আমান উল্লাহর আচ্ছা পাগল মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকের ব্যান্ডদল সোলসের জনপ্রিয় ‘আচ্ছা পাগল মন রে, দিন গেলে তুই ঘরত বই বই হাঁদিবি’ গানটির আসল রচয়িতা ও সুরকার ছিলেন কক্সবাজারের শেকড় সন্ধানী গায়েন আমান উল্লাহ। কক্সবাজার এলেই সোলসের আইয়ুব বাচ্চু খুঁজে নিতেন আমান উল্লাহকে। ঢাকায় গিয়ে তাঁদের সঙ্গে গান গাওয়ার অনুরোধ জানান। কিন্তু শেকড়ের বন্ধন ছেড়ে আমান উল্লাহ সেই পথে এগোতে পারেননি বলে তাঁর এত কষ্ট-যন্ত্রণা’। ১৫ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে জেলার শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও সাহিত্যিকেরা শিল্পী আমান উল্লাহ সম্পর্কে বলতে গিয়ে এসব কথা তুলে ধরেন। জেলার সাংস্কৃতিক সংগঠন ‘বাতিঘর কক্সবাজার’ শিল্পী আমান উল্লাহ একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিলা মুরং। এরপর আমান উল্লাহ গেয়ে চলেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, ‘দুনিয়ার মানুষ জেনেশুনে ভুল করো না’, ‘প্রিয়ার সনে প্রেম খেলিব’, ‘ও জমিদার রে, মইরলে একদিন বুজবি তোরা...’। গান থামিয়ে দর্শকদের উদ্দেশে আমান উল্লাহ বলেন, ‘লেখাপড়া জানি না। তার পরও হাজার গান গেয়েছি। নিজে গান তৈরি করি ও সুর দিই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গান করেছি “মুজিব রইলা হন দেশেতে”। দেশের গান, অধিকারের গান, প্রেমের গান, ধর্মের গান কোনোটা বাদ দিইনি। সহস্র গানের শিল্পী, কিন্তু কোনো গানের পাণ্ডুলিপি নাই। কষ্টের জীবন, বহু সময় সংসারে অন্ন জোটে না। এই সংগীতই আমাকে বাঁচিয়ে রেখেছে।’গানের ফাঁকে ফাঁকে চলে শিল্পীকে নিয়ে বিশিষ্ট জনদের স্মৃতিচারণা। সংগীতশিল্পী রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ‘আকাশ সংস্কৃতির দাপটে আমান উল্লাহ বড় কোনো শিল্পী হতে পারেননি। কারণ আমরা শেকড়ের কথা ভুলে যাই।’ কক্সবাজার বেতারকেন্দ্রের প্রযোজক ও শিল্পী প্রবীর কান্তি বড়ুয়া বলেন, প্রাণের ছোঁয়া না থাকলে গান হয় না। শিল্পী আমান উল্লাহর এই গুণ ছিল বলে টানা ৪০ বছর ধরে গান গেয়ে যেতে পারছেন। এতগুলো গান এখনো মুখস্থ রেখে গাইতে পারছেন। সংগীতশিক্ষক আবদুস শুক্কুর, বশির আহমদ, ব্যান্ডশিল্পী তালেব মাহমুদ, বাতিঘর কক্সবাজারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট অরূপ বড়ুয়াও বক্তব্য দেন। আমান উল্লাহর গানে প্রাণের উচ্ছ্বাস ছিল। টানা ১৫টি মৌলিক গান গেয়ে তিনি তরুণ থেকে বৃদ্ধ বয়সের সব প্রাণকে জয় করে নিতে পেরেছেন। শিল্পী আমান উল্লাহ ৬৭ বছর বয়সেও গান গেয়ে চলেছেন। অথচ গত ৪০ বছরে এটিই তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান। বাতিঘর কক্সবাজার এই অনুষ্ঠানের আয়োজন না করলে তা-ও সম্ভব হতো না। কারণ এ রকম একটি অনুষ্ঠান আয়োজনের সাধ্য তাঁর নেই।সবশেষে ছেলে হাসান তারেককে সঙ্গে নিয়ে আমান উল্লাহ সেই বিখ্যাত গান ‘আচ্ছা পাগল মন রে’ গেয়ে শোনান।