আমার গুণে ফ্ল্যাট জিতেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফিফা আক্তার। ছবি: অধুনা
আফিফা আক্তার। ছবি: অধুনা

ছোটবেলায় অনেক কিছুই ভালোবাসতেন। পড়াশোনার পাশাপাশি কখনো নাচ আবার কখনো গানের তালিম নিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সেসব আর চালিয়ে যেতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক বছরের মাথায় বিয়ে হয়। বাবার বাড়ি ছেড়ে চলে আসেন স্বামীর সংসারে। শুরু হয় নতুন জীবন—পড়ালেখা শেষ করার আগেই সন্তানের মা হন। দায়িত্ব বেড়ে যায়। আর সবকিছু ছাপিয়ে কোথায় যেন ঢাকা পড়ে যায় নিজের নামটি। কিন্তু এখন সবাই তাঁকে চেনেন নিজ নামে। যোগ্যতা দিয়েই এই পরিচিতি পেয়েছেন তিনি। বলছিলাম আফিফা আক্তারের কথা। পরিচিত ব্যক্তিরা ডাকেন লিপা নামে।
প্রাণ-আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জিতে নিয়েছেন একটি ফ্ল্যাট। গত বছরের শেষের দিকে প্রাণ-আরএফএল গ্রুপ নারীদের নিয়ে আয়োজন করে এই প্রতিযোগিতা। ‘যেমন কেয়ারিং তেমন ডেয়ারিং’ স্লোগানের এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়জন প্রতিযোগীকে হারিয়ে সেরা নির্বাচিত হন আফিফা। সারা দেশের প্রায় ২৩ হাজার নারীকে নিয়ে শুরু হয় হোম মেকারের বাছাইপর্ব। চ্যানেল টোয়েন্টিফোরে সম্প্রচার করা হয় অনুষ্ঠানের প্রতিটি পর্ব।
অথচ এই প্রতিযোগিতায় আফিফার অংশ নেওয়ার কোনো আগ্রহই ছিল না। আফিফা আক্তার বলেন, ‘টিভিতে বিজ্ঞাপন দেখে মা তাঁর মুঠোফোন থেকে আমার নাম নিবন্ধন করে দেন। এরপর অডিশনের দিন আমাকে যেতে অনুরোধ করেন। কিন্তু একটা বিয়ের দাওয়াত ছিল বলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। হঠাৎ দাওয়াতে যাওয়া বাদ হলো। এরপর ভাবলাম, যাই তাহলে। প্রথম অডিশনে সাধারণ জ্ঞান দিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে টিকে গেলাম। এরপর ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে থাকে।’
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে রান্না, নৃত্য, গান, ট্রেজার হান্ট, খোলা জায়গায় রান্না, পোশাক ডিজাইনসহ নানা পর্ব আফিফা উতরে গেছেন বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। বিবিএ শেষ করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে। আবার নিজেই কিছুদিন পরিচালনা করেছেন একটা বুটিক হাউস। বর্তমানে অনলাইনে পোশাক বিক্রি করেন। আর রান্নাটা শিখেছেন অনেক আগেই মায়ের কাছে।
আফিফা বলেন, ‘আর এসব কারণেই আমার কাছে প্রতিযোগিতাটা মনে হয়েছে বিভিন্ন সময়ে শিক্ষা পাওয়া বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন গ্রুমিং সেশনে নানা ধরনের জ্ঞান অর্জন করেছি। আশা করি, এগুলোকে কাজে লাগিয়ে জীবনটা আরও সুন্দর আর অর্থবহ করে তুলতে পারব।’
ঢাকার উত্তরার মেয়ে আফিফার স্বপ্ন এখন নিজের বুটিক হাউসটি আবার প্রতিষ্ঠিত করা। সেখানে আরও নারীদের কাজের সুযোগ করে দেওয়া। আর সেই লক্ষ্যেই কাজ শুরু করছেন। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে স্বামী আর সন্তানকে নিয়ে তাঁর বসবাস।