আমাদেরও চোখে আসে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারিবদ্ধ অনেকগুলো ছবি। পেছনে সারিবদ্ধ অনেকগুলো মানুষ। সব মিলেই স্থিরচিত্রটি। ২৫ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে তা। স্থিরচিত্র, কিন্তু ছবিটি মনকে স্থির রাখে না, করুণ রসে সিক্ত করে, যার তুলনা মেলে না।তাঁরা সবাই সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন। সামনের ছবিগুলো সেই নিহত স্বজনদের। চালকের অনিয়ন্ত্রিত গতি কেড়ে নিয়েছে তাঁদের জীবন। খবরের কাগজে সড়ক দুর্ঘটনার সংবাদ পড়ে মন খারাপ হয় ঠিকই, কিন্তু কদিন তা মনে রাখে মানুষ? পরের দুর্ঘটনা এসে আগেরটিকে সরিয়ে দেয় মন থেকে। কিন্তু যিনি স্বজন হারালেন, তিনি কি মন থেকে মুছে ফেলতে পারেন সে ক্ষত? পারেন না—এ কথা বুঝতে দার্শনিক হতে হয় না। একটি মৃত্যু একটি পরিবারকে শেষ করে দেয়। যে মানুষ উচ্ছল হয়ে বেরিয়েছে পথে, সে যখন অকস্মাৎ লাশ হয়ে বাড়ি ফেরে, তখন স্বজনদের সবকিছু ওলট-পালট হয়ে যায়। সে কথাই বলছিলেন সে দিন যাঁরা কথা বলতে এসেছিলেন জাতীয় জাদুঘরে। উপস্থিত শ্রোতাদের কাঁদিয়েছেন তাঁরা, খবরটি পড়তে গিয়ে আমাদের চোখেও এসেছে জল।কীভাবে এড়ানো সম্ভব সড়ক দুর্ঘটনা। আমাদের রাজপথগুলোয় যে চালকেরা চালাচ্ছেন যন্ত্রযান, তাঁদের সবাই কি ঠিকভাবে রাস্তায় চলার আইনকানুনগুলো জানেন? প্রায়ই দেখা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে দুটো গাড়ির গতির প্রতিযোগিতা। কোথায় ধীরে চলতে হবে, কোথায় খেয়াল রাখতে হবে ট্রাফিক সিগন্যাল, সেগুলো কি দেখে কেউ? রাস্তার আইন মেনে না চললে পথচারী, গাড়ির আরোহী কেউই নিরাপদ নন। সবার সচেতনতা জরুরি। আর ট্রাফিক পুলিশ, তাঁদের পেট্রোল কার যদি সড়কের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তত্ক্ষণাত্ ব্যবস্থা নিত, তাহলেও সতর্ক হয়ে যন্ত্রযান চালাতেন চালক। নিরাপদ সড়ক পরিবারগুলোকে এই অপঘাত থেকে মুক্তি দিতে পারে। জা. রে. নূ