আমাদের হাসান

দুই তরুণ-তরুণী। পড়েন একসঙ্গে। নিজেদের মধ্যে বন্ধুত্বও চমৎকার। তবে এই সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। ছেলেটা বারবার চেষ্টা করেন ভালোবাসার কথা জানানোর। কিন্তু নানা বাধায় তা আর হয়ে ওঠে না। একদিন মুঠোফোন হারানোর কথা বলে মেয়েটিকে কল দিতে বলেন তঁার ফোনে। যেই ডায়াল করলেন, অমনি ওয়েলকাম টিউনে বেজে ওঠে ‘ভালোবাসি ভালোবাসি’।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের এই বিজ্ঞাপনচিত্র বেশ সাড়া জাগায়। প্রাদপ্রদীপের আলোয় আসেন সেই ছেলেটি। তাঁকে নিয়ে আলোচনা বাড়ে। সঙ্গে বাড়ে তাঁর ব্যস্ততা। এখন তো অভিনয় ও মডেলিং নিয়ে মহাব্যস্ততা। সেই ছেলেটির নাম হাসান আজাদ। পরিচয় আরও একটু বিস্তৃত করলে চট্টগ্রামের ছেলে হাসান। সম্প্রতি চট্টগ্রাম এলে কথা হয় তাঁর সঙ্গে।
চট্টগ্রাম ছেড়ে ঢাকা। বিশাল জায়গা। বাঘা বাঘা সব শিল্পী। পোক্ত স্থান করা চাট্টিখানি কথা নয়। তাহলে কীভাবে হলো? হাসান শুরু করলেন একেবারে গোড়া থেকে। বললেন, ‘সময়টা ২০০৬ সাল। এইচএসসি শেষ করে ঢাকায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করি। কারণ, অভিনয় কিংবা মডেলিং যা-ই করি, ঢাকামুখী না হলে তো জায়গা করে নেওয়া অনেক কঠিন। এর মধ্যে ঢাকায় গিয়ে মোস্তফা সরওয়ার ফারুকীর প্রতিষ্ঠান ছবিয়ালে আমার কিছু ছবি দিয়ে আসি। হবে না, তার পরও দিয়ে দেখি এই ভেবে দিয়ে আসলাম। একদিন দেখি ছবিয়াল থেকে ফোন। বাংলালিংকের একটি বিজ্ঞাপনের জন্য আমি সিলেক্ট হলাম। অথচ এর আগে অনেকের কাছে ধরনা দিয়েছি, কেউ ডাকেনি। প্রথম ডাকটা পেলাম একেবারে ফারুকী ভাইয়ের কাছ থেকে। ব্যস, শুরু হয়ে গেল আমার মডেলিং–জীবন। টার্নিং পয়েন্ট গ্রামীণফোনের সেই বিজ্ঞাপন। আমি নিজেও কাজটা করে সন্তুষ্ট।’ এ ছাড়া এটম, প্রাণ গ্রিনপিস, ফ্রেশ মিনারেল, ভিশন এলইডি টিভির বিজ্ঞাপনচিত্রে তো হামেশাই পর্দায় দেখা যায় হাসানকে।
এবার আসি অভিনয় প্রসঙ্গে। মডেলিংয়ে তো একঝলক দিয়েই শেষ। কিন্তু অভিনয়, সে তো অনেক কাঠখড় পোড়াতে হয়। কারণ, দুটোর দুই ধারা। এ ক্ষেত্রেও সাবলীল হাসান। সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনয়। তাও যেনতেনভাবে নয়, ভালোই চালিয়ে যাচ্ছেন। তক্ষক, মেড ইন চিটাগাং, শ্রাবণের বৃষ্টি, সিগারেট-এ হাসানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
এ ছাড়া বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম লাল নীল বেগুনি, সাতকাহন, মুকিম বাদার্স, চলো হারিয়ে যাই, নীল আকাশের কালো রং ও ভালোবাসার রংধনু। ঈদে আসছে দুটি নাটক—স্বপ্নে বসবাস ও তবু তোমায় ভালোবাসি।
মেড ইন চিটাগাং নাটকে হাসান করেন নায়িকা নুরজাহানের ভাইয়ের চরিত্র।
মূল চরিত্রে না হলেও তাঁর ওপর ফোকাস থাকে বেশি। কারণ, ঝামেলা বাধিয়ে তালগোল পাকান, আর বোনের শরণাপন্ন হন। প্রথমেই বোনের কানমলা খান। তারপর বোন-দুলাভাই তাঁকে বাঁচাতে পড়েন নতুন ঝামেলায়। এভাবেই এগিয়ে যায় কাহিনি।
হাসান এ পর্যন্ত ৩১টি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। অভিনয় করেছেন শতাধিক নাটকে। হাসানেরও স্বপ্ন অভিনয়ে অনেক দূর এগোনোর। বললেন, ‘আমি এখনো শিখছি। বড় শিল্পী ও পরিচালকদের সঙ্গে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ছে। ধীরে ধীরে পরিচালকেরা আমার ওপর আস্থা রাখছেন। আমার স্বপ্ন, এমন কোনো চরিত্র করব, যা দিয়ে সারা জীবন দর্শকদের মনে ঠাঁই করে নেব।’
সবশেষে চট্টগ্রাম—বলতেই মুখ থেকে কথা কেড়ে নিলেন। নিজে ফ্লোর নিয়ে চোখেমুখে রাজ্যের চঞ্চলতাসহ বলতে শুরু করলেন। ‘আমার সব চট্টগ্রামে। দুই দিনের ছুটি পেলেই চট্টগ্রাম চলে আসি। বন্ধুবান্ধব, মা-বাবা সবাই তো চট্টগ্রামেই। আমার এই শহরের মতো শান্তির জায়গা আর কোথাও নেই।’ বললেন হাসান।