প্রশ্ন: আপনি কি মনে করেন খাদ্যদ্রব্যের দাম অদূরভবিষ্যতে কমবে?উত্তর: অবশ্যই। ফেব্রুয়ারি মাসে রবি মৌসুম শুরু হবে, এতে বিভিন্ন খাদ্যশস্যের উত্পাদন অনেক বাড়বে। তা ছাড়া সরকার খাদ্যশস্যের মূল্য কমানোর জন্য বেশ কিছু বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, ওই পদক্ষেপগুলো অবশ্যই খাদ্যশস্যের দাম কমাতে সহায়তা করবে। সরকারকে বাজারে খাদ্যশস্যের সরবরাহ বাড়াতে হবে। তবে আমরা দেখেছি ইতিমধ্যেই বাজারে চিনির দাম কমেছে। প্রশ্ন: অনেকে মনে করেন ইউপিএ সরকারের গৃহীত পদক্ষেপগুলো জিনিসপত্রের দাম বাড়িয়েছে...উত্তর: বিগত সরকারগুলো কৃষকদের জন্য কিছুই করেনি। তা ছাড়া ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে গিয়েছিল। ৬৩ ভাগ জনগোষ্ঠীকে শক্ত অর্থনৈতিক ভিত্তি না দিতে পারলে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। খাদ্যশস্যের দাম বেড়েছে ঠিকই, কিন্তু এতে কৃষক লাভবান হয়েছে, তার হাতে অর্থ এসেছে। আজকে শহরে বসে অনেকেই খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ তুলছেন ঠিকই, কিন্তু এটা তো ঠিক, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় এই গ্রামীণ কৃষকেরাই ভারতকে বাঁচিয়েছেন।প্রশ্ন: খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সে জন্য অনেক রাজনৈতিক দল আপনার পদত্যাগ দাবি করেছে...উত্তর: আমি ছয় বছর ধরে মন্ত্রী। এ সময় দেশে খাদ্যদ্রব্যের উত্পাদন বেড়েছে। দেশে এ সময় খরা হয়েছে বেশ কয়েকবার, তারপরও আমাদের মজুদ সন্তোষজনক। আমার সময়কালে কৃষক উপকৃত হয়েছে এবং এটাই সবচেয়ে বড় কথা। আমার মনে হয়, আমার একমাত্র দোষ, আমি কৃষক ও দরিদ্রের হয়ে কাজ করি।প্রশ্ন: কিন্তু আপনার সময়ে ভারতের দারিদ্র্যপীড়িত মানুষই কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত...উত্তর: আমার সময় তো অতি দরিদ্রদের জনপ্রতি তিন কেজি করে ও পরিবারপ্রতি ছয় কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়েছে। দরিদ্রদের কেজিপ্রতি সাড়ে সাত টাকা দরে খাদ্যশস্য কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা কৃষিতে ভর্তুকি দিয়েছি। দারিদ্র্যপীড়িত মানুষ আমার সময়কালে কীভাবে ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো বুঝতে পারলাম না। প্রশ্ন: কিন্তু বিতরণব্যবস্থা তো একেবারেই হ-য-ব-র-ল...উত্তর: আমরা জানি, এ জন্য কারা দায়ী। আমার কাজ কৃষির উত্পাদন বাড়ানো, গ্রামীণ পর্যায়ে খাদ্য নিরাপত্তা বলয় তৈরি করা। বিতরণব্যবস্থা সম্পর্কে অনেকের অভিমত থাকতে পারে, কিন্তু সব দায়ভার আমার হবে কেন? আমার সময় মহারাষ্ট্র, কেরালা ও দক্ষিণ ভারতে খাদ্য উত্পাদন বেড়েছে।প্রশ্ন: ভারতে খাদ্যশস্যের পাইকারি ও খুচরা মূল্যের এ রকম তারতম্য কেন?উত্তর: এই তারতম্য যতটা না খাদ্যশস্যে, তার চেয়ে অনেক বেশি শাকসবজি ও ফলমূলে। সবজি ও ফলমূলের দাম বেড়ে যাওয়ার কারণ এগুলো দ্রুত পচনশীল দ্রব্য। পচন ও অপচয় রোধ করার জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া যায়। কিন্তু এটা সময়সাপেক্ষ ও খরচের ব্যাপার। রাজনৈতিক দলগুলো ছোট খুচরা ব্যবসায়ীদের পরিবর্তে বড় খুচরা ব্যবসায়ীদের এ ব্যাপারে উত্সাহিত করতে পারে।