আমার ক্যানসার জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর দশটা মেয়ের মতো আশা আহমেদেরও (ছদ্মনাম) নানা স্বপ্ন ছিল জীবন নিয়ে। পড়ালেখা শেষে বিয়েও করেছিলেন খুব ধুমধাম করেই। কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যে ধরা পড়ল ক্যানসার। তারপর? 
২০০৪ সালে পড়ালখো শেষ করার পর বাসা থেকে বিয়ের কথা বলল। সেই বছরের শেষের দিকে একদিন খালার বাসায় পল্লবের (ছদ্মনাম) সঙ্গে পরিচয়। ২৭ বছর বয়সের দারুণ স্মার্ট একটা ছেলে, বিয়ের জন্য একটা মেয়ের সঙ্গে পরিচিত হতে এসে ঘেমে-নেয়ে একেবারে অস্থির হয়ে যেতে পারে, এটা আমার ধারণায় ছিল না। প্রথম দিন দেখা করব। আমি গিয়েছি কাজিনদের সঙ্গে; তার ওপর আমার খালার বাসা। সেদিন কথাও হয়েছিল আমাদের। ছেলেটার ভদ্রতাজ্ঞান অসাধারণ! আমার ভালো লেগেছিল। আসলে দুজনেরই ভালো লেগেছিল দুজনকে।
বাসা থেকে যখন ছেলে বা তার পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে, তত দিনে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক দাঁড়িয়ে গেল। দুজন ফোনে কথা বলি, ঘুরতে যাই। ২০০৪ সালের ডিসেম্বরের ২ তারিখ আমাদের পান-চিনি হয়ে গেল। আর সে মাসেরই ১৬ তারিখে আমার বাসা থেকে গেল ওকে আংটি পরাতে।
আমাদের পক্ষ থেকে বিয়েতে তারিখ ঠিক হলো ২০০৫ সালের জানুয়ারি ১৩। ওরা জানাল, ১৫ তারিখ বউভাত। সময়গুলো খুব সুন্দর ছিল। আমি মা-বাবার একমাত্র মেয়ে। আমার বিয়ে নিয়ে সবারই নানা স্বপ্ন, শখ, আবদার! যদিও আমার বাড়ি বিক্রমপুর আর বরের বাড়ি রাজশাহী, তবে বিয়ে আর বউভাত দুটোই হয়েছিল ঢাকায়। আমার ২২ বছরের জীবনে এর আগে এত সুন্দর মুহূর্ত আর ছিল না। দিনগুলো কেমন যেন উড়ে যেতে লাগল। ভালোবাসা এত সুন্দর!

দুঃসময়ের শুরু
বিয়ের প্রথম কয়েক মাস শুধু ঘুরে বেড়িয়ে আর স্বপ্ন দেখেই কেটে গেল। ২০০৫ সালের মাঝের দিকে একদিন ঘাড়ে কেমন যেন একটা ফোড়ার মতো উঠল। মালিবাগ রেলগেটের কাছে একটা হাসপাতালে গেলাম চিকিৎসক দেখাতে। তিনি সাত দিনের অ্যান্টিবায়োটিক দিলে সেটা খেয়েও নিলাম। তখন আমার বিয়ের মাত্র চার মাস।
জুনের ৫ তারিখ আমি প্রথমবারের মতো গেলাম শ্বশুরবাড়ি। আদর-যত্ন আর ভালোবাসায় ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো; শুধু ঘাড়ের ওই অংশ বারবার তার অস্তিত্ব জানান দেওয়া ছাড়া। কয়েক দিন যেতেই শরীর আরও খারাপ হতে শুরু করল। আমি যেটাকে ফোড়া ভেবেছিলাম, সেটা ধীরে ধীরে টিউমারের রূপ নিচ্ছে। দুশ্চিন্তায় একদিকে বাবার বাড়ি অস্থির, আরেক দিকে শ্বশুরবাড়ি! পল্লবের অবস্থা তো বেশ খারাপ। মাত্র চার মাসের নতুন বউ প্রথমবার শ্বশুরবাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে কোন ছেলেই আর স্থির থাকতে পারে?
সবাই তাড়াতাড়ি ঢাকা পাঠিয়ে দিল। ফিরেই চিকিৎসকের কাছে গেলাম। অবস্থা দেখে তিনি কিছু পরীক্ষা দিলেন। প্রথমবার টেস্টে কী এসেছিল, কেউ আমাকে বলল না; শুধু জানানো হলো, পরীক্ষা ভুল আছে। আবার করাতে হবে। বায়োপসি করালাম। এবার করালাম তিনটি হাসপাতালে। এগুলোর একটা থেকে জানানো হলো হজকিন্স লিম্ফোমা, আর দুটো নন-হজকিন্স লিম্ফোমা। লিম্ফোমা? তার মানে ক্যানসার? আমার চারপাশের সাজানো পৃথিবীটা মুহূর্তে খানখান হয়ে গেল।
ক্যানসারের সঙ্গে বসবাস
বাসা থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, আমাকে দেশের বাইরে নেওয়া হবে চিকিৎসার জন্য। আমার বিয়ের তখন ছয় মাসও হয়নি। পল্লবের দিকে তাকাতে কষ্ট হয়। মাঝেমধ্যে বলতে ইচ্ছে করে, ‘তুমি আমাকে ছেড়ে চলে যাও। তোমার সামনে অনেক সুন্দর আর লম্বা পথ। আমি আর পারছি না।’
আমি সিদ্ধান্ত নিলাম বাইরে যাব না। দেশেই চিকিৎসা করাব। মা কান্নাকাটি করে, বাবা মাথায় হাত বুলিয়ে ঠোঁট চেপে কান্না আটকায়। শ্বশুরবাড়ি থেকেও ভালোবাসার কমতি ছিল না। আত্মীয়-বন্ধু সবাই যখন বোঝাতে ব্যর্থ হলো, পল্লব শুধু একটা কথাই বলল, ‘দেখো আশা, তুমি এখন ভাবছ আমরা চিকিৎসা করতে যাচ্ছি? মানুষ বিয়ের পর দেশের বাইরে ঘুরতে যায় না? আমরাও তাই যাচ্ছি।’
মন শক্ত করলাম। আমার মাথায় তখন যতটা চাপ, তার থেকে অনেক বেশি মনে।
২০০৫ সালের ২৩ জুলাই, বিয়ের মাত্র ছয় মাসের মাথায় কলকাতার ঠাকুরপুকুর হাসপাতালে চিকিৎসার জন্য গেলাম। সম্পূর্ণ পরীক্ষা করে জানানো হলো নন-হজকিন্স লিম্ফোমা। চিকিৎসক তাঁর রুমে ডেকে নিয়ে বললেন, ‘আমরা আপনার চিকিৎসা শুরু করতে যাচ্ছি। এতে তিন ধরনের সমস্যা হবে। প্রথমত, আপনি কোনো দিন মা হতে পারবেন না। এর পরেরটা হচ্ছে আপনার চুল, ভ্রু সব পড়ে যাবে। আর তৃতীয় সমস্যাটি একবারেই শরীরের ভেতরের পরিবর্তন। সেটা আপনি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন।’
চিকিৎসকের রুম থেকে বের হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার সঙ্গে কাকা-কাকি আর পল্লব গেছে। আমি কেঁদে কেঁদে কাকাকে রীতিমতো রাজি করিয়ে ফেলেছি দেশে ফিরে আসার জন্য। আমার নিজের একটা সন্তান হবে না? কোমর পর্যন্ত ছড়ানো চুলগুলো আর থাকবে না? আমি করবই না এই চিকিৎসা।
শেষ পর্যন্ত এসব কান্নাকাটি ধোপে টিকল না। শুরু হলো কেমো থেরাপি। সব মিলিয়ে আমাকে আটটি কেমো দেওয়া হলো।
প্রথম কেমো দেওয়ার পর বালিশের দিকে তাকিয়ে দেখি গোছা গোছা চুল। এমন বাঙালি মেয়ে কি আছে, যে চুল ভালোবাসে না?

আমার সেই ভালোবাসার চুলগুলো উঠে যেতে শুরু করল। এরপর ভ্রু। শরীরের চামড়া পুড়ে এত বাজে দেখাত যে আয়নায় তাকালে নিজেরই কেমন গা গুলাত।
পল্লবের কথা খুব ভাবতাম। ছোটবেলার কথা, স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের দিনগুলো উঁকি দিয়ে যেত। ভেবে ভেবে মনে হতো, এ রকম জীবন পল্লবের পাওনা ছিল না। আর দশটা মানুষ যেমন স্বাভাবিক জীবন যাপন করে, ওরও তো সেটাই পাওয়ার কথা ছিল। কিন্তু এসবে বিভ্রান্ত হয়নি পল্লব। আমার পাশে ছিল। মাঝেমধ্যেই ভাবতাম, এখন যদি মরে যাই, শিক্ষা বা কর্মজীবনের বাইরে আমার সব থেকে বড় প্রাপ্তিটা থাকবে আমার সত্যিকারের ভালোবাসা, পল্লব।
কেমোর পর রেডিওথেরাপি দেওয়া হলো ৩৫টি। গলা থেকে বুক পর্যন্ত পুড়ে গেল। মুখের চামড়া উঠে গেল দুবার। কিছু খেতে পর্যন্ত পারি না। পানি খেলেও গলায় ব্যথা লাগে। খাবার বলতে মাত্র ১৫০ মিলিলিটার দুধ খাই। এভাবে গেল আরও দেড় মাস।

সুসময়ের প্রত্যাবর্তন
সব চিকিৎসা মিলিয়ে কেটে গেল পুরো একটা বছর। এরপর আবার পরীক্ষা। এবার রিপোর্ট হাতে নিয়ে পল্লব আর বাবা দৌড়ে বাসায় এল। আমি পেরেছি। ক্যানসারের মতো একটা অসুখ থেকে নিজেকে ফিরিয়ে আনতে পেরেছি আমার সুন্দর জীবনে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, পল্লব আর আত্মীয়-বন্ধুর জীবন্ত আশা হয়েই আমি বেঁচে থাকব আরও অনেক দিন। আমাকে আর কেমো বা রেডিওথেরাপির মতো যন্ত্রণায় যেতে হবে না। কয়েকটা বছর শুধু ভিটামিন খেতে হবে, এ-ই যা!
এরপর আমি সবদিক থেকেই ভালো ছিলাম। শুধু একটা চাপা কষ্ট বয়ে বেড়াতাম সন্তানের জন্য। রাস্তায় ছোট বাচ্চাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। পল্লব আমাকে বারবার বোঝায়, ‘তুমি-আমি বেশ আছি, দরকারই নেই আর কাউকে।’
তবু আমি বুঝতাম। আমাকে কিছু না বললেও একটা খারাপ লাগা তো ওরও আছে। তত দিনে সুস্থ হয়ে চার বছর কেটে গেছে। একদিন জোর করেই ওকে নিয়ে গেলাম এক চিকিৎসকের কাছে। এটা ২০০৯ সালের শেষ দিকের কথা। তিনি পুরো ঘটনা শুনে কিছু ওষুধ দিলেন। এর ঠিক এক বছর পর ২০১০ সালে কোলজুড়ে এল আমার মেয়ে, পরি।
আমার বিয়ে হয়েছে আজ প্রায় নয় বছর। তার প্রথম দিকটা ছিল ভীষণ যন্ত্রণার। এই পুরো সময় আমি সবার অসংখ্য ভালোবাসা, স্নেহ আর প্রার্থনা পেয়েছি। যদিও এখনো ছয় মাস পর পর আমাকে পরীক্ষা করাতে হয়, কিন্তু এর বাইরে আমি ভালো আছি। সুখেই কেটে যাচ্ছে জীবনটা। যে সুখ আমি চেয়েছিলাম, সেটা এখন আমার আছে। ক্যানসার আমাকে আক্রান্ত করেছিল, কিন্তু পরাজিত করতে পারেনি।

নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে
হ্যাপী হোসেন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যানসার বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
শরীরের লিম্ফনোডের ক্যানসারই হলো লিম্ফোমা। এই লিম্ফোমার অনেক ভাগ আছে। সেগুলোর মধ্যে নন-হজকিন্স লিম্ফোমা একটি। আশার কথা হলো, নন-হজকিন্স লিম্ফোমা সম্পূর্ণ নিরাময়যোগ্য। এ ক্ষেত্রে রোগ নিরাময় হলে আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন জীবন স্বাভাবিক মানুষের মতোই চলবে। তবে সম্পূর্ণ ভালো হয়ে গেলেও চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। শারীরিক যেকোনো সমস্যা সম্পর্কে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসককে অবহিত করতে হবে।
অনুলিখন: দিলরুবা শারমিন