আমার কাছে দেশপ্রেম মানে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক
মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক (ওয়ানডে ও টি-টোয়েন্টি) মাশরাফি বিন মুর্তজার জীবনী নিয়ে একটি বই বের হয়েছে। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা মাশরাফি বইতে সুন্দর একটি কথা বলেছেন অধিনায়ক নিজেই। সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমি বলি, এই যারা ক্রিকেটে দেশপ্রেম দেশপ্রেম বলে চিৎকার করে, এরা সবাই যদি একদিন রাস্তায় কলার খোসা ফেলা বন্ধ করত, একটা দিন রাস্তায় থুতু না ফেলত বা একটা দিন ট্রাফিক আইন মানত, দেশ বদলে যেত। এই এনার্জি ক্রিকেটের পেছনে ব্যয় না করে নিজের কাজটা যদি সততার সঙ্গে একটা দিনও সবাই মানে, সেটাই হয় দেশপ্রেম দেখানো।’ অর্থাৎ মাশরাফির মতে, যার যার নিজের কাজ ঠিকভাবে করাই দেশপ্রেম।

মাশরাফির এই ভাবনাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁদের কাছে দেশপ্রেমের মানে কী। তাঁরা তা বলেছেন। অনেকের কথাতে আছে মাশরাফির কথার সুর। দৈবচয়নের ভিত্তিতে এসব মতামত সংগ্রহ করা হয়েছে। দেশপ্রেম বলতে কে কী মনে করছেন, তা দেওয়া হলো।

l সবাই যদি আলাদা আলাদাভাবে স্বাবলম্বী হয়, আর এতে দেশের স্বার্থ সম্পৃক্ত হলে সেটাই দেশপ্রেম। মুখে না বলে কাজের মাধ্যমে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

নিশাত ইসলাম

আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক
মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক

l ­দেশপ্রেম মানে সবার সহযোগিতা আর সম্মিলিত প্রচেষ্টা দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা। আর এ জন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। পাশাপাশি একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব রাখতে হবে।
মো. সাইফুল ইসলাম
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

l দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালোবাসা। দেশকে হৃদয়ে ধারণ করে দেশের প্রতি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করা। একই সঙ্গে একটি বিষয় আমাদেরও মনে রাখতে হবে, দিবসকেন্দ্রিক না হয়ে দেশের প্রতি কর্তব্যবোধকে জীবনের অনুষঙ্গ হিসেবে নিতে হবে।
বিপাশা বেলাল
ফার্মেসি বিভাগ, ৩য় বর্ষ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।

l আমার কাছে দেশপ্রেম হলো যে যেখানেই কাজ করুক, সেখানে সর্বোচ্চ প্রচেষ্টায় শতভাগ দিয়ে নিজের কাজ করা। তাহলেই একটি দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
সালেহ আকরাম
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।

l কোনো একটি সাক্ষাৎকারে মাশরাফি বলেছিলেন ‘মানুষ পতাকার জন্য, দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে। তাঁদের অনেকের পা ছিল না। তাঁরা পেরেছিলেন। কারণ, এর পেছনে ছিল দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা। আর আমার তো পায়ে ইনজুরি।’ জাদুকরী এই অধিনায়কের সঙ্গে সহমত পোষণ করে বলছি আমার কাছে দেশপ্রেম হলো দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়া।
রিপন সরকার
সহকারী আবহাওয়াবিদ
আবহাওয়া অধিদপ্তর, ঢাকা।

l এক কথায় স্বাধীনতার সঠিক মূল্যায়নই দেশপ্রেম। পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত হয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করা। দেশের আইনকানুন মেনে চলা বিশেষ করা ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেশপ্রেম প্রকাশের অন্যতম মাধ্যম হতে পারে।
মেহেদী হাসান
প্রথম বর্ষ, ফিল্ম অ্যান্ড মিডিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

l আমার কাছে দেশপ্রেম মানে এমন কোনো কাজে নিজেকে সম্পৃক্ত না করা যাতে দেশের ক্ষতি হয়। আমি কখনোই এ ধরনের কাজে জড়িত না হয়ে দেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে চাই।

সৌরভ ঘরামী

২য় বর্ষ, নাট্যতত্ত্ব বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

l দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ভালোবাসাই দেশপ্রেম। মা-বাবার কাছ থেকে দূরে গেলে যেমন তাঁদের ভালোবাসা টের পাওয়া যায়, তেমনি দেশের বাইের গেলেই দেশের প্রতি শেকড়ের টান অনুধাবন করা যায়। সে জন্য আমাদের ক্রিকেট থেকে শুরু করে সব বিষয়ে দেশের প্রতি কর্তব্যবোধ থেকে কাজ করা উচিত। পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট দল হারলে যেমন আমাদের খারাপ লাগে, মন মলিন হয়ে যায়, তেমনি দুর্নীতি দেখলে আমাদের ভেতরের তাড়না থেকে প্রতিরোধে কাজ করা উচিত।

তামান্না পারভীন

নৃবিজ্ঞান, চতুর্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

l দায়িত্ববোধ থেকে দেশের প্রতি কর্তব্য পালন করাই আমার কাছে দেশপ্রেম। দেশের যাতে উন্নতি হয় সে অনুযায়ী কাজ করা এবং ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করা।

হেনা আক্তার

ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, স্নাতকোত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

l সেই কাজগুলোতে নিজেকে জড়িত করা যে কাজে ব্যক্তির সঙ্গে সঙ্গে দেশ ও জাতি উপকৃত হবে। একক প্রচেষ্টায় হয়তো দেশের উন্নতি সম্ভব নয়। কিন্তু প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে দেশের প্রতি দায়িত্ব পালন করে, দেশের উন্নয়নে কাজ করে তবে সেটাই প্রকৃত দেশপ্রেম।

আরিফা চৌধুরী

আইন বিভাগ, স্নাতকোত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

 মতামত সংগ্রহ: মুসলিমা জাহান