আমার ঈদের দিনগুলি
ঈদ মানে খুশি। আর এটা সকলের জন্যই একটা আনন্দের দিন। এই দিনে সকলে নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে একে অপরকে কাছে টেনে নেয় বিনা সংকোচে।
আমার কাছে ঈদ মানে অন্যরকম একটা আনন্দ অনুভূতির দিন। আর ছোট বেলার ঈদ সেটা বলে বোঝানো যাবে না।
পরিবারের সবাই মিলে বাসার ছাদে চলে যেতাম চাঁদ দেখার জন্য। চাঁদ মামাকে দেখার সাথে সাথে সালাম দিতাম আমরা। তারপর ছাদের ওপরেই ঈদ ঈদ বলে লাফালাফি করতাম। চাঁদ দেখা শেষ হলে ভাইয়ারা মিলে বাজার এ যেতাম আতশবাজি আর পটকা আনার জন্য। তারপর এলাকার ভেতর সবাই মিলে আনন্দ করতাম আর প্রতিবেশীর বাসার সামনে গিয়া পটকা ফুটাইতাম।
আমার ঠিক মনে আছে, আমি যখন ১০-১২ বছরের তখন ঈদের আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবতাম কার কার বাসায় যাব আর সেলামি নেব।
ঈদ এর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে ভাইয়ারা মিলে তৈরি হতাম বাবার সাথে নামাজে যাওয়ার জন্য। মনে আছে বাবা নিজে পাঞ্জাবি পরিয়ে দিয়ে আঁতর দিয়া দিতেন। তারপর নামাজে যাওয়ার আগে মাকে পায়ে ধরে সালাম করতাম, তারপর বাবাকে সালাম করতাম। মনে আছে বাবা প্রথম সেলামি দিয়েছিল ২০ টাকার নতুন নোট। আমি সেকি মহাখুশি, টাকা দিয়ে এটা করব, সেটা কিনব কত প্লানিং।
যেহেতু বাসা থেকে ঈদগা কাছাকাছি ছিল তাই আমরা পায়ে হেঁটে ঈদগা চলে যেতাম। বাবার সাথে নামাজ আদায় করে সবাই কোলাকুলি করতাম। বড়রা আমাকে ধরে কোলাকুলি করত, যেটা আমাকে খুবই আনন্দ দিত।
নামাজ আদায় শেষে বাসায় ফিরে তাড়াতাড়ি করে ঈদ এর নতুন জামা পরে ভাইয়ারা মিলে বের হতাম সালামি আদায় করার জন্য। আমরা সব সময় মামানির বাসা দিয়ে শুরু করতাম। তারপর একে একে সকলের বাসা ঘুরে বিকেলের আগে বাসায় চলে আসতাম।
তখন টিনের বন্দুকের খুব প্রচলন ছিল। বাসায় ফেরার আগে ঈদ এর সেলামি দিয়ে বন্দুক আর পটকা কিনে নিয়ে আসতাম।