকর্তা হওয়ার। আহসান অবশ্য ভবিষ্যৎ নিয়ে যত না ভাবছেন, তার চেয়ে বেশি ভাবছেন সিজিপিএ নিয়ে। কারণ ক্লাস আর পরীক্ষার কড়াকড়ি।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মোসলেমা হক স্বপ্ন দেখেন বিবিএ শেষ করে শিক্ষক হওয়ার। জানতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে কেমন লাগে? উত্তর পাওয়া যায়, ‘অসাধারণ! অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, অটোমেটেড লাইব্রেরি। কোনো সেশনজট নেই, আমার চার বছরের কোর্স করতে চার বছরই লাগবে। একটা দিনও নষ্ট হবে না।’ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মনোয়ারুল ইসলাম এমবিএতে মেজর হিসেবে বেছে নিয়েছেন ফিন্যান্স। কথা হলো তাঁর সঙ্গে। ‘পড়াশোনার খুব বেশি চাপ। কোনো ক্লাস বাদ দেওয়ার উপায় নেই। আর সেই সঙ্গে কিছুদিন পরপরই ছোটখাটো পরীক্ষা। আর প্রতি সেমিস্টারেই রয়েছে দুটি করে মিড টার্ম আর সেমিস্টার ফাইনাল। এককথায় দম ফেলার সময় নেই বললেই চলে।’ এবার জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কী? জবাব মেলে, ‘ভবিষ্যতে দেশের বাইরের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য এখন থেকেই কিছুটা খোঁজখবর নেওয়া শুরু করেছি। দেখা যাক কী হয়।’প্রায় একই রকম কথা জানালেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ সপ্তম সেমিস্টারের ছাত্র অতশ চন্দ্র সাহা। ‘আপাতত এখনকার লক্ষ্য হলো সিজিপিএ ভালো রাখা, এরপর জিম্যাট পরীক্ষা দিয়ে উত্তর আমেরিকার ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে এমবিএ করা।’ইউল্যাবের কম্পিউটার সায়েন্সের জেসিকা তাবাসসুম পড়াশোনা শেষে সফটওয়্যার ফার্ম দিতে চান নিজেই। তিনি স্বপ্ন দেখেন সেখানকার সফটওয়্যার জয় করবে সারা দুনিয়া। তিনিও জানালেন শিক্ষকের অসুস্থতা বা অন্য কোনো কারণে ক্লাস বাদ পড়লেই সেটার মেকআপ ক্লাস দেওয়া হয়। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ল্যান্ড অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের নাদিয়া করিমের আগ্রহ গবেষণা নিয়ে। তাই পড়াশোনা শেষে তিনি ব্যস্ত থাকবেন গবেষণামূলক কাজ নিয়ে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইয়াসির খান পড়ছেন ইংরেজিতে। কিন্তু খেলাধুলার প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক থাকা ইয়াসির কিন্তু স্বপ্ন দেখেন একজন বড় মাপের ক্রিকেটার হওয়ার। জানিয়ে দিলেন, ‘একদিন আমিও জাতীয় দলে খেলব। মাশরাফির মতো বোলিং করে বিপক্ষ দলের খেলোয়াড়দের বুক কাঁপাব।’আহসানউল্লাহ ইউনিভার্সিটির টেক্সটাইলস বিভাগের আদনান হতে চান দেশসেরা একজন ফ্যাশন ডিজাইনার। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) মোহাইমিনুল ইসলাম স্বপ্ন দেখেন সরকারি বড় কর্মকর্তা হওয়ার।এ রকম হাজারো স্বপ্ন রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এসব তরুণের। তাঁরা বয়ে নিয়ে চলেছেন হাজারো স্বপ্ন। আর সেই সঙ্গে এগিয়ে চলেছেন স্বপ্ন বাস্তবায়নের পথে। হবেই বা না কেন! বয়সটাই যে এমন; স্বপ্ন দেখার, দেখানোর। সেই সঙ্গে স্বপ্ন পূরণ করার, পূরণ করানোর।