সফলদের স্বপ্নগাথা
আমাদেরও তোমাদের কাতারে দাঁড় করাও
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১০ জুন কানাডার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের জন্য আয়োজিত ভার্চ্যুয়াল সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন তিনি।
বহুদিন ধরে তোমরা বহু পরিশ্রম করেছ এই সমাবর্তনের দিনটির জন্য। নিশ্চয়ই তোমরা গর্বিত। কিন্তু সত্যি কথা বলতে তোমরা যেমন কল্পনা করেছিলে, আজকের দিনটা তেমন নয়। পৃথিবী এত বদলে যাবে, এক বছর আগেও কেউ ভাবতে পারেনি। তোমাদের আজ বন্ধুদের সঙ্গে উদ্যাপন করার কথা, গাউন পরে ছবি তোলার কথা, ক্যাম্পাসে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। তোমরা হয়তো মঞ্চে উঠে তোমাদের সনদ নিতে পারতে, সমাবর্তন বক্তার কথা কখন শেষ হবে, সেই অপেক্ষায় থাকতে, আর মনে মনে ভাবতে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে রাতের জমজমাট অনুষ্ঠানের কথা। কিন্তু এ বছরটা অন্য রকম। তোমরা অন্য রকম।
কোন সময়ের পৃথিবীতে আমি সমাবর্তন নিতে চাই, সেটা বেছে নেওয়ার সুযোগ শিক্ষার্থীরা পায় না। যদি পেত, তোমরা নিশ্চয়ই ২০২০ সাল বেছে নিতে না। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল জলবায়ু বদলে দিয়েছে। ইরানে ঘটেছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক-হামলা হয়েছে। কৃষ্ণাঙ্গ ও আদিবাসীদের ওপর পুলিশের নৃশংসতাও আমরা দেখেছি। আর হ্যাঁ, যে দুর্যোগের কারণে আজ একত্র না হয়ে ভার্চ্যুয়ালভাবে এই অনুষ্ঠান করছি—সেই কোভিড–১৯ তো আছেই। এটি কয়েক প্রজন্মের দেখা সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য ও অর্থনৈতিক বিপর্যয়।
তোমার প্রজন্মই প্রবলভাবে পৃথিবীর সমস্যাগুলো উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে কোন জায়গাগুলোর মেরামত প্রয়োজন। তোমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে পদযাত্রায় নেমেছ। তোমরা ‘#মি টু’ বলার শক্তি দেখিয়েছ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে তোমরাই রুখে দাঁড়িয়েছ।
সাম্প্রতিক ঘটনাগুলো তোমাদের জীবনে অনেক কষ্ট, অনিশ্চয়তা বয়ে এনেছে। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যে পৃথিবী তোমরা উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছ, ২০২০ সাল সেটির সীমাবদ্ধতা ও ত্রুটিগুলো উন্মোচন করে দিয়েছে। এটা আমাদের জন্য শুধু উদ্বেগের বিষয় নয়, জেগে ওঠার বার্তাও। এ থেকে বোঝা যাচ্ছে, তোমার ভূমিকা কত অপরিহার্য। কারণ, তোমার প্রজন্মই প্রবলভাবে পৃথিবীর সমস্যাগুলো উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে কোন জায়গাগুলোর মেরামত প্রয়োজন। তোমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে পদযাত্রায় নেমেছ। তোমরা ‘#মি টু’ বলার শক্তি দেখিয়েছ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে তোমরাই রুখে দাঁড়িয়েছ।
কোনো ভুল কোরো না। ডিগ্রি পাওয়া নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু কোনো অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তুমি নিশ্চয়ই কখনো একটা কাগজের জন্য অপেক্ষা করোনি। বদলের ডাক দিতে, বদলে দিতে তুমি আজকের দিনটার জন্য অপেক্ষায় থাকোনি।
সমাবর্তন নেওয়া আর কোনো ব্যাচ এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। কিন্তু ১৯৩৯ সালের ক্লাসের কথা তোমাদের মনে করিয়ে দিই। যে যুদ্ধ তাঁরা শুরু করেননি, সেই যুদ্ধের হতাশা থেকেই বেরিয়ে এসেছিল একটা সেরা প্রজন্ম। অভূতপূর্ব ধ্বংসের মুখোমুখি হয়েও তাঁরা পৃথিবীটাকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, শার্টের হাতা গুটিয়ে নেমে পড়েছিলেন। তাঁরা যে নির্দেশনা তৈরি করেছেন, তার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধাংশ। তাঁরা পৃথিবীকে আরও সংহতি, সহানুভূতি, বোঝাপড়ার পথ দেখিয়েছেন। তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, বড় স্বপ্ন দেখেছেন, কঠোর পরিশ্রম করেছেন, আর যে পৃথিবী তাঁরা পেয়েছেন, তার চেয়ে অনেক ভালো একটা পৃথিবী আমাদের দিয়ে গেছেন।
২০২০ সালে তোমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ, সেটিও এর ব্যতিক্রম নয়। আগামী কয়েক বছরে তোমরা ছোট-বড় যে সিদ্ধান্তগুলো নেবে, সেগুলোই পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের চেয়ে ভালো প্রস্তুতি আর কোনো প্রজন্মের ছিল না। কোভিড–১৯ তোমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, যার মধ্যে সবচেয়ে নিচের দিকে থাকবে একটা ‘যথাযথ সমাবর্তন অনুষ্ঠান’।
এই মহামারি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। আমাদের শিখিয়েছে, একে অপরকে আমাদের কতটা প্রয়োজন। এই ভাইরাসকে হারাতে হলে প্রত্যেককে তাঁদের দায়িত্বটা পালন করতে হবে, তরুণদের এগিয়ে আসতে হবে। তোমরা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সুরক্ষা দিতে অনেক ত্যাগ স্বীকার করছ। অনলাইনে ডিগ্রি সম্পন্ন করেছ। মাসের পর মাস বন্ধুকে জড়িয়ে ধরোনি। এই কঠিন সময়ে তোমরা তোমাদের মা-বাবা, প্রতিবেশী, সমাজকে সহায়তা করেছ। স্থানীয় দাতা সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা, কিংবা নতুন স্বাভাবিকতার সঙ্গে মানানসই কোনো ব্যবসা দাঁড় করাতে সাহায্য করা—যা-ই করে থাকো না কেন, মানে তুমি এগিয়ে এসেছ।
সমাজের ধারণা, পুনরুদ্ধার করার এটাই সময়—একজন ভালো প্রতিবেশী হওয়া, একজন ভালো বন্ধু হওয়া—হোক অনলাইনে বা বাস্তব জীবনে। তোমরা এমন সব মানুষকে দেখে, এমন সব মানুষের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে বেড়ে উঠেছ, যারা হয়তো তোমার ভাষায় কথা বলে না, তোমার মতো একই রঙের পাসপোর্ট বহন করে না, কিন্তু তোমাদের মূল্যবোধ, প্রতিক্রিয়া, আগ্রহের জায়গাগুলো একই রকম। ওয়াল স্ট্রিট দখল, আরব বসন্ত, কিউবেকের ছাত্র আন্দোলন, এমন অনেক আন্দোলন তোমরা প্রত্যক্ষ করেছ। তোমরা শুধু মূল্যবোধটা বোঝো তা নয়, সমাজের শক্তি সম্পর্কেও জানো। তাই আমি বিশ্বাস করি, তোমরা হলে একুশ শতকের সেরা প্রজন্ম।
তোমরা জানো, পৃথিবীর সমস্যা কোথায় আর কীভাবে সমাধান করতে হবে। তোমাদের কাজ শুধু আমাদের মতো মানুষকে চ্যালেঞ্জ করা নয়, বরং আমাদেরও তোমাদের কাতারে দাঁড় করানো। সামনের পথ সহজ হবে না। আসবে বাধা, হতাশা, দুঃখ। কিন্তু তুমি যা অর্জন করবে বলে মনস্থির করেছ, তা পাওয়ার জন্য যা যা দরকার, সবই তোমার আছে। তুমি অসাধারণ বুদ্ধিমান, দক্ষ, সৃজনশীল আর উচ্চাকাঙ্ক্ষী। তোমার আছে আগ্রহ, মমতা, সহানুভূতি।
বিশ্বাস করো, শুধু অর্জন, সাফল্য, গড়ার জন্য যা যা প্রয়োজন, তা-ই নয়, সুখী হওয়ার সক্ষমতাও তোমার আছে। কোন পৃথিবীতে আমি সমাবর্তন নিতে চাই, সেটা কেউ বেছে নিতে পারে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যেতে চাও, সেটা তুমি ঠিক করতে পারো। ২০২০ সালের ক্লাস, তোমরা অন্য রকম। সব সময় অন্য রকম ছিলে। সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা জেনেছি, তোমরা একে অন্যকে নিয়ে ভাবো। যে মানুষটার সঙ্গে কখনো দেখা হয়নি, হবেও না, তুমি তারও মঙ্গল চাও। আমি জানি, তোমরা পারবে। জানি, তোমরাও সেটা জানো। (সংক্ষেপিত)
ইংরেজি থেকে অনুবাদ: মো. সাইফুল্লাহ
সূত্র: অনুষ্ঠানের ভিডিও