আমার একটা নদী ছিল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুসূদনের যেমন কপোতাক্ষ, আল মাহমুদের যেমন তিতাস, তেমনি আমারও একটা নদী ছিল—শৈশবের নদী। বাঁশখালী থেকে কুতুবদিয়াকে পৃথক করেছে যে স্রোতধারা, তার নাম কুতুবদিয়া চ্যানেল। ‘চ্যানেল’ শব্দটি ভারিক্কি চালের, আর ‘নদী’ বড় সুন্দর, যেন কবিতার মতো মনোহর। তাই কুতুবদিয়া চ্যানেলই আমার শৈশবের নদী। ইতিহাস বলে, প্রায় ৫০০ বছর আগে পত্তন হয় কুতুবদিয়া দ্বীপের। না জানি সেই কত শত বছর ধরে এ নদীর নিরন্তর পথচলা! তা সে যত বছরই হোক, আমার বালক বেলায় তার সঙ্গে গড়ে উঠেছিল মধুর সখ্য।ফ্লাশব্যাকে এখনো স্পষ্ট দেখতে পাই, অমিত বেগে ছুটে চলছে আমার নদীসখা, তার চেয়ে বেশি বেগে এগিয়ে চলছে পালতোলা সাম্পান, জলের বুকে ক্রমাগত আঘাতে দাঁড়ের শব্দ—ক্যাক্কুরুত... ক্যাক্কুরুত! স্রোতের শোঁ শোঁ শব্দ আর দাঁড়ের ক্যাক্কুরুত—সে এক অপূর্ব মূর্ছনা। স্কুল ছুটি শেষে বইগুলো ছুড়ে দিয়ে চুপি চুপি যেই বের হব, অমনি খপ করে কান ধরে বাবা পাঠিয়ে দিত বিছানায়। ভরদুপুর, বের হতে মানা। শৈশবে মা-হারা, বাপ-ন্যাওটা আমি বাবার গায়ের ওপর পা তুলে দিয়ে গলা জড়িয়ে ধরে লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়তাম। জঙ্গনামা বা পদ্মাবতীর নির্বাচিত অংশ পাঠ করে আমাকে ঘুম পাড়ানোর জন্য বাবার সে কী নিরলস প্রচেষ্টা! একদিকে বাবার দরাজ কণ্ঠের পুঁথিপাঠ, অন্যদিকে নদীর আবহসংগীত। আমিও মিনিট পাঁচেকের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করতাম, আর প্রতীক্ষায় থাকতাম কখন বাবা নিজেই ঘুমিয়ে পড়ে। যেই মাত্র বাবার নাক ডাকা শুরু হতো, আমি সাবধানে বাবার গায়ের ওপর থেকে আমার পা, আর গলা থেকে হাত ছাড়িয়ে নিয়ে দিতাম ছুট। উত্তর পাড়ার-দক্ষিণ পাড়ার আরও কয়েকজন ছেলেকে নিয়ে সোজা নদীর তীরে। পরনের প্যান্ট সুবিধামতো জায়গায় রেখে ঝাঁপিয়ে পড়তাম নদীর জলে। অবাধ সাঁতার, ঢেউয়ের তালে ভেসে চলা, কে কত দূরে যেতে পারে পাল্লা দেওয়া, হইহুল্লোড়ে কেটে যেত ঘণ্টা তিনেক। তারপর আবার প্যান্টটা পরে নিয়ে চুপি চুপি এসে বাবার গলা জড়িয়ে ক্লান্ত শরীরে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তাম। পরে আমার লাল চোখের দিকে বাবা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকত, আমারও ভাবখানা ছিল এই—বেশি ঘুমালে চোখ তো লাল হবেই। তারপর...। তারপর কেটে গেছে কতকাল! অজপাড়াগাঁয়ের সেই ছোট্ট দুরন্ত বালক আমি নগরের বিশ্ববিদ্যালয়ের গণ্ডি প্রায় পেরিয়ে গেছি। ভালো বিষয়ে স্নাতক হয়ে হারিয়ে ফেলেছি শৈশবের নদীজলে স্নান করার অধিকার! পচা নালা-নর্দমা ভরা এই দূষিত নগরে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়, একটি দীর্ঘশ্বাস বেরোনোর পথ পায় না, যে দীর্ঘশ্বাসটির আক্ষরিক অনুবাদ: আমার একটা নদী ছিল...।জিয়াব-উল-করিমচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।