আমার অবুঝ মন
আজ ঈদের দিন। খুব সকালে ঘুম ভাঙল। তবে বাবার জড়িয়ে ধরে জোর করে তোলা নয়, মায়ের ডাকে! গোসল সেরে নিতে হবে। গোসলের প্রস্তুতি নিতে হঠাৎ মনে প্রশ্নের উদয় হলো, আচ্ছা, বাবার ওই জায়গায় ঈদ কেমন হয়? বাবাও কি গোসল করবে? গরম পানি না হলে বাবা গোসল করবে কী করে?
এক মাস ধরে ঠান্ডাজনিত সমস্যা লেগে ছিল। যা-ই হোক, গোসল সেরে ঘরে ঢুকলাম। ছোট বোন এসে জড়িয়ে ধরে বলল, ‘ভাইয়া, ঈদ মোবারক! আমাকে সালামি দাও।’ আমি বললাম, ‘নামাজ পড়ে এসে দেব।’ ও আমার পেছন পেছন আমার রুমে এসে বলল, ‘ভাইয়া, এবার তো আমার সালামি বেশি হবে না। আব্বু তো দিতেই পারবে না।’
দুই হাত গালে দিয়ে সোফায় বসে বলল, ‘আমার যে িক হবে?’
আমি পাঞ্জাবি-পায়জামা পরছিলাম। ও আবার বলল, ‘আব্বু তো আমাকে বাটার ওই লাল জুতাটা কিনেই দিল না।’
আমি বললাম, ‘বেশি কথা বোলো না, বড় আপুর কাছে যাও।’
আমি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আম্মুকে সালাম করার পর আনমনে বাবাকে খুঁজছিলাম। ইশ্! আমিও যদি বাবার সঙ্গে যেতাম, তাহলে ঈদের সালামটা করতে পারতাম!
ঈদের নামাজে বেশির ভাগ ছেলেই বাবার সঙ্গে এল। নামাজ শেষে সবাই নিজের বাবার সঙ্গেই আগে কোলাকুলি করল। আমি সবাইকে এড়িয়ে পা বাড়ালাম গোরস্থানটার দিকে।